,

ব্রাহ্মণবাড়িয়ায় মাকে মারধর করায় মাদকাসক্ত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাকে মারধর করায় আবু কাউসার (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আবু কাউসার ওই এলাকার মৃত জুরু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে পৃথ্বীরাজ চৌহান ও স্ত্রী আনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আবু কাউসার মাছের ব্যবসা করতেন। তিনি মাদকাসক্ত হয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় স্ত্রীকে মারধর করলে ছেলে পৃথ্বীরাজ চৌহান প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা আবু কাউসারকে ছুরিকাঘাত করেন পৃথ্বীরাজ। পরে আবু কাউসারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে পৃথ্বীরাজ চৌহান ও তার মা আনোয়ারা বেগমকে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।’