বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বরুড়া উপজেলায় মোবারক হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি কমিউনিটি ক্লিনিকের পেছনে বাঁশঝাড়ের মধ্যে তাঁর মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলে একটি ছুরিও পাওয়া গেছে।
জানা যায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মোবারক হোসেন নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে তাঁর মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত তথ্য যুক্ত করা হবে।