রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় দুর্বৃত্তের আগুনে যুবদল নেতার বাড়ি পুড়ে ভস্মীভূত

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২৬
news-image

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে ইউনিয়ন যুবদল নেতার বসতঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর সাব বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. খবির আহাম্মদ ওই এলাকার মরহুম আলী আহাম্মদের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির নিচতলার ড্রয়িং রুমের জানালার গ্লাস ভেঙে ভেতরে আগুন নিক্ষেপ করে সোফায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন আসবাবপত্রে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ড্রয়িং রুমের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

এ সময় খবির আহাম্মদ ব্যবসায়িক কাজে ঢাকায় থাকলেও তার স্ত্রী ও দুই সন্তান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তারা অক্ষত অবস্থায় বের হয়ে আসেন।

খবির আহাম্মদ অভিযোগ করে বলেন, স্থানীয় মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন করে আসছিলেন তিনি। বিশেষ করে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

লিখিত অভিযোগ না করার কারণ জানতে চাইলে খবির আহাম্মদ বলেন, তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। বর্তমানে বাড়ির পথে রয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।