,

চৌদ্দগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার ঃকুমিল্লার চৌদ্দগ্রামে বদিউল আলম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কেচকিমুড়া উত্তরপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে এবং মহাসড়কের যমুনা পরিবহনের সাবেক লাইনম্যান।

শনিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১০ ঘটিকায় নিহতের বাড়ির পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত বদিউল আলমের মা হালিমা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০ ঘটিকার সময় বাড়ির পাশে বদিউল আলমকে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এসময় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে বদিউল আলমের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম জানান, নিহত বদিউলকে রাত ১ ঘটিকায় স্বজনরা এ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে আসে। এসময় বদিউলের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তা মা বাদী হয়ে ৩জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।