ইরানের হামলায় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার জ্বলছে, নিহত ৩
হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ নিশ্চিত করেছেন যে, গত সোমবার (১৬ জুন) সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন কর্মী নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করছিলেন। মেয়র স্থাপনাটির তাৎপর্য উল্লেখ করলেও প্রথমে সরাসরি তেল শোধনাগারের নাম প্রকাশ করেননি।
পরবর্তীতে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, হামলাটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে হয়েছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, যা উদ্ধারকারী দলের কাজকে ব্যাহত করে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালান ঘণ্টার পর ঘণ্টা, কিন্তু অগ্নিকাণ্ডের কারণে অপারেশন জটিল হয়ে ওঠে।
হাইফার মেয়র আরও জানান, হামলায় শহরের বেশ কয়েকটি বাসগৃহ ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুধুমাত্র চারজন হালকা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসরায়েলি পুলিশ সূত্রে জানা গেছে, হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি প্রতিবেদন করতে আসা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।
হাইফা শহরে তেল শোধনাগার, একটি প্রধান বন্দর ও নৌঘাঁটিসহ বেশ কিছু কৌশলগত স্থাপনা অবস্থিত। ফলে এই অঞ্চল রক্ষায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তবে ইরান সমর্থিত গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামলা চালাতে সক্ষম হয়েছে।
এই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ হাইফা ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। ক্ষয়ক্ষতি কমানো ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল