নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে চুরি, ছাদে মাদক সেবনের অভিযোগ
নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে কাতারপ্রবাসী দুই ভাইয়ের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে গত এক মাস ধরে রাতের আঁধারে অপরিচিত ব্যক্তিরা পাশের ভবনের ছাদ থেকে কাঁঠালগাছ বেয়ে ওই বাড়ির ছাদে উঠে মাদক সেবন করছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। চুরি ও ছাদে অপরিচিতদের আনাগোনায় প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপদুয়া গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে কাতারপ্রবাসী কাজী জাফর ও তাজুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে বলে দাবি পরিবারের।
পরিবারের অভিযোগ, রাতের কোনো একসময় মাদক সেবনকারী ব্যক্তিরা পাশের ভবনের ছাদ থেকে কাঁঠালগাছ বেয়ে তাদের বাড়ির ছাদে ওঠেন। সেখানে মাদক সেবনের পর তারা ঘরে প্রবেশ করে। এ সময় কাজী জাফরের স্ত্রী তামান্না বেগমের ব্যবহৃত একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আলমারিতে রাখা দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
কাজী জাফরের স্ত্রী তামান্না বেগম বলেন, আমার স্বামী ও ভাসুর দুজনই কাতারপ্রবাসী। বাড়িতে আমরা সন্তান ও শাশুড়িকে নিয়ে থাকি। গত এক মাস ধরে রাতের বেলায় কে বা কারা পাশের ভবনের ছাদ থেকে কাঁঠালগাছ বেয়ে আমাদের বাড়ির ছাদে উঠে মাদক সেবন করছে। মঙ্গলবার রাতেও কয়েকজন ছাদে উঠে মাদক সেবন করে। পরে তারা ঘরে ঢুকে একটি আইফোন ও আলমারিতে থাকা দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতা চাই।
কাজী জাফরের মা রোকেয়া বেগম বলেন,রাতে বাড়ির ছাদে অপরিচিত লোকজনের চলাচল ও মাদক সেবনের ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে আছি। পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় প্রতিবেশী রুবেল বলেন, এলাকায় কারা মাদক সেবনের সঙ্গে জড়িত, তা প্রশাসন ও স্থানীয় অনেকেরই জানা রয়েছে। সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হলে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি চুরি-ছিনতাইও কমানো সম্ভব।
এলাকাবাসী জানান, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং মাদক সেবন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।