মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৭ আসনে জামানত হারালেন দুই প্রার্থী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামানত হারালেন দুই প্রার্থী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১০৫ কেন্দ্রের ফলাফল তালিকা পর্যালোচনা করে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীই জামানত হারিয়েছেন।

তারা হলেন- হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী ও ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়পত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে ওই আসনের মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়ে তার জমা করা টাকা সরকারি কোষাগারে জমা হবে।

১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ১৬৬। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ১০৫ কেন্দ্রে সর্বমোট ভোট পড়ে ১ লাখ ৮৬ হাজার ১২০টি। সেই হিসাবে প্রাপ্ত ভোটের ১২ দশমিক ৫ শতাংশ হারে জামানত বাঁচাতে কোনো প্রার্থী কমপক্ষে ২৩ হাজার ২৬৫টি ভোট পেতে হবে। ওই আসনে প্রতিদ্বন্দ্বিকারী পাঁচ প্রার্থীর মধ্যে ২টি প্রার্থী সেই লক্ষ্যে পৌঁছতে না পারায় তারা জামানত হারাবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী ২টি কেন্দ্রে জয় লাভ করে সর্বমোট ভোট পান ১৪ হাজার ২৭৭টি এবং সব কুমার কর ভোট পেয়েছেন ২৬১টি। প্রার্থী সজল কুমার কর ১৫টি আসনে কোনো ভোটই পাননি।

এ আসনে কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৮৭১টি পোস্টাল ভোটসহ সর্বমোট ৯১ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে ৫৮৪টি পোস্টাল ভোটসহ সর্বমোট ভোট পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের ১১ দলীয় জোট প্রার্থী মাও. সোলাইমান খাঁন ১ হাজার ৭২২ পোস্টাল ভোটসহ মোট ২৬ হাজার ৩১৯ ভোট পেয়ে তৃতীয় হন।