All posts by jitu

মেসি নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন

মেসি নিয়ম ভাঙায় শাস্তি পেতে পারেন

ডেস্ক রিপোর্ট:

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮ ম্যাচ খেলে ফেললেও শীর্ষ লিগ এমএলএসে এতদিন অভিষেক হয়নি লিওনেল মেসির। অবশেষে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টাইন অধিনায়কের। এমএলএসে নিজের অভিষেক ম্যাচে গোলেরও দেখা পান তিনি। তবুও স্বস্তিতে নেই বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কারণ, অভিষেক ম্যাচের দিনই নিয়মভঙ্গ করায় শাস্তি পেতে পারেন তিনি।

দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে নামে ইন্টার মায়ামি। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো। আর্জেন্টাইন তারকাকে ছাড়াই প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় দ্যা হিরন্স।

দ্বিতীয়ার্ধে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে প্রথমবার এমএলএসে খেলতে নামেন মেসি। আর তাতেই উল্লাসে মাতেন সমর্থকরা। সেই আনন্দ আরো বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশির আগে। লিগে প্রথম গোল এলএমটেনের। জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তলানী থেকে, এক ধাপ উপরে উঠে এলো ইন্টার মায়ামি।

এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি।

ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানায়, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না মেসি। মূলত, ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভঙ্গ করেন মেসি। এ কারণে শাস্তির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।

বরুড়ায় চুরির দায়ে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন, ইউপি সদস্য আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে চুরির ঘটনাকে কেন্দ্র করে গাছের সাথে ঝুলিয়ে পিটানোর একটি ৫৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য জহিরকে আটক করেছে থানা পুলিশ।

আহত ভিকটম কুমিল্লা বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের চোত্তাপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (২৮)।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোত্তাপুকুরিয়া মার্কেটের সামনে ( ২৬ আগষ্ট) যুবককে দুই পা বেঁধে মাথা নিচের দিকে রেখে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। রশি দিয়ে দুই পা বাধা ঝুলন্ত ওই যুবকের মাথার অংশ দোকানের সামনের একটি ড্রেনের উপর মাটির সাথে রয়েছে। তাকে প্রকাশ্যে জনসমক্ষে লাঠি দিয়ে প্রহার করছেন ইউপি মেম্বার জহিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান কে এর আগেও চুরির ঘটনায় পুলিশের কাছে সোপর্দ করা হয়, কিন্তু কিছুদিন পর জেল খেটে বেড়িয়ে আবার সে চুরির সাথে জড়িয়ে যায়।

ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে দশটায় চোত্তাপুকুরিয়া মার্কেট এ ঘটনাটি হয়। তিনি জানান, ঘটনার পর তিনি বিষয়টি জানতে পেরে ঘটনার স্থান ও ভিকটিমের বাড়ি পরিদর্শন করি, কিন্তু ভিকটিমকে বাড়িতে পাওয়া যায় নি।

হান্নানের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, জহির মেম্বার সকালে আমাকে কল দিয়ে বলেছে সে (হান্নান) ব্যাটারি চুরি করেছে তাই রাতে তাকে আটক করেছে। আমরা যেন ঘটনাস্থলে যাই। আমি বলেছি যদি আমার ভাই অভিযুক্ত হয় আপনারা আইনের হাতে তুলে দেন। আমার ভাইকে এভাবে মারতে বলিনি।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযুক্ত জহির মেম্বারকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যে সিনেমার গল্পের সঙ্গে নিজের মিল দেখতে পায় তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক:

নির্মাতা শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় অভিনয় করেছেন ফারিণ তার বিপরীতে রয়েছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। এই সিনেমার গল্পে দেখা যায় লং ডিসট্যান্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। যেটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাচ্ছেন ফারিণ।

চলতি মাসেই বিয়ে সেরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরপর হানিমুনে উড়াল দিয়েছেন মালদ্বীপে। সিনেমার গল্প নিয়ে ফারিণ বলে, আমার স্বামী শেখ রেজওয়ান রাফিদ আহমেদ পড়াশোনার জন্য থাকতেন যুক্তরাজ্যে। অন্যদিকে অভিনয় নিয়ে ঢাকায় ব্যস্ত থাকতাম আমি। ‘এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার স্বামীর লং ডিসট্যান্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো লেগেছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।’

এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘শিহাব ভাই (পরিচালক) একদিন হঠাৎ ফোন দিয়ে জানালেন, তার কাছে একটা গল্প আছে। তারপর ভাইয়ের সঙ্গে বসে চিত্রনাট্য দেখার পর আমি নিশ্চিত হয়েছি—কাজটা করতে চাই। খুব সুন্দর গল্প নিয়ে সিনেমা এটি।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপড়েন তৈরি করে, তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন, তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’

প্রসঙ্গত, গত ৩ আগস্ট ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ঘোষণা দেয় চরকি। জানানো হয়, ১২ জন জনপ্রিয় নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাবেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী।

২০ সেনা নিয়ে বিধ্বস্ত মার্কিন সামরিক হেলিকপ্টার

অনলাইন ডেস্ক:

মহড়ার সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারটিতে ২০ জন মেরিন সেনা ছিল। খবর আলজাজিরার।

স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ডারউইন উপকূলে এ ঘটনা ঘটে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে বলে জানা গেছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছেন। তবে এটি এখনো নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে।

এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা ছিল। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ এতে ছিলেন না।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০, ফিলিপাইনের ১২০, ইন্দোনেশিয়ার ১২০ এবং তিমুর লেস্টের ৫০ সেনা রয়েছে।

এর আগে, চলতি বছরের ২৯ জুলাই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে সামরিক মহড়া চলাকালীন একটি এমআরএইচ-৯০ তাইপান নামের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৪ জন সেনা নিহত হয়।

প্রধান নির্বাচন কমিশনার এর সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

অনলাইন ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রোববার (২৭ আগস্ট) সকাল ১১টায় নির্বাচন ভবনের সিইসির দপ্তরে বৈঠকটি বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম বৈঠক। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈঠকে ভোটের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।

ব্রিকস সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (ইকে-৫৮২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৬ আগস্ট) দুপুর ২টায় (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে তিনি ২২-২৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ১৫তম ঐতিহাসিক ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা যোগদান করে।

করোনা মহামারির প্রাদুর্ভাব এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর এটিই ছিল প্রথম সশরীরে উপস্থিতির ব্রিকস শীর্ষ সম্মেলন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মেলনে যোগ দেন।

২৩ আগস্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। পরে তিনি আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেন। তিনি হিলটন স্যান্ডটন হোটেলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় ভোজে যোগ দেন।

২৪ আগস্ট তিনি ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগের (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ) সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে গত বৃহস্পতিবার স্যান্ডটন কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট সাইমা সুল্লুহু ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়।

৭৫-এর হত্যাকাণ্ডের মূলহোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোস উন্মোচন করতে হবে : শেখ পরশ

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে “১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের স্মরণে” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট (শনিবার), বিকাল ৩:৩০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও সঞ্চালনা করেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, এই আগস্ট মাসে বাংলার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘণ্যতম হত্যাকাণ্ড চালানো হয়েছিল, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবারের সদস্যদের উপর; চালানো হয়েছিল পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড । এই হত্যাকাণ্ড ছিল সুদূরপ্রসারী এক পরিকল্পিত হত্যাকাণ্ড।

এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য সম্পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বেই আকষ্মিকভাবে অস্তমিত করা হয়েছিল। নস্যাৎ করা হয়েছিল বাঙালির দুই শতাধিক বছরের স্বাধীনতার আকাক্সক্ষা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শত্রুরা প্রতিশোধ নিয়েছিল বাঙালি জাতির উপর। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যা কোন সাধারণ হত্যাকাণ্ড না। এই মহান নেতাকে হত্যা করা হয়েছিল একাধিক অশুভ উদ্দেশ্য সাধণের জন্য। প্রথমত, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ১৯৭১ সালের যুদ্ধে তাদের পরাজয় মেনে নিতে পারেনি।

দ্বিতীয়ত, তারা বাংলাদেশকে স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করা মেনে নিতে পারেনি। তারা পাকিস্তানের ধর্মভিত্তিক সংবিধান প্রত্যাখান করে বাংলাদেশের জন্য একটি ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন মেনে নিতে পারেনি। তিনি আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের কয়েকজনের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু অভিযুক্তদের কেউ কেউ বিভিন্ন দেশে পালিয়ে থাকায় বিচারের রায় আংশিক কার্যকর হয়। তাই আজকে যুবসমাজের দাবি বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

যুবলীগ আরও দাবি করছে, ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের লক্ষ্যে একটা জাতীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ঐ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মূলহোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোস উন্মোচন করতে হবে। এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারের সর্বপ্রথম ধাপ এবং প্রারম্ভিক পদক্ষেপ।

তাই এই কমিশন গঠন করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রজন্মের সময়ের দাবি। যতদিন তদন্ত কমিশনের ফলাফল না বেড় হবে, খুনিরা পদ্মার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতির ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ২১শে আগস্ট এদেশের রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতি ধ্বংসের পিছনে এককভাবে দায়ী। কি বর্বর এবং অসহিষ্ণু ওদের রাজনৈতিক মনোবৃত্তি যে বিরোধী মতামত তো দুরের কথা, পুরো দলটাকেই ওরা সাংগঠনিকভাবে নির্মূল করে দিতে চেয়েছিল।

তিনি আরও বলেন, আজকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাজাপ্রাপ্ত পলাতক আসামী, তারেক জিয়া বিদেশ থেকে হুকুম দিয়ে বিএনপি নেতা-কর্মীদেরকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তারেক জিয়ার মত একজন কাপুরুষের নেতৃত্বের কারণে বিএনপি আজ সন্ত্রাসী সংগঠন হিসাবে ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হতে চলেছে।

তিনি আরও বলেন, উন্নয়নশীল বাংলার যুবসমাজের দাবি, দুর্নীতি ও ২১শে আগস্ট হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, খুনি জিয়াউর রহমানের কু-পুত্র তারেক রহমানকে অনতিবিলম্বে, কান ধরে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এই বাংলার মাটিতে। তাহলেই এই সকল হত্যার রাজনীতি থেকে এই দেশ চিরতরে মুক্তি পাবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট জিয়ার খুনি পুত্র তারেক জিয়ার নির্দেশে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামাতের সন্ত্রাসীরা। সেই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারায়। সন্ত্রাসী তারেকের নেতৃত্বে এদেশে অস্ত্রের ঝনঝনানী শুরু হয়েছিল। তারই প্রত্যক্ষ মদদে ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এদেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। মানুষকে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারও তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারেকের নির্দেশে রমনার বটমূলে, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা চালিয়েছিল।

দেশের টাকা বিদেশে পাচার করে, যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল তারেক জিয়া। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে র্বথ রাষ্ট্রে পরিণত করা। সেই বিএনপি-জামাত আবারও বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়নকে ব্যহত করতে আগুন সন্ত্রাস শুরু করেছে। এই জামাতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে তাহলে বিএনপি-জামাত পালানোর পথ খুঁজে পাবে না।

এসময় আরও বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. মুক্তা আক্তার, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক আহতাসামুল হাসান ভূইয়া রুমি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, আবু সাঈদ মোল্যা, দীল মোহাম্মদ খোকা, সৈয়দ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মোঃ মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সাইমন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোফরান গাজী, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান আরিফ, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

ফ্যাসিবাদ থেকে পরিত্রাণের প্রেরণা কাজী নজরুল : রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ফ্যাসিবাদের এক দু:সময়ের মধ্যে বসবাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের অন্যতম প্রেরণা কাজী নজরুল ইসলাম।

রোববার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি গণমাধ্যমে একথা বলেন।

এসময় তিনি বলেন, এই মহান কবি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিচরণ করলেও তিনি মূলত কবি। তার কবিতা ও গান আজও প্রাসঙ্গিক। আজকে অধিকার হারা, গণতন্ত্র হারা, মত প্রকাশের স্বাধীনতা নাই, একটি ভয় ও আতঙ্কের মধ্যে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। আমাদের কাছে উদ্দীপনা ও প্রেরণার স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, আমরা যখন মিছিল করি, স্লোগান দেই, কারাগারে যাই তখন আমাদের প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা তার মৃত্যু দিবসে তাকে গভীর ভাবে স্মরণ করি।

আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী, দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। আজকে হাজার হাজার শত শত নেতাকর্মী কারাগারে বন্দি। শুধু গণতন্ত্রের জন্য কথা বলার জন্য, গণতন্ত্রের পক্ষে স্লোগান দেওয়ার জন্য তাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা দেওয়া হয়েছে। যেখানে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, ২ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছে সেখানে তো এরকম হওয়ার কথা ছিল না। শুধুমাত্র ক্ষমতায় ঠিকে থাকার জন্য এ কাজটি করা হয়েছে। এই দুর্দিন অতিক্রম করার জন্য কাজী নজরুলের গান আমাদেরকে উদ্দীপ্ত করে, উজ্জীবিত করে। তিনি মানুষের কাছে যেমন সাম্যের কবি, দ্রোহের কবি তেমনি আবার প্রেমের কবি। মহান কবিকে আমরা আজকের দিনে স্মরণ করছি

বিএনপি নেতাদের বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আমাদের খন্দকার মোশারফ হোসেন সাহেব মাসখানেক আগে গুরুতর চিকিৎসার জন্য গিয়েছেন। আমাদের দলের মহাসচিব গুরুতর অসুস্থতার জন্য বিদেশে চিকিৎসা করতে গেছেন। তাকে প্রায়ই চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব তিনিও গুরুতর অসুস্থ। তাকেও প্রায়ই চেকাপ করানোর জন্য যেতে হয়। এটা নিয়ে খামোখা অপপ্রচার করা হচ্ছে। এটা মোটেও ঠিক নয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, জাসাসের আহবায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।