,

ধর্মসাগর পাড়ে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2018
news-image

আশিকুর রহমান আশিক/মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা নগরীর ধর্মসাগর নগর পাড় এলাকায় সিহাব উদ্দিন অন্তু (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে কয়েকজন যুবক।

নিহত সিহাব উদ্দিন অন্তু বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের হুমায়ন কবিরের ছেলে। নগরীর রেইসকোর্স এলাকায় তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সে অজিত গুহ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (১০ জুলাই) রাত ৮ টায় হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ৯ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বাসা থেকে অন্তুকে তার কয়েকজন যুবক ডেকে ধর্মসাগর পাড়ে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সিহাব উদ্দিন অন্তুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবকরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, ঘাতকদের পরিচয় জানা যায়নি। আমাদের তদন্ত চলছে।