,

ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠানের অতিথি মঞ্চে একসাথে বিএনপি ও আ’লীগ নেতৃবৃন্দ

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2025
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের বল্লভপুর মানবিক সংগঠনের ব্যানারে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের অতিথি মঞ্চে একসাথে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ।

সোমবার (৯ জুন) বিকেল ৫ টায় বল্লভপুর প্রাইমারি স্কুল মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপুর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার কাউছার, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম নাঈম। এছাড়া উদ্বোধক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ি মো: ওসমান গনি ও বিশেষ অতিথি হিসেবে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের নাম ব্যানারে থাকলেও তারা উপস্থিত ছিলেন না।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এক মঞ্চে বিএনপি-আওয়ামী লীগের নেতাদের একত্রে উপস্থিতি ও পুরষ্কার বিতরণ করাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মহানগরজুড়ে। এ ঘটনা বেশ বির্তকের জন্ম দিয়েছে।

স্থানীয়দের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা রাজনীতিতে থাকতেই পারে। দূরত্ব কমিয়ে একত্রে থাকলে রাজনীতিতে সুষ্ঠু-অবাধ পরিবেশ বিরাজ করবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, মানবিক সংগঠনের ব্যানারে এভাবে এক মঞ্চে অবস্থান করাটা লজ্জার। বিগত ১৫ বছর ধরে আমরা বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারিনি। অসংখ্য মামলায় জেল খেটেছি। আদালতে ঘুরতে ঘুরতে দিন শেষ হইতো। সেই স্বৈরাচার আজও আমাদের নেতাদের সাথে এক মঞ্চে অতিথির আসন অলংকৃত করে।

এ বিষয়ে জানতে ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেনের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মুঠোফোনে জানান, এ অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না। আমি ছিলামও না।