All posts by jitu

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড!

ডেস্ক রিপোর্ট:

এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে দল ঘোষণা হয়নি। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

তামিমের বদলে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। লিটন দাসের সঙ্গে তারই ওপেন করার কথা।

এদিকে জানা যায়, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব।

এদিকে জানা গেছে, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব। সেক্ষেত্রে পঞ্চম পেসার হিসেবে খালেদ আহমেদের সুযোগ মিলবে না।

তামিম-সাকিব দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে মাশরাফির বৈঠক

তামিম-সাকিব দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে মাশরাফির বৈঠক

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ দল ঘোষণার আগেরদিন (সোমবার) থেকেই নানা নাটকে মুখর বাংলাদেশ ক্রিকেট। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। এমন অবস্থায় আজ মঙ্গলবার কিছু সময় পরই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক তার আগে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন মাশরাফি। এরপর মিনিট ত্রিশেক পরেই বিসিবিতে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে সাকিব তামিম ইস্যুতেই মাশরাফি বিসিবিতে হাজির।

বিসিবি ভবনে মাশরাফি প্রবেশ করার পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। জানা গেছে, কিছুক্ষণ পর মাশরাফির সঙ্গে বৈঠক করবেন পাপন এবং ইস্যুটা চলমান সাকিব-তামিম দ্বন্দ্ব।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম। যার কারণে শেষ ম্যাচে বিসিবি তাকে বিশ্রামে দেয়। তবে বিপত্তি বেধেছে তামিমের ব্যতিক্রমী চাওয়ায়। বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশসেরা এই ওপেনার। বিসিবি বস পাপনকে এই কথা জানাতেই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সাকিব। তামিমের চাওয়া মানা হলে বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন।

এরপর গতকাল রাতে পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পৌনে এক ঘণ্টার সেই বৈঠক শেষে তারা বেরিয়ে গেলেও সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আনফিট তামিমকে বিশ্বকাপ দলে চান না সাকিব-হাথুরু। সাকিব নাকি এমনও বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না। সব জল্পনা ও নাটকীয়তার অবসান হবে আর কিছু সময় পরই। আজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর আগামীকাল ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টিম টাইগার্স।

৭০ বছর বয়সে আবারও বিয়ে করলেন হাল্ক হোগান

৭০ বছর বয়সে আবারও বিয়ে করলেন হাল্ক হোগান

ডেস্ক রিপোর্ট:

৭০ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করলেন মার্কিন অভিনেতা ও কিংবদন্তী রেসলার হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে দাম্পত্য জীবনে জুটি বাঁধলেন তিনি।

শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে একটি চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় তাদের পরিবারের সদস্যরাই কেবল উপস্থিত ছিলেন। তবে বাবার বিয়েতে হাজির ছিলেন না হোগানকন্যা ব্রুক (৩৫)।

বিয়েতে একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন হোগান। অন্যদিকে স্কাই ডেইলি পরেছেন সাদা রঙের গাউন। পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক ডেইলির সঙ্গে একটি পার্টিতে পরিচয় হয় হোগানের। সেখান থেকেই বেশ কিছুদিন প্রেমের পর চলতি বছরের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন এই জুটি।

১৯৮৩ সালে লিন্ডা হোগানকে বিয়ে করেন হাল্ক হোগান। ২০০৯ সালে ভেঙে যায় এ সংসার। দীর্ঘ ২৬ বছরের সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। ২০১০ সালে জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাল্ক। ২০২১ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই।

দ্বিতীয় সংসার ভাঙার পর স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান হাল্ক। স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার ৯ বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে।

হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলেও মনে করেন।

একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে খালেদা জিয়াকে নিয়ে উদ্বিগ্ন : মির্জা আব্বাস

একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে খালেদা জিয়াকে নিয়ে উদ্বিগ্ন : মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিজয় আনন্দ করছি।

আমার মনে হচ্ছিল ঈদের আগে চাঁদ রাত পালন করছি। একদিকে বিজয় আনন্দ, আরেক দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন।

তিনি জানান, খালেদা জিয়ার পক্ষে বারবার আবেদন করা হলেও সরকার থেকে বিদেশের চিকিৎসা দিতে সুযোগ দিচ্ছে না।

মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস জানায়, আমি ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত অসুস্থ্য। আমি তখন ম্যাডামকে বলে এসেছি সারাদেশবাসী অত্যন্ত চিন্তিত। মানুষ আপনার জন্য দোয়া করছেন। সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো।

তিনি জানান,দেশের অর্থনীতির খুব খারাপ অবস্থা। বাংলাদেশে এখন ডলারের রিজার্ভ নেই বললেই চলে। অর্থনীতিবিদরা বলছেন, ২০০৯ সালে বাংলাদেশের ঋণ খেলাপি ছিল ২১ হাজার কোটি টাকা। আজকে বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ ১০৯ হাজার কোটি টাকা। এই টাকা কে খেল, এই টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা কোথায় গেল জনগণ জানতে চায়?

সরকার পতনের একদফা দাবিতে এবার ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। ১৬০ কিলোমিটার দীর্ঘপথে মাগুরায় ২টি, যশোরে ৩টি ও খুলনার প্রবেশমুখে একটি পথসভা হবে। খুলনা শহরের শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি’র স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ দাবিতে ১৯শে সেপ্টেম্বর থেকে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট ও বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত চারটি রোডমার্চ করেছে তারা। এ ছাড়া রাজধানীতে একাধিক সমাবেশ করেছে তারা।

এদিকে আগামী ১লা অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩রা অক্টোবর ফরিদপুর বিভাগে ও ৫ই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত বীর মুক্তিযোদ্ধা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার বাসিন্দা।
সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানায়, নিহত শফিক জেলা শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে তার ছেলের দোকানে যাচ্ছিলেন। পথে বিশ্বরোড মোড়ে নেমে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় কুট্টাপাড়ায় সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন সাকিব আল হাসান!

অধিনায়কত্ব ছাড়তে চাচ্ছেন সাকিব আল হাসান!

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ খেলতে একদিন পরই উড়াল দিতে হবে ভারতের উদ্দেশ্যে। অথচ এর আগে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে।

শুরুতে সেটি ছিল তামিম ইকবালের খেলা বা না খেলা নিয়ে। এই উদ্বোধনী ব্যাটার পাঁচ ম্যাচ খেলতে চান, এমন খবর ছড়ালেও বিষয়টি ছিল ভিন্ন। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করে পিঠে অস্বস্তি বোধ করার কথা জানান তিনি।

সেটিই পরে নির্বাচকদের কাছে জানিয়েছেন বিসিবি সভাপতি। যাতে অস্বস্তিতে পড়েছে নির্বাচক প্যানেলও। এখন আবার নতুন আলোচনা তৈরি হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। জানা যায়, বিশ্বকাপে অধিনায়কত্ব করতে চান না এই অলরাউন্ডার। এশিয়া কাপের সময়ই নেতৃত্ব দিতে না চাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন সাকিব।

সেখানে অবশ্য তামিম ইকবাল কোনো ইস্যু নন বলেই বিভিন্ন সূত্রের দাবি। বিশ্বকাপে ভালো করতে পারবে না দল, এমন ভাবনা থেকেই সরে দাঁড়ানোর চিন্তা সাকিবের। সঙ্গে কিছু ব্যক্তিগত বিষয়ও রয়েছে। তবে বিশ্বকাপের ঠিক আগে সাকিবকে নেতৃত্ব রাখতে চাচ্ছে বিসিবি।

এ নিয়েই সোমবার দিবাগত রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করা অলরাউন্ডারকে বোঝানোর চেষ্টা করেছেন তারা। মঙ্গলবারও একই চেষ্টা চলবে বলে জানা গেছে।

শেষ অবধি সাকিব অধিনায়কত্ব না করলে কে দেবেন নেতৃত্ব? এ আলোচনায় সবার আগে আসার কথা লিটন দাসের। তিনি দলের সহ-অধিনায়কও। তবে অফ ফর্মে থাকা এই ব্যাটার এখন নেতৃত্ব নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে এগিয়ে আছেন তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত।

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট:

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়া যায়। ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলক অনেক বেশি।

তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ। স্যামসাং, সনি, মটোরোলা-এর অসংখ্য ফোন আছে এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ অ্যাপ-

স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।

এর আগে এ বছরে কয়েক দফায় পুরোনো অনেক ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে সংস্থাটি। মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে মিলল দুই নারী-শিশুর লাশ

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে মিলল দুই নারী-শিশুর লাশ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে মহিদুল ইসলাম (৯) নামের এক শিশু ও মাকসুদা বেগম (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে মৃতের স্বজনরা। সোমবার উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে কাশিমপুর গ্রামের ঠাকুর বাড়ির পুকুর থেকে আর হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের গাজীবাড়ি সংলগ্ন খালের পানি থেকে মাকসুদার মরদেহ উদ্ধার করা হয়। তারা দুজনই পানিতে ডুবে মারা গেছেন।

মৃত মাকসুদা হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের খন্দকার বাড়ির মো. মামুন হোসেনের স্ত্রী। তার এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে সাইকেল নিয়ে খেলাধুলা করছিল শিশু মাহিদুল ইসলাম। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। এরপর বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান তারা।

এদিকে রবিবার মাকসুদা বেগম চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে লাওকরা গ্রাম থেকে মৈশাইদ গ্রামে আসেন। বিয়ের দিন সোমবার সকালে চাচাতো বোনের বাড়িতে সাঁকো পার হয়ে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যান। দীর্ঘ সময় পার হওয়ার পর বাসায় ফিরে না আসায় তাকে সবাই খুঁজতে বের হন।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মৈশাইদ গ্রামের গাজীবাড়ি সংলগ্ন খালে মাকসুদা বেগমের পরা ওড়না ভাসতে দেখা যায়। পরে তার মৃতদেহ মেলে খালে। আত্মীয়রা খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তারা জানান, মাকসুদা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানায়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শপথ নিলেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

শপথ নিলেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ডেস্ক রিপোর্ট:

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবাল বেলা ১১টা ৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিও এসময় বঙ্গভবনে ছিলেন।

এর আগে গত গত ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২৫ সেপ্টেম্বর হাসান ফয়েজ সিদ্দিকীর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপালনের সময়সীমা শেষ হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী (হাটনাইয়া) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আখলাকুল হোসাইন আহমেদ মায়ের নাম বেগম হোসনে আরা হোসাইন। তার বাবা আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশগ্রহণ করেন এবং গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানে স্বাক্ষর করেন। তার অনুজ সাজ্জাদুল হাসান বর্তমানে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য। সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিবহন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।

বিচারপতি ওবায়দুল হাসানের স্ত্রী নাফিসা বানু বর্তমানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের একজন সদস্য (ফিন্যান্স) হিসেবে কর্মরত রয়েছেন। তাদের সন্তান ব্যারিস্টার আহমেদ শাফকাত হাসান। তিনি ইউনিভার্সিটি অব ডারহাম থেকে আন্তর্জাতিক আইনে এলএল এম ডিগ্রি অর্জন করেছেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি) ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের বারের সনদ পেয়ে জেলা বার-কমিটি যোগদান করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ বছর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন এবং ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন সদস্য হিসেবে ২০১২ সালের ২৫ মার্চ যোগদান করেন এবং ১৩ ডিসেম্বর ২০১২ তারিখে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কর্মরত থাকাকালীন ১১টি মামলার রায় দেওয়া হয়েছে। তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

তিনি ‘অবর্ণনীয় নির্মমতার চিত্র : একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য’এবং ‘বঙ্গবন্ধু বাংলাদেশ : একজন যুদ্ধশিশুর গল্প ও অন্যান্য’ নামক দুটি গ্রন্থ রচনা করেছেন।

বিচারপতি হিসেবে যোগদানের আগে ওবায়দুল হাসান দেওয়ানি, ফৌজদারি এবং সাংবিধানিক বিষয়াদি সম্পর্কিত মোকদ্দমার একজন দক্ষ আইনজীবী হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। তিনি দীর্ঘদিন ধানমন্ডি ল’ কলেজের একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।