দাউদকান্দিতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লাার দাউদকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় হয়।
সভায় নবাগত ইউএনও জাকির হোসেন বলেন, আপনারা (সাংবাদিকরা) দাউদকান্দি উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা, ভূমি সেবা, মাদক, খাদ্যে ভেজালসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
দাউদকান্দির উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা কামনা করেন।
নবাগত ইউএনও বলেন, আপনারা সহযোগিতা করলেই আমি ভালো কাজ করতে পারব। আমি চাই দাউদকান্দি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপ দিতে।
তিনি সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাকে রাঙ্গামাটি জেলার বিলাইছরি থেকে দাউদকান্দি উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা টিপু সুলতান, দাউদকান্দির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাকর্মীরা উপস্থিত ছিলেন।