,

শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের টিকে থাকা কঠিন হবে: ছাত্রশিবির সভাপতি

আজকের কুমিল্লা ডট কম :
September 9, 2026
news-image

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনে সরকার কারচুপি করলে তা মারাত্মক ভুল হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, “সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকা পথ। এই পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।”

শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের টিকে থাকা কঠিন হবে: ছাত্রশিবির সভাপতি

বুধবার সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফসুর সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক ছাত্রশিবির সভাপতি ড. মোবারক হোসেন, মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া এবং ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আকিব।

ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচন দেবে না—এটা বোঝা যাচ্ছে। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেমে বিশ্বাস করে না এবং দলেও গণতান্ত্রিক চর্চা করে না বলে তিনি মন্তব্য করেন। তবে সরকার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে বলে তারা আশা করছেন।

তিনি বলেন, ছাত্রশিবির নির্বাচন নিয়ে তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের টিকে থাকা কঠিন হবে: ছাত্রশিবির সভাপতি

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি বলেন, অন্ধ দলীয়করণ ও বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে। সরকারকে এ পথ থেকে ফিরে এসে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ১১ দলের লংমার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সম্পন্ন হয়েছে। এটিকে তিনি একটি ‘আইকনিক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন। আগামী ১৯ তারিখে আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।