,

পলক কাঠগড়ায় দাঁড়িয়ে জানালেন ঈদ মোবারক

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক সবার উদ্দেশে বলেন, ‘ঈদ মোবারক’।

ঢাকার যাত্রাবাড়ী থানায় অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ডে নিতে পুলিশ আবেদন করে। শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “এই আসামি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানাচ্ছি।”

পলকের পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশে বলেন, “ঈদ মোবারক।” পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তখন তিনি নীরব ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে মিটফোর্ড হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম গত ৮ সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র: ইত্তেফাক