,

মেঘনা-দাউদকান্দিতে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িতদের তালিকা চাইলেন এমপিপূত্র

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2026
news-image

মেঘনা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা ও দাউদকান্দি উপজেলায় বিভিন্ন কমিটি গঠন, প্রতিষ্ঠান পরিচালনা কিংবা অন্য কোনো অজুহাতে চাঁদা দাবি বা আদায় এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঘটনার বিবরণ ও প্রমাণসহ তালিকা চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ও কুমিল্লা-১ (মেঘনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডা. খন্দকার মারুফ হোসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মারুফ হোসেন লেখেন, মেঘনা ও দাউদকান্দি এলাকায় এসব অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঘটনার বিবরণ ও প্রমাণসহ একটি তালিকা তৈরি করে গোপনীয়ভাবে তাঁর কাছে দিতে হবে। অভিযোগ যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তবে ব্যক্তিগত বিরোধ বা বিদ্বেষের কারণে কাউকে তালিকাভুক্ত করা যাবে না। চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।