,

মুরাদনগরে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩নং আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তরপাড়া এলাকার খায়ের মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা। এ সময় তার সঙ্গে এএসআই মোঃ আল আমিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোঃ আল আমিন (৩৪) নামের এক ব্যক্তির কাছ থেকে ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়া মোঃ হাবিবুর রহমান ওরফে হাবু মিয়া (৭০) নামের আরেকজনের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে পলাতক আসামি খায়ের মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে আরও ৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট ৮ বোতল বিদেশি মদ (প্রায় ২ দশমিক ৭২৫ লিটার), ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা এবং একটি বাটন ফোন।

গ্রেফতারকৃতরা হলেন- হায়দরাবাদ এলাকার মোঃ আল আমিন (৩৪) ও মোঃ হাবিবুর রহমান @ হাবু মিয়া (৭০)। এছাড়া একই এলাকার খায়ের মিয়াকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তারিখ ১৩ মে ২০২৬। মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ জানায়, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।