,

নাঙ্গলকোটের ঝাটিয়াপাড়া থেকে পূর্ব বামপাড়া সড়কের বেহাল দশা

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2021
news-image

 

আব্দুর রহিম বাবলু :
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ঝাটিয়াপাড়া থেকে পূর্ব বামপাড়া সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। গত কয়েক বছর থেকে সড়কটির বেহাল দশা বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এদিকে নজর নেই। সড়কটিতে কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে ছোট বড় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, নাঙ্গলকোট উপজেলার ঝাটিয়াপাড়া বাজার থেকে পূর্ব বামপাড়া সড়কটিতে বড় বড় খানা-খন্দ ভরা । খানা-খন্দে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষজনকে জলাবদ্ধতার মধ্য দিয়ে সড়কটি পার হতে দেখা যায়। এছাড়া এ খানা-খন্দ উপেক্ষা করেও থেমে নেই সড়কে যান চলাচল। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটির সর্বত্র খানা-খন্দে বেহাল অবস্থা বিরাজ করছে।চৌদ্দগ্রাম থেকে পূর্ব বামপাড়া, বেল্টা, ঝাটিয়া হয়ে নাঙ্গলকোট যাওয়ার একমাত্র রাস্তা এটি। একটু বৃষ্টি হলেই সড়কটি যেন মরণফাঁদে পরিনত হয়।

উক্ত সড়কে চলাচলকারী একাধিক ব্যাক্তি বলেন, সড়কটিতে ছোট বড় খানা-খন্দের কারণে সড়কটি আমাদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি দিয়ে যাতায়াতে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।