কুমিল্লায় বিভিন্ন মামলায় ৬৫ জনকে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত ৩৯টি বিশেষ অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা উদ্ধারসহ সর্বমোট ৬৫ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
শুক্রবার কুমিল্লা জেলার সকল থানার উদ্যোগে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ব্যাপক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।