দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
সাইফুল ইসলাম ফাহাদ:
কুমিল্লার দেবিদ্বারে ফুটপাত দখল করে ডিম বিক্রি এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ডিম ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
পথচারীদের চলাচলে ভোগান্তি কমাতে এবং জনসাধারণের ব্যবহৃত ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।