নতুন প্রজন্মের আবৃত্তি ‘আপন আলোয়’ পরম্পরায় নতুন অধ্যায়
নিজস্ব প্রতিবেদক:
নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের নিয়মিত মঞ্চচর্চার সুযোগ করে দিতে পরম্পরায় আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিক আবৃত্তি অনুষ্ঠান ‘আপন আলোয়’ পর্ব দুই, ঋতু এক। বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে এ অনুষ্ঠানে পরম্পরায় নির্বাচিত ছয়জন নতুন প্রজন্মের শিল্পী দেড় ঘণ্টাব্যাপী আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠান শুরু হয় কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোকপ্রজ্বলনের মধ্য দিয়ে। আলোকপ্রজ্বলন পর্বে উপস্থিত ছিলেন সম্প্রতি জাতীয় নজরুল পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও গবেষক ড. এ জেড এম ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক স্বপন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক কাজী আপন তিবরানী, কবি ও প্রকাশক হালিম আবদুল্লাহসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এরপর আপন আলোয় পর্ব -২ এর নির্বাচিত শিল্পীরা প্রাণবন্ত আবৃত্তি করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
নির্বাচিত শিল্পীরা হলেন অনিরুদ্ধ দত্ত অংশু, ফারহিনা এমরান ভুঁইয়া রিদম, ফাইরুজ ফাবি আলা ভুঁইয়া, রাজদ্বীপ সাহা প্রিয়াস, অনয় চক্রবর্তী ও নওশীন নাওয়াল আরিয়া।
ছয় শিল্পীর অনবদ্য পরিবেশনা শ্রোতাদের প্রশংসা কুড়ায়।
পরম্পরায়’র পরিচালক দেশবরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন বলেন, বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে ‘আপন আলোয়’ একটি ভিন্নধর্মী প্রয়াস। আমার দীর্ঘ তিনযুগের অভিজ্ঞতার ধারাবাহিকতায় নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এই মঞ্চ তৈরি করার উদ্যোগ নিয়েছি।
আবৃত্তি পর্ব শেষে পরম্পরার উদ্যোগে গত সপ্তাহে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় একশত প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক বরেণ্য আবৃত্তিশিল্পী রুবেল কুদ্দুস, পরম্পরায়’র সহ-প্রশিক্ষক এবং আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, কুমিল্লা প্রেস ক্লাবের সহ- সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ, আমিন তানভীর, আবৃত্তিশিল্পী সুলতানা পারভিন দিপালি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল আমিন, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির যুগ্ম সম্পাদক এস এ এম আল মামুন, চিত্রশিল্পী সমীর দেবনাথ, থিওসফিস্ট সোসাইটির সদস্য সচিব চন্দন দাস প্রমুখ।
নতুন প্রজন্মের শিল্পীদের নিয়মিত মঞ্চচর্চার সুযোগ সৃষ্টি এবং এক প্রজন্মের অভিজ্ঞতা থেকে অন্য প্রজন্মের কাছে আবৃত্তির শিল্প-পরম্পরা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘আপন আলোয়’ ধারাবাহিক আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান সামগ্রিক সঞ্চালনা করেন পরম্পরায় শিক্ষার্থী আরাধ্যা দত্ত, নাফিজা তাসনীম, নবণীতা ও প্রত্যাশা।