বরুড়ায় গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও গ্রামীণ সংস্কৃতির মেলা
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শোলাপুকুরিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে সামাজিক সংগঠন গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী পুনর্মিলনী ও ঈদ আনন্দ উৎসব উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজন ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সকালে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শুরু হয় গ্রামীণ ঐতিহ্যভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আধুনিকতার পরিবর্তে গ্রামীণ কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ায় আয়োজনটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ৫৫ ঊর্ধ্ব মুরুব্বিদের জন্য ‘পাতিল ভাঙা’ এবং বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য ‘পুকুরে হাঁস ধরা’। তরুণদের জন্য ছিল ‘১০ বার ঘুরে ফুটবল কিক করে গোল দেওয়া’ খেলা, যা উপস্থিত দর্শকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করে। এছাড়া নারীদের জন্য ‘বালিশ বদল’ এবং শিশুদের জন্য ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে খুদে শিক্ষার্থীদের সৃজনশীলতা ফুটে ওঠে।
বিকেলে অনুষ্ঠিত হয় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা। এ সময় এলাকার ৭০ ঊর্ধ্ব প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এসপি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রবাসী মাস্টার মোঃ বশির উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং আইন বিষয়ক সম্পাদক এসআই আবু ফয়সাল।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্রীড়া সম্পাদক মোঃ দিদার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান সায়েম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল ইসলাম রবিন। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে উন্মুক্ত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন শুধু উৎসব আয়োজনেই সীমাবদ্ধ নয়; বরং অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি গ্রামের মানুষের মাঝে ঐক্য, শান্তি ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।