All posts by jitu

বিবাহিত পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা : হাইকোর্ট

অনলাইন ডেস্ক :

কোনো পুরুষকে বিয়ের পর নিজের পরিবার ছাড়তে বাধ্য করা এবং স্ত্রী বা স্ত্রীর পরিজনের পক্ষ থেকে তাকে ঘরজামাই করার চেষ্টাকে নিষ্ঠুরতা বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ভারতের সুপ্রিম কোর্টে ২০১৬ সালে একটি মামলা চলছিল। রায়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল নিষ্ঠুরতার নতুন এক সংজ্ঞা। কোনো পুরুষকে বিয়ের পর যদি তার স্ত্রী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘরজামাই হতে চাপ দেওয়া হয়, তবে সেটা ওই পুরুষের প্রতি প্রকারান্তরে নিষ্ঠুরতার শামিল।

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনশল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ বিবাহবিচ্ছেদের একটি মামলার রায় দিতে গিয়ে পুরোনো এক মামলার সূত্রে এ মন্তব্য করেন। ২০১৯ সালে ওই পুরুষের দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনও মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, ২০০১ সালে গুজরাটের যুবকের সঙ্গে বিয়ে হয় দিল্লির তরুণীর। বিয়ের ছয় মাসের মধ্যে মেয়েকে দিল্লি নিয়ে চলে আসেন তার বাবা-মা। এদিকে স্ত্রীকে ফেরাতে বহু চেষ্টা করেন গুজরাটের ওই যুবক। তবে ব্যর্থ হন তিনি। উল্টো তাকেই দিল্লি গিয়ে ঘরজামাই হতে বলা হয়। যা প্রকারান্তরে তার মনের ওপর চাপ বাড়াচ্ছিল। ২০০২ সাল থেকে এ স্বামী-স্ত্রী আলাদা থাকছেন। বিয়ের পর ছয় মাস কোনোরকমে তারা এক সঙ্গে থেকেছেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এ দম্পতির দীর্ঘ দুই দশকের বিচ্ছিন্নতাই প্রমাণ করে- তাদের মধ্যে দাম্পত্য বলে কিছু টিকে নেই! বিচ্ছিন্নতাসহ একে অপর থেকে দীর্ঘদিন আলাদা থাকার বিষয়টিকেও পারস্পরিক নিষ্ঠুরতা বলে উল্লেখ করেন আদালত।

ফ্রান্সে স্কুলে নিষিদ্ধ হচ্ছে শিশুদের আবায়া পোশাক

অনলাইন ডেস্ক:

ফ্রান্সে সরকারি স্কুলগুলোতে শিশুদের আবায়া পোশাক নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল। রোববার (২৭ আগস্ট) এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

টিভি চ্যানেল টিএফ১-এ দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল অ্যাটাল বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলগুলোতে আর আবায়া পরা যাবে না। তিনি বলেন, আপনি যখন ক্লাসরুমে যাবেন, তখন আপনি শুধু পোশাক দেখেই ছাত্রদের ধর্ম শনাক্ত করতে সক্ষম হবেন না। সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফ্রান্স ২০০৪ সালে স্কুলে স্কার্ফ পরা নিষিদ্ধ করে। আর ২০১০ সালে প্রকাশ্যে বোরকায় মুখ পুরোপুরি ঢাকাও নিষিদ্ধ করে। এ নিয়ে দেশটির ৫০ লাখ মুসলিম অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কয়েকটি মুসলিম সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্থা ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম ফেইথ (সিএফসিএম) জানিয়েছে, শুধু পোশাকের প্রকারভেদগুলো কোনো ধর্মীয় প্রতীক হতে পারে না।

ফরাসি স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক চলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো। স্কুলগুলোতে অনেক দিন ধরেই হিজাব পরা নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরা অনুমোদন করে না। দেশটিতে ১৯ শতক থেকেই সরকারি স্কুলগুলোতে ধর্মীয় প্রতীক ব্যবহার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

সৌদিআরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:

সৌদিআরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৩ তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। শুক্রবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুইজন।

মো.মুশফিকুর রহমান কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তিনি ১৫ পারা ক্যাটাগরিতে অংশ নেবে। অপরজনের নাম ফয়সাল আহমেদ। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। সে কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেবে। মক্কায় তাদের অভিভাবক হিসেবে সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুরুল হাকিম ও মো. নেসার আহমেদ।

এবারের প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার। প্রথমস্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ রিয়াল।

গত বছর বাংলাদেশ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। তাজবিদসহ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

খাদিজার মুক্তির দাবি জানিয়ে বার্তা দিল অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা দুই মামলায় বিচার শুরুর আগেই এক বছর ধরে কারাগারে বন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী উপ-আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান বলেন, বাংলাদেশে খাদিজার বছরব্যাপী কারাভোগ এবং তার জামিনের আবেদন বারবার প্রত্যাখ্যান এটা স্পষ্ট মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। তার এখন বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, তার ডিগ্রির জন্য অধ্যয়ন করা উচিত। একটি কঠোর আইনের কারণে তার জেলে থাকার কথা নয়। তার ক্রমাগত নির্বিচারে আটক রাখায় সমালোচনাকারীদের কথা বলার স্থান সংকুচিত করেছে এবং যারা কর্তৃপক্ষের মতামতের সঙ্গে একমত নন, তাদের জন্য একটি শীতল অবস্থা বিরাজ করছে।

তিনি বলেন, সরকারের কঠোর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সিদ্ধান্ত সত্ত্বেও কর্তৃপক্ষ মানবাধিকারকে ক্ষুণ্ন করতে এবং সমালোচনাকারীদের নিপীড়ন করতে আইনটি ব্যবহার করে চলেছে। খাদিজার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিন। শুধু মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত এবং আটক সবাইকে মুক্তি দিন।

২০২০ সালে খাদিজার বিরুদ্ধে মামলা করা হয়। দুই বছর পর গত বছরের ২৭ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিন থেকে সাত বছরের সাজা হতে পারে। গত জুলাইয়ে আপিল বিভাগের এক আদেশে আগামী ১০ নভেম্বর পর্যন্ত (৪ মাস) তার জামিনসংক্রান্ত আবেদনের শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ফলে খাদিজার আইনজীবীদের তার জামিনসংক্রান্ত আবেদন শুনানির সুযোগ নেই।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, বিচার শুরু হওয়ার আগেই খাদিজার এক বছরের কারাবাস তার মৌলিক অধিকার খর্ব করেছে। প্রশ্নবিদ্ধ করছে বিচারিক প্রক্রিয়াকেও। এই আইনের আওতায় এর আগেও দেশের অনেক মানুষ গ্রেপ্তার, কারারুদ্ধ ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি কারও কারও মৃত্যু পর্যন্ত হয়েছে। এটি মানুষের বাকস্বাধীনতা, নাগরিক অধিকারসহ মানবাধিকারের চরম লঙ্ঘন।

খাদিজা জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি মামলা করে পুলিশ। দুটি মামলার এজাহারও প্রায় একই।

এজাহারে বলা হয়েছে, বাদী ২০২০ সালের ১১ অক্টোবর মেজর দেলোয়ার হোসেনের ইউটিউব চ্যানেলে ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শিরোনামে এক ভিডিও দেখতে পান। সেখানে সঞ্চালক খাদিজাতুল কুবরার উপস্থাপনায় অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন তার বক্তব্যে বাংলাদেশ সরকারকে উৎখাতের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

২০২২ সালে এই দুই মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। পরে অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। সঞ্চালক খাদিজা গ্রেপ্তার হলেও মেজর দেলোয়ার এখনো বিদেশে অবস্থান করছেন। বিচারিক আদালতে একাধিকবার খাদিজার জামিন আবেদন নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। গত ১৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে গত ১০ জুলাই আপিল বিভাগ ওই আদেশ চার মাসের জন্য মুলতবি রাখেন।

কুমিল্লার চানপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চানপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে চুরি করতে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশ করেছে এমন অভিযোগ এনে বাবু আলম (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) ভোরে কুমিল্লা শহরতলীর চানপুর এলাকায় এ ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় বাবু।

নিহত বাবু কুমিল্লার চান্দিনা উপজেলার আন্নানগর মিলগেইট এলাকার মোঃ শাহজাহান মিয়ার পুত্র। তিনি শহরতলীর ডুমুরিয়া চানপুর এলাকার মানউদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তবে বাবুর পরিবার বলছে, বাসা সংলগ্ন ‘জলপরী’ পার্কে বিনা টিকেটে প্রবেশ করায় তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে, এ ঘটনার সাথে পার্কে প্রবেশের কোনো সম্পর্ক নেই। বাবুর নামে ডাকাতির প্রস্তুতি মামলাসহ থানায় অন্তত ৪টি মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। তিনি জানায়, জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, নির্মাণাধীন বিল্ডিংয়ের যে রুমে শ্রমিকরা ঘুমায় সেই রুমটিতে ভোররাতে প্রবেশ করে বাবু তাদের মোবাইল নিয়ে বের হয়ে যাচ্ছিল। এসময় বিল্ডিংটিতে ডিউটিতে থাকা দারোয়ান মোঃ নাহিদসহ আরো ৪ জনকে আটক করে ব্যাপক মারধর করে।

পরে সকাল ৯টার দিকে বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নাহিদকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ার্ড বয় শফিকুল ইসলাম জানায়, সকাল আনুমানিক সাড়ে ৯টায় এক ব্যক্তি অটোরিক্সাসহ একটি মৃতদেহ নিয়ে হাসপাতাল চত্তরে এসে আমার কাছে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কোন নাম ঠিকানা দেয়নি। আমি তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে না দিয়ে পালিয়ে যাচ্ছিল। এমন সময় আমরা তাকে দৌড়ে ধরে আটক করে পুলিশে সোপর্দ করি।

তিনি আরো জানায়, মৃতদেহটির হাত, পিঠ, মাথাসহসারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।

নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে আরেক মামলা

অনলাইন ডেস্ক:

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রমিকদের পাওনা মুনাফার অর্থ না দিয়ে মানিলন্ডারিং করে টাকা সরিয়ে নিচ্ছেন, এমন অভিযোগ এনে শ্রম আদালতে ১৮ শ্রমিক মামলা করেছেন ড. ইউনূসের বিরুদ্ধে। এই মামলায় সমন জারি করেছেন আদালত।

সোমবার (২৮ আগস্ট) সকালে ঢাকার শ্রম আদালতে এ মামলা দায়ের করা হয়। পরে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। আগামী ১৬ অক্টোবরে মধ্যে এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এর আগে শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

পরে আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারেক রহমানের সব বক্তব্য সরাতে বিটিআরসিকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন হাইকোর্ট।

এর আগে রোববার (২৭ আগস্ট) সকালে পলাতক উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য ফেসবুক, ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। একইসঙ্গে তার বক্তব্য প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা এ আবেদন করেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির এ নেতার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদন করা হয়। এর আগে, গত ২২ আগস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। আর ২৩ আগস্ট এটি কার্যতালিকায় রাখার কথাও বলা হয়।

ইসলামী শিবিরকে বাদ দিয়ে ১৯ ছাত্রসংগঠনের ছাত্রঐক্য

অনলাইন ডেস্ক :

ছাত্রঐক্য গড়তে ১৯ ছাত্রসংগঠনের মধ্যে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে রোববার (২৮ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। বৈঠক সূত্র জানিয়েছে, ওই সভায় ইসলামী ছাত্রশিবিরের কেউ ছিলেন না। তবে দেশের অন্য বিভিন্ন ছাত্ররাজনীতির নেতার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত দলগুলোর মধ্যে ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নাগরিক ছাত্রঐক্য, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি), ভাসানী ছাত্র পরিষদ, ছাত্র মিশন, জাগপা ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ, খেলাফত ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ছাত্র আন্দোলন (এনডিএম), বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), ছাত্র ফোরাম ও জাতীয় ছাত্র সমাজের (জাতীয় পার্টি, কাজী জাফর) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের জন্য আয়োজিত এ সভার সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নাগরিক ছাত্রঐক্যের সভাপতি মোশাররফ হোসেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিক উজ্জামান পিরাচা, ভাসানী ছাত্র পরিষদের আহবায়ক আহমেদ শাকিল, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, (জাগপা) ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ।

খেলাফত ছাত্র মজলিসের সভাপতি খালিদ সাইফুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি নিজাম উদ্দিন আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলন (এনডিএম) এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ এর সভাপতি এহতেশামুল হক, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি) এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ফোরাম এর যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইব্রাহিম, জাতীয় ছাত্র সমাজ(জাতীয় পার্টি,কাজী জাফর) এর সদস্য সচিব মেহেদি হাসান।

চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহত শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, রোববার নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় খবর পেয়ে ডুবুরি ও স্পেশাল রেসকিউ টিম মিলে আমরা রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছিলাম। সোমবার সকালে ঘরের সামনের নালাতেই ওই শিশুটির মরদেহ পাওয়া যায়।

ছেলের কোদালের আঘাতে নিহত বাবা

ছেলের কোদালের আঘাতে নিহত বাবা

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

রোববার রাতে বেলকুচি উপজেলার এনায়েতপুরের গোপরেখী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আশরাফ আলী (৫০)। ঘাতক ছেলের নাম আবু মুছা (৩০)। ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক মুছাকে আটক করে পুলিশে দিয়েছে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছেলের হাতে বাবা খুন হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে মুছাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের সঙ্গে ছেলে মুছার দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মুছার সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এ অবস্থায় বাবা আশরাফ আলী এগিয়ে এলে পাশে থাকা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আশরাফ।