,

লাকসামে ৩ ব্যবসায়ি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2018
news-image

সেলিম চৌধুরী হিরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় এক হাজার চারশত টাকার জন্য ৩ ব্যবসায়িকে হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ড দিয়েছে কুমিল্লার আদালত।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এই আদেশ দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, লাকসাম শ্রীয়াং এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান (২৫), ইয়াকুব আলীর ছেলে মো: শহিদুল্লাহ সহিদ (২৭), আবদুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩০), মো: সেলিমের ছেলে মো: রাসেল (৩০) এবং মোহাম্মদ উল্লাহ এর ছেলে মো. স্বপন (৩০)। এই মামলার পাঁচ আসামিই পলাতক রয়েছে।

নিহত উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ মনোহরগঞ্জ উপজেলা প্রতাপপুর গ্রামের মণিন্দ্র দেবনাথের ছেলে। এছাড়া বাচ্চু মিয়া লাকসাম জগতপুর গ্রামের সামছুল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু তাহের জানান, ২০০৭ সালের ৬ জানুয়ারি লাকসাম উপজেলার শ্রীয়াং বাজারে দোকান বন্ধ করে কাঁচামাল ব্যবসায়ি উত্তম দেবনাথ (২৭), পরীক্ষিত দেবনাথ (১২) এবং পান ব্যবসায়ী বাচ্চু মিয়া (৩৫) ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার সময় শ্রীয়াং এবং রাজাপুর রাস্তার বদিরপুকুর নামক স্থানে পৌঁছলে আসামিরা ডাকাত পরিচয় দিয়ে মাত্র ১৪শ’ টাকার জন্য রাস্তার পাশে ফসলি জমিতে নিয়ে তিনজনকে গলা কেটে হত্যা করে।
এরপর ওই বছরের ৭ জানুয়ারি নিহত বাচ্চুর ছোট ভাই কবির হোসেন বাদি হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে দীর্ঘ ১০ মাস তদন্ত শেষে লাকসাম থানা পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে ৫ আসামি ফারুক হোসেন, আবদুর রহমান, শহীদ, স্বপন ও রাসেলকে মৃত্যুদন্ড দেয় আদালত।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন, অ্যাড. মো: আবু তাহের এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. নাঈমা সুলতানা মুন্নি।