বুড়িচংয়ে চোখের সামনেই সব হারিয়ে বাকরুদ্ধ বানভাসীরা
কুমিল্লার বুড়িচং উপজেলায় তীব্র বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোমতী নদীর বাঁধের বুড়বুড়িয়া এলাকার একটি অংশ ধসে পড়ার পর এ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রবল পানির স্রোতে দ্রুত লোকালয়ে পানি ঢুকে পড়ছে।
ফলে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। অনেকেই আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছেন, তবে সেখানে থাকা নিরাপদ নয় বলে জানিয়েছেন তারা। ইতোমধ্যে অনেক বাড়ির নিচতলা পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে ছোট একটি গর্ত দিয়ে গোমতী থেকে পানি ঢুকতে শুরু করে। এর কিছু পরই বাঁধের একটি অংশ ধসে পড়ে। পরে প্রবল স্রোতে পানি ঢুকতে থাকে লোকালয়ে। মুহূর্তেই বুড়িচং উপজেলার ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশিমুল ও রাজাপুর ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লবিত হয়। বাঁধ সংলগ্ন বাসিন্দাদের ঘরে জিনিসপত্র পানির স্রোতে ভেসে গেছে। চোখের সামনেই সব হারিয়ে বাকরুদ্ধ অনেকেই।
সালমা বেগম নামে কিশোরী জানান, মা-বাবাসহ গ্রামের অন্তত ২৫০ মানুষ শিকারপুর হাজী মার্কেট বুড়িচং ফাতেমা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানে পানিতে নিচতলা তলিয়ে গেছে। এখন সবাই দ্বিতীয় তলায় আটকা পড়েছে।
বুরবুড়িয়া এলাকার সিএনজি চালক ফরহাদ বলেন, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। রাতে বুরবুড়িবাঁধ ভেঙে আচমকা প্রবল বেগে পানি ঢুকে পড়ায় ঘরের কিছুই বাঁচাতে পারি। এক কাপড়ে ঘর থেকে কোলের শিশুকে নিয়ে বের হয়েছি।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিদা আক্তার জানিয়েছেন, উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে রাতে বাঁধ উছলে পানি আসছিল। হঠাৎ করে রাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। অবস্থা খুবই আশঙ্কাজনক। যারা এখনও নিরাপদ স্থানে আশ্রয় নেননি তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি।