,

চৌদ্দগ্রামে একই দিনে পৃথক স্থানে দুই নারীর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2021
news-image

 

শাহরিয়ার ইমন জয়:

কুমিল্লা চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে শনিবার (১০ এপ্রিল) রাতে পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ইউনিয়নের নিলক্ষীবিষ্ণুপুরের মৃত আবিদ আলীর স্ত্রী ছফুরা খাতুন (৭০) রাতে ঘরের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। ছফুরা খাতুনের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা যায়, জমি-জমা নিয়ে বড় ছেলে ও ছেলের বউয়ের সাথে দীর্ঘ দিন বনি-বনা না হওয়ায় বড় ছেলে, ছেলের বউ এবং ১৭ বছর বয়সী নাতিকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি জিডি ও করেন তিনি ।

শনিবার গ্রাম্য সালিশির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু ছফুরা খাতুন সালিশের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম পুলিশের এস আই কামাল হোসেন মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

অপর দিকে, একই ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের হাবিব উল্ল্যার মেয়ে আসমা আক্তার (২২) গত (৮ এপ্রিল) বড় ভাইয়ের সাথে মনমালিন্য হলে ঘরে থাকা আগাছার ঔষুধ পান করেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিন চিকিৎসার পর ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার দুপুরে আসমা মৃত্যু বরণ করেন। এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়। লাশের ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করলে রাতেই দাফন সম্পন্ন করা হয়।