All posts by jitu

ব্রাহ্মণপাড়ায় যুবকের মৃত্যুর স্থান নিয়ে মিথ্যাচার; গ্রামবাসীর প্রতিবাদ

ব্রাহ্মণপাড়ায় যুবকের মৃত্যুর স্থান নিয়ে মিথ্যাচার; গ্রামবাসীর প্রতিবাদ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিল্লাল হোসেন নামে এক যুবকের মৃত্যুর স্থান নিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে করে নিরীহ গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছে।

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তেতাভূমি গ্রামের ইউপি সদস্য মোঃ সুমন মিয়াসহ গ্রামবাসী।

গ্রামবাসীরা জানায়, গত সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা তেতাভূমি গ্রামের মোঃ মানিক মিয়ার দোকানের সামনে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার মৃত আ: রশীদের ছেলে বিল্লাল হোসেন অসুস্থ্য হয়ে পরে।

এ সময় মানিক মিয়া বিল্লাল হোসনকে তার দোকানে নিয়ে বাসায়, বিল্লালের শরীর আরো খারাপ হলে দোকানের পাশে মানিক মিয়ার বোনের ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়।

সেখানে বিল্লাল হোসেনের অবস্থার অবনতি দেখে গ্রাম্য ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে বিল্লাল হোসেনকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষনিক ভাবে মানিক মিয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, স্থানীয় শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবগত করেন।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ নিহতের পরিবারের উপস্থিতিতে পুলিশ মানিক মিয়ার বোনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে পরদিন দৈনিক কুমিল্লার কাগজ, ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদসহ বিভিন্ন পত্রিকা ও ফেসবুকে খবর আসে মনির হোসেনের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুলত মরদেহ উদ্ধারের স্থান থেকে মনির হোসেনের বাড়ী প্রায় আধা কিলোমিটার দুরে।

পত্রিকায় মনির হোসেনের নাম ছাপা হওয়ার পর থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনির হোসেনের বাড়ীতে গিয়ে তাকে খুজতে থাকে।

ভূক্তভূগি মনির হোসেন বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছাগল নিয়ে জমিতে কাজ করতে ছিলেন। মানিক মিয়া তাকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানায়।

এ বিষয়ে স্থানীয় ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ সুমন মিয়া বলেন, মরদেহটি তার সামনেই মানিক মিয়ার বোনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে, মানিরের ঘর থেকে নয়।

দোকানে মালিক মানিক মিয়া বলেন, নিহত বিল্লাল হোসেন তার দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে তাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেন তিনি। পরে তার বোনের ঘরেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। মানিরের ঘরে মৃত্যুর খবর কেন পত্রিকায় ছাপা হলো তিনি জানেন না।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সে ঘরের ছবি ভিডিও আছে। পত্রিকায় কেন ভূল নাম ছাপিয়েছে এ বিষয়ে সাংবাদিকরাই ভালো বলেতে পারেন।

দিল্লীতে জি-২০ সম্মেলনে সংবাদকর্মী হিসেবে যাচ্ছেন ইমতিয়াজ আহমেদ জিতু

স্টাফ রিপোর্টার:
৯ থেকে ১০ সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলনে। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন। এই সম্মেলনে  সংবাদ সংগ্রহের জন্য সংবাদ কর্মী হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন দৈনিক আজকের কুমিল্লা ও ডেইলি বাংলাদেশ মিররের সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

ইমতিয়াজ আহমেদ জিতু কুমিল্লা নগরীর কাশারীপট্টি এলাকার আবু কায়সার হানিফের বড় ছেলে। তিনি কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। এছাড়া কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদের সাংগাঠনিক সম্পাদক  হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন এবং আমন্ত্রিত অতিথি দেশগুলির ৩০টির বেশি রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ কর্মকর্তারা এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিথি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

মুঠোফোনে প্রেম,পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন

নোয়াখালী প্রতিনিধি:
দুই সন্তানের জননী গার্মেন্টেস কন্যা রেবা আক্তার সুমি (২৬)। মোবাইলে মো.রাসেল (২৮) নামে এক যুবকের সঙ্গে হয় প্রেম। একপর্যায়ে সুমি প্রেমিকের টানে হাজির হন প্রেমিকের বাড়িতে। এসে দেখেন প্রেমিক সম্পূর্ণ দৃষ্টিহীন। অতঃপর ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বিয়ের খবরে এলাকার লোকজন রাসেলদের বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিক দৃষ্টিহীন মো.রাসেল উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে গ্রামের বাসিন্দা। অন্যদিকে সুমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা।

রাসেলের বড় ভাই জামসেদ জানান, এ বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। গত শনিবার হঠাৎ সুমি তাদের বাড়ি এসে হাজির হন। রাসেল দৃষ্টিহীন, তার সংসার চালানোর সক্ষমতা নেই। এসব বলার পরও রাসেলকে বিয়ে করবে বলে সিদ্ধান্তে অটল থাকেন সুমি। পরে দু’জনকে নিয়ে আসা হয় হাতিয়া থানায়। থানা থেকে সুমির বাড়িতে যোগাযোগ করা হয়। কিন্তু তার বাবা-মা কেউ সাড়া দেননি। সবশেষ বৃহস্পতিবার দু’জনের সম্মতিতে বিয়ে হয়।

সুমি বলেন, তার দুটি সন্তান আছে। আগের স্বামী ট্রাকচালক। তার সঙ্গে দুই বছর আগে সম্পর্ক ছিন্ন হয়। এসব জেনেও রাসেল তাকে বিয়ে করবেন বলে জানান। রাসেল দৃষ্টিপ্রতিবন্ধী এটা আমি আগে জানতাম না। চোখে সমস্যা আছে বলে রাসেল আমাকে জানিয়েছেন। কিন্তু একেবারে দৃষ্টিহীন, এটা বলেননি। এখন যেহেতু চলে এসেছি, তাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বিয়ে করলাম।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, সুমির আগের স্বামীর সাথে কিছু দিন আগে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর সে গার্মেন্টেসে চাকরি করত। একপর্যায়ে মুঠোফোনে রাসেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ওসি আরও বলেন, সুমির দেওয়া ঠিকানা অনুযায়ী তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কেউ আসেননি। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: লিটন মিয়া (৫৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে।

তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে আমজাদের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি অজ্ঞাতনামা অপর একটি গাড়ীকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপ চালক লিটন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পিকআপ চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনদের নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, ‘সড়ক দুর্ঘটনায় লিটন নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।’

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী এলাকায় ট্রেনের ধাক্কায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী স্টেশন মাস্টার সুরেশ ক্ষত্রিয়ান।

জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট রেল সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে গুণবতী স্টেশন মাস্টার জানান, পরিকোট রেল সেতু সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস এর সাথে অজ্ঞাত এক ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম জানান, ‘গুনবতী স্টেশনের পাশের রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’

বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান মহারণ

অনলাইন ডেস্ক:

আর মাত্র এক দিন তারপরই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোহিত শর্মা ও বাবর আজমদের লড়াই দেখতে উদগ্রীব ক্রিকেটভক্তরা। তবে ভক্তদের এই ম্যাচ ঘিরে উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। কারণ ম্যাচের দিন শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

শনিবার ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে বৃষ্টির বড় হুমকি রয়েছে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এ সম্পর্কে আগেই জানিয়েছিল শ্রীলংকার ক্রিকেট বোর্ড এবং যার ফলস্বরূপ ডাম্বুলাকে ক্যান্ডির জায়গায় বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছিল।

তবে, ভারত তা মেনে না নেওয়ায় পরবর্তী কয়েকটি ম্যাচ পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে শনিবার এবং সোমবার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যভিত্তিক আবহাওয়া অফিসের মতে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার মহারণে ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা বর্তমানে প্রায় ৯০ শতাংশ। বৃষ্টি ৩টায় (ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে) আসবে বলে আশা করা হচ্ছে যা টস এবং শেষ পর্যন্ত ম্যাচটিকেও বিলম্বিত করতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা ৬০ শতাংশে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে তবুও ম্যাচটি পরে মাঠে গড়াবে কি না সেই সম্পর্কে সন্দেহ থেকেই যাচ্ছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগও আগামী কয়েক দিন দেশের বিভিন্ন প্রদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ ক্যান্ডি সেন্ট্রাল প্রদেশের অধীনে আসবে, সেখানে শুক্র ও শনিবার ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম, সাবারাগামুওয়া, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এবং গালে এবং মাতারা জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে, আবহাওয়া বিভাগ বুধবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলোর জন্য বুলেটিনে বলেছে। পশ্চিম এবং সাবারাগামুওয়া প্রদেশের কিছু জায়গায় এবং গালে এবং মাতারা জেলায় ৭৫ মিমির উপরে মোটামুটি ভারী বর্ষণ আশা করা যেতে পারে।

ভারত এবং পাকিস্তান এই পর্যন্ত ১৩২টি একদিনের ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে ভারত ৫৫টি ম্যাচ জিতেছে এবং পাকিস্তান ৭৩টি ম্যাচ জিতেছে। এসব ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ ফলাফলবিহীন শেষ হয়েছে। তবে ভাগ্য খারাপ হলে আগামীকালের ম্যাচ হতে পারে পঞ্চম ফলাফলবিহীন ম্যাচ।

এরই মধ্যে এবারের আসরে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারায় পাকিস্তান। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের খেলায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

রোববার দিন মাঠে নামছেন সাকিব-জিকোরা, প্রতিপক্ষ আফগানিস্তান

অনলাইন ডেস্ক:

এটাকে হয়তো ভাগ্যই বলতে হবে। এশিয়া কাপে টিকে থাকতে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ রোববার (৩ সেপ্টেম্বর)। কাকতালীয়ভাবে একই দিন মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দলও।

লড়বে ক্রিকেট দলের প্রতিপক্ষ আফগানিস্তানের সাথেই। ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচটি এক দিন পরে হওয়ার কথা থাকলেও আফগানিস্তান ফুটবল দলের অনুরোধে এক দিন এগিয়ে আনা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে এমনিতেই দুটি প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ফুটবল দলের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচটি এক দিন এগিয়ে আনা হয়েছে। ফলে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক এক দিন আগেই (৩ সেপ্টেম্বর) হচ্ছে৷

আফগানিস্তান সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায়। তারা বাংলাদেশকে আগেই জানিয়েছিল দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে। বাংলাদেশে আসার পরেও তারা এটি জানিয়েছে। আফগানিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে, ফিফা ও এএফসির কাছে আবেদন করে। এএফসি আজ সেই আবেদন মঞ্জুর করায় ফিফাও অনুমোদন দিয়েছে।

ম্যাচটি এক দিন এগিয়ে আসায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও রেটিং কিছুটা কমছে। ফিফা উইন্ডোর মধ্যকার ম্যাচের ফল র‌্যাংকিংয়ে যেভাবে প্রভাব ফেলে উইন্ডোর বাইরের ম্যাচে ততটা পড়ে না। আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলে ফিলিপাইনের উদ্দেশে রওনা হবে।

প্রথম ম্যাচের দিন এগিয়ে আসলেও সময়সূচি অবশ্য ঠিকই রয়েছে। বিকেল ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি স্পোর্টসের সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।

আর্থিক প্রতারণার দক্ষিণী অভিনেত্রী শিকার সামান্থা রুথ প্রভু

অনলাইন ডেস্ক:

ব্যক্তিজীবনে ঝড় বয়ে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। বছরখানেক ধরে ভুগছেন মায়োসাইটিস রোগে। চিকিৎসার জন্য গিয়েছেন আমেরিকায়ও।

সামান্থার রোগটি বিরল। চিকিৎসাও খরচসাপেক্ষ। এর মধ্যে আবারও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রী। সামান্থার সঙ্গে প্রায় এক কোটি টাকার প্রতারণা করেছেন তার ম্যানেজার। এক দশক ধরে ম্যানেজারের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী সামান্থা। এই ম্যানেজারই তামিল, তেলেগু ও বলিউডে তার সঙ্গে ছিলেন। তাই তার ওপর অভিনেত্রীর বিশ্বাস অগাধ।

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘খুশি’র প্রচারমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হায়দরাবাদে ফিরেছিলেন সামান্থা। তখন ওই ম্যানেজারের বিষয়ে তাকে সাবধান করেন অনেকে। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন অভিনেত্রী। এখন মাসুল গুনতে হচ্ছে সামান্থাকে।

মায়োসাইটিসের চিকিৎসা করাতে কাজ থেকে প্রায় এক বছরের বিরতি নিয়েছেন সামান্থা। চিকিৎসায় খরচ হয়েছে অনেক। এক কোটি টাকা ক্ষতি হওয়ায় সেই ম্যানেজারকে বহিষ্কার করেছেন এই অভিনেত্রী। এখন নতুন ম্যানেজার খুঁজছেন তিনি।

কয়েক মাস আগে শোনা যায় এ রকম আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও। প্রায় ৮০ লাখ টাকা প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। ম্যানেজার বদল করেছিলেন এই অভিনেত্রীও। যদিও এই খবর স্বীকার করেননি রাশমিকা।

তাবলিগ জামাতে অভিনেতা জিয়াউল হক পলাশ

অনলাইন ডেস্ক:

হালের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয়ে দক্ষতা দেখিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন। ছোটপর্দায় কাজের পাশাপাশি ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন পরিচালনা করেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে ‘কাবিলা’ নামে খ্যাত হন পলাশ। এরপর একটু আড়ালেই ছিলেন। সম্প্রতি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন এই অভিনেতা। সংবাদমাধ্যমে জানা গেছে, ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান পলাশ। ২৪ আগস্ট বৃহস্পতিবারেও গিয়েছিলেন।

জিয়াউল হক পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, বক্তব্য দিচ্ছেন পলাশ। মুসল্লিরা তা মনোযোগ দিয়ে শুনছেন। পরে গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমে তাবলিগের ভাইরাল হওয়া ছবি-ভিডিওর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনতো পলাশ। অভিনয়ের পাশাপাশি নির্মাণের সঙ্গে যুক্তে আছেন এই অভিনেতা।

মোহাম্মদপুরে ফার্নিচার কারখানায় আগুন

অনলাইন ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিজান ডোর অ্যান্ড ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ১১টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলোযোগের কারণে আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।