All posts by jitu

আগামীকাল সিঙ্গাপুর যাবেন বিএনপির মহাসচিব

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাবেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। তিনিও সেখানে চিকিৎসা নিবেন। বিএনপি মহাসচিব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। দেশবাসী এবং দলীয় নেতা কর্মীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

কুবিতে ইস্পাহানীয়ান পরিবারের সাংগঠনিক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ইস্পাহানীয়ান পরিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়” তিন মাসের সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ আগষ্ট, সোমবার ইস্পাহানি পরিবার, কুবির মডারেটর ও নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতির পদে আছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মোঃ রাকিন মাহতাব বনী এবং সাধারণ সম্পাদক পদে আছেন একই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম। সংগঠনটির উপদেষ্টা হিসাবে আছেন নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান লিপা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মা, আই সি টি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবিদা রাহিদ।

ইস্পাহানি পরিবার কুবির তৃতীয় বারের মতো এই কমিটি ঘোষণা করা হয়। প্রথম বার ২০১৯ সালে কমিটি ঘোষণা করা হলে করোনায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে দ্বিতীয় কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি তাদের কাজ আবার শুরু করে।

নিজেদের সদস্যদের মাঝে আন্তসম্পর্ক দৃঢ় করার প্রয়াস নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব মান অক্ষুণ্ণ রেখে সদস্যদের উন্নয়ন করা এর মূল উদ্দেশ্য । এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সংগঠনে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্য নিয়ে এটি কাজ করে আসছে।

এ নিয়ে ইস্পাহানি কুবির বর্তমান সভাপতি তার বক্তব্যে বলেন, “ইস্পাহানীয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগঠন আমাদের প্রাণের সংগঠন। এ সংগঠন এর মুল উদ্দেশ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। সর্বপরি আমার প্রচেষ্টা থাকবে সংগঠনের সকল দ্বায়িত্বকে সঠিকভাবে পালন করা এবং সকল সদস্যাদের উন্নয়নে কাজ করা।”

আইন না মানায় কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে জরিমানা

অনলাইন ডেস্ক:

সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর দায়ে শাস্তির মুখে পড়লেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে জরিমানার মুখে পড়েছেন তিনি। তাকে ২৭৩ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই শাস্তির মুখে পড়েছেন তার নিজ প্রদেশেই। যদিও কানাডার এই অর্থমন্ত্রীর নিজের কোনও গাড়ি নেই। বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে বলে মঙ্গলবার তার একজন মুখপাত্র জানিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ২২ হাজার টাকা।

তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেছেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়। কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের অবশ্য নিজের কোনও গাড়ি নেই। পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন।

রয়টার্স বলছে, অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার বাইকের সাথে তোলা ছবিতে দেখা যায়।

রোহিঙ্গা সংকট নিরসনে ব্যর্থ বর্তমান সরকার : বিএনপি

অনলাইন ডেস্ক:

প্রায় ১০ বছর আগে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রাখাইনে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও গণহত্যা সমসাময়িক ইতিহাসের জঘণ্যতম মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে বিএনপি। দলটি মনে করে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় গ্রহণের কারণে সৃষ্ট সংকট সমাধানে বর্তমান সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের নাগরিকতা নিশ্চিত করে তাদের স্বদেশে প্রত্যাবর্তন ব্যবস্থা করার লক্ষ্যে সকল প্রকার কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানায় বিএনপি।

গত সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এসব বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া আগামী ২৫ আগস্ট (শুক্রবার) রোহিঙ্গা গণহত্যা দিবস পালনের বিষয়ে আলোচনা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বেশকিছু সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। তন্মধ্যে অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট দেশের সকল মহানগরে কালোপতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে।

এ ছাড়া গত ১৯ আগস্ট বিএনপির কার্যালয়ে গোয়েন্দা বাহিনীর গ্রেপ্তার অভিযান, হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের বাধা, গুলিতে চার শতাধিক নেতাকর্মীকে আহত করার ন্যাক্কারজনক সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে যখন জনগণ স্বতঃস্ফুর্ত সমর্থন ও অংশগ্রহণ করছে তখন এ ধরণের হামলা করে জনগণের ন্যায্য দাবির গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাতের চেষ্টা করছে।

সভায় ছাত্রদলের ৬ জন নেতাকে ৪৮ ঘণ্টা গুম করে রাখার পর গ্রেপ্তার দেখানো এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করে দুজনকে রিমান্ডে পাঠানো ও চারজনকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে গ্রেপ্তার সকল নেতাকর্মীদের মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের এডিস মশা নিধনের ঔষধ আমদানিতে অবিশ্বাস্য জালিয়াতিতে নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়। সভা মনে করে, এই ধরনের জালিয়াতি ও দুর্নীতি ঘৃণ্যতম অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

মেসিকে কিভাবে আটকাবেন জানালেন সিনসিনাটি কোচ প্যাট নুনান

অনলাইন ডেস্ক:

ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে যোগ দিয়েই লিগস কাপের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। সাত ম্যাচে দশ গোলের পাশাপাশি সতীর্থদের করিয়েছেন আরও একটি গোল। ইউএস ওপেন কাপের সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ এফসি সিনসিনাটি কোচ প্যাট নুনান এই আর্জেন্টাইন জাদুকরকে থামানোর একটির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন।

বুধবার (২৪ আগস্ট) ইউএস ওপেন কাপের সেমিফাইনালে মায়ামির বিপক্ষে মাঠে নামার আগে সিনসিনাটি কোচ প্যাট নুনান মেসির দলকে থামানোর পরিকল্পনা প্রকাশ করেছেন।

সিবিএস স্পোর্টস গোলজোকে সিনসিনাটি কোচ নুনান বলেছেন, ‘প্রত্যেক দলই ভালো খেলোয়াড়কে থামানোর বিভিন্ন উপায় সম্পর্কে কথা বলেছে। স্পষ্টতই মার্টিনো একজন ভালো কোচ এবং তাদের একসঙ্গে কাজ করার ইতিহাস রয়েছে। আপনাকে অবশ্যই ভালো খেলোয়াড়দের মধ্যে পাস খেলা ভাঙতে হবে।’

তিনি আরও জানান, অনেক দল এবং কোচ সেরা খেলোয়াড়কে থামানোর পরিকল্পনা করেছে। আর এটিই বুধবার আমাদের বড় চ্যালেঞ্জ। তবে আমি জানি আমাদের ছেলেরা এটির জন্য প্রস্তুত রয়েছে। ন্যাশভিলের বিপক্ষে খেলাতেও আমি ভেবেছিলাম তারা ভালোভাবে ডিফেন্ড করেছে, মেসির ছোঁয়া সীমিত করেছে। কিন্তু মেসি অবিশ্বাস্যভাবে একটি গোল করে।

সিনসিনাটির কোচ আরও বলেন, ‘মেসিকে থামাতে হলে সঠিক রক্ষণের প্রয়োজন। আপনাকে তার কাছে যেতে সক্ষম হতে হবে এবং তাকে যে কোনো মূল্যে শট নেওয়া থেকে বিরত রাখতে হবে। আশা করি, বুধবার আমাদের কাছে এর কিছু উত্তর পাবেন।’

গত মাসে মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। অভিষেক ম্যাচ থেকেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চলছেন বিশ্বকাপজয়ী এই তারকা। নতুন ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচে ১০টি গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মায়ামিকে প্রথম লিগস কাপের শিরোপা জিততে সাহায্য করেছেন।

সিনেমা থেকে দূরে সরছেন নায়িকা মাহিয়া মাহি?

অনলাইন ডস্ক:

এক বছরের বেশি সময় ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে আছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের মার্চে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে রাজনীতিতেও সক্রিয় এই নায়িকা। মাহির কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলো কবে পর্দায় দেখা যাবে তা নিশ্চিত নয়।

বড়পর্দা থেকে দূরে থাকলেও ব্যক্তিজীবন, সংসার, আবার কখনো রাজনীতিকে কেন্দ্র করে আলোচনায় থাকেন মাহি। কিন্তু ভক্তদের প্রশ্ন, আবার কবে সিনেমায় ফিরবেনে এই নায়িকা? এ বিষয়ে চিত্রনায়িকা জানান, নিয়মিত কাজের ক্ষেত্রে একটু বেছে বেছে কাজ করবেন তিনি। বললেন, ‘আগে সিনেমা বেশি করতাম মানবিক কাজ কম করতাম। এখন মানবিক কাজগুলো বেশি করব। তাছাড়া আমার এখন সন্তান আছে, পরিবার আছে, পাশাপাশি আছে রাজনৈতিক জীবন। এসবে সময় দিতে হবে।’ নায়িকার এসব কথায় চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরার আভাস পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, মাহিয়া মাহি অভিনীত ‘অফিসার’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এতে বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব।

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

অনলাইন ডেস্ক:

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৬ যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক মারা গেছেন।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধ ভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

আইএনএম এর তথ্য অনুসারে, আহতদের মধ্যে ৯ জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

এর আগে চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহত হন ১৮ জন। এর আগে গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

নাতিকে ফেরাতে বাংলাদেশ থেকে ভারতে ৭৫ বয়সী আবুল হোসেন

অনলাইন ডেস্ক:

অভিমানে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারত চলে আসা যুবককে আইনি বেড়াজাল থেকে উদ্ধার করতে বাংলাদেশ থেকে রানাঘাটে এলেন বছর পঁচাত্তরের বৃদ্ধ আবুল হোসেন। উদ্দেশ্য, নাতিকে নিয়ে দেশে ফিরবেন। ভারতের আনন্দবাজার পত্রিকা পুলিশ সূত্রে জানায়, গত ৪ জুলাই রাতে ধানতলা থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বরণবেড়িয়া থেকে আটক করা হয় বছর পাঁচিশের যুবক সুইত রহমানকে। অনুপ্রবেশকারী হিসেবে তাঁকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। বর্তমানে ওই বাংলাদেশি যুবকের স্থান হয়েছে রানাঘাট উপ-সংশোধনাগারে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নাতির গ্রেপ্তার হওয়ার ঘটনা জানতে পারেন ঝিনাইদহের বাসিন্দা বৃদ্ধ আবুল হোসেন। সময় নষ্ট না করে নাতিকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে প্রথমে পাসপোর্ট, তার পর ভিসার অনুমতি নিয়ে গত সোমবার রাতে গেদে সীমান্ত হয়ে এ ভারতের মাটিতে পা রাখেন তিনি। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই বৃদ্ধ সটান চলে আসেন রানাঘাট আদালতে।

অচেনা দেশ, অচেনা মানুষজন। এতটুকুও ভয় না পেয়ে চোয়াল শক্ত করে আদালতের আইনজীবীদের পরামর্শ নেন তিনি। বৃদ্ধ বলেন, “ওই সুইত আমার ভাইগ্নার পোলা। ছোটবেলায় ও বাপেরে হারাইছে। ওই দেশে কাজ-কাম নাই। মায়ের লগে অশান্তি কইরা রাগে দেশ ছাড়ছে। ওরে দেশে ফিরাইতেই আমি বাংলাদেশ দিয়া এইহানে আইছি।” বৃদ্ধের দৃঢ় সংকল্প, “ওরে আমি দেশে ফিরামুই।”

নড়বড়ে অশক্ত শরীর। বৃদ্ধের সংকল্পে অভিভূত আইনজীবীদের অনেকেই। এ দিন আদালত চত্বরেও বৃদ্ধের উপস্থিতির ও নাতির টানে এ দেশে চলে আসার বিষয়টিকে কুর্নিশ জানান তাঁরা।

অনেকেই বলছেন, এ যেন চলচ্চিত্রের বাস্তবায়ন। আগামী ৩০ অগস্ট ধৃত বাংলাদেশি যুবক সুইতকে আদালতে তোলা হবে। আইনি জটিলতার বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নাতির হাত শক্ত করে ধরতে পারবেন কি না দাদু, সেই আশাতেই দিন গুনছেন আবুল হোসেন।

ইডেন ছাত্রলীগ সভাপতিকে পেটাল জুনিয়র কর্মীরা

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইডেন মহিলা কলেজের আলোচিত ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভাসহ কলেজটির বেশ কয়েকজন নেত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে দলের জুনিয়র কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ আগস্ট) ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভা শেষে টিএসসি মিলনায়তনের প্রবেশ পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সভায় প্রথম দিকের চেয়ারে বসেছিলেন রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ বেশ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন কেন্দ্রীয় পদধারী নেত্রী তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তবে তারা রিভাদের চিনেন না জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন রিভা। পরে সভা শেষে সৈকতের অনুসারী বঙ্গমাতা হল ছাত্রলীগে পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীসহ কয়েকজন রিভাকে আটকে ধরেন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইডেন কলেজের দুই নেত্রী নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমে অভিযোগ করে বলেন, ‘রিভা আপুকে গলা টিপে ধরে কয়েকটা থাপ্পড় মারছে, লাথিও মারা হয়েছে। এটা তো আমাদের ইউনিট ছাত্রলীগকে থাপ্পড় মারা হলো। এটা মেনে নেওয়া যায় না। ইডেন তো সাধারণ ইউনিট না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। সঠিক বিচার না হলে আমরা শেষ পর্যন্ত যাব।’

তামান্না জেসমিন রিভা একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বলেন, বসা নিয়ে ছোটবোনদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারা ইউনিভার্সিটির কয়েকজন পদপ্রত্যাশী। আমরা কেন্দ্রীয় পদধারীরা বসতে চাইছি, কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না এরকম। পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে তাদের সরিয়ে দেন। পরে আমরা যখন সভা শেষে বের হই, আমাদের কয়েকজনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তেমন কিছু হয়নি।’

অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী ওই গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগে গিয়ে সামনে বসেন। ১২টার দিকে ইডেনের নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছেন। তারা ওই মেয়েগুলোকে মুখে ধরে বাজে ব্যবহার করেছেন। তো আমরা প্রোগ্রাম শেষে রিভার কাছে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করেন। আমরা বাঁচার জন্য যা করার করছি। ওরা অনেকে ছিলেন। ইডেন কলেজ মারামারিতে সবসময় ফার্স্ট, আমরা না।’

মশার ভয়ে কাবু অর্থমন্ত্রী একটি কথা বলতে ভুলে গেলেন

 

ডেস্ক রিপোর্ট:
ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি অনুষ্ঠানে মশার ভয়ে বক্তব্যের একাংশ বলতে ভুলে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঞ্চের নির্দিষ্ট স্থানে গিয়ে বক্তব্য না দিয়ে নিজ আসনে বসেই বক্তব্য শেষ করেন তিনি। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও সমাপনী বক্তব্য দিয়ে ফেলেন। এ পর্যায়ে অর্থমন্ত্রী মাইক্রোফোন নিয়ে বলে উঠেন, মশার দিকে নজর রাখতে গিয়ে তিনি একটি কথা বলতে ভুলে গেছেন।

এরপর রাজস্ব আদায় সম্পর্কে ফরাসি অর্থমন্ত্রীর একটি বক্তব্যের উদাহরণ দিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রাজহাঁসের পালক এমনভাবে তুলতে হবে, যেন রাজহাঁস কষ্ট না পায়। একজন কর দেবেন, আরেকজন দেবেন না, তা যেন না হয়।’

আজ মঙ্গলবার ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন। আগারগাঁওয়ের এনবিআর ভবনে এই অনুষ্ঠান হয়।

মশা নিয়ে অর্থমন্ত্রীর অন্য সবার চেয়ে বেশি ভয় থাকার হয়তো কারণ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং সেই বছরই জাতীয় বাজেট পেশের দিন বেশ অসুস্থ ছিলেন। তিনি যখন বাজেট পেশ করতে প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন, তখন একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রীর হয়ে বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন।

এনবিআর ভবনে আজ যখন অনুষ্ঠান হচ্ছিল, তখন একজনকে মশা মারার ব্যাট হাতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।