হোমনায় গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি গ্রেফতার
রাসেল আহমেদ, হোমনা:
কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়িসহ মো. মোশারফ হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের মুন্সীকান্দি কবরস্থানের সামনে ছিনাইয়া-মেঘনা পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৮নং পৌর ওয়ার্ডের ভোষনা (সরকার বাড়ি) এলাকার মনির সরকারের ছেলে।
পুলিশ জানায়, হোমনা থানার এসআই (নিঃ) ইছমাইল হোসেন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হোমনা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেন। পরে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে হোমনা থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।