All posts by jitu

চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

অনলাইন ডেস্ক:

নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (২০ আগস্ট) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৯ আগস্ট) রাত ৩টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ আমাদের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তানভীর আহমেদ রবিন শনিবার রাত ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ের দিকে রওনা হন। তখন আগে থেকে কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান করা গোয়েন্দা পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে নাইটিঙ্গেল মোড়ে ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে শুনেছি। উপস্থিত অনেক লোক এ ঘটনা দেখেছেন।

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১১ শ্রমিক

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (২০ আগস্ট) উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এ জঙ্গি হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার।

উত্তর ওয়াজিরিস্তান রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং আফগানিস্তান সীমান্তে অবস্থিত।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলছেন, এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলার নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। রোববার তাদের ট্রাকে করে সেখানে নেওয়ার সময় আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয়।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই শ্রমিকরা নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। তাদের বহন করা ট্রাকের নিচে বোমা বিস্ফোরণ হলে তারা নিহত হন।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কোনো জঙ্গগোষ্ঠী দায় স্বীকার করেনি বলে জানিয়েছে আলজাজিরা।

গত বছর পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি থেকে সরে আসে দেশটির সরকার। এরপর থেকে দেশটিতে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। টিটিপির পাশাপাশি এসব হামলার দায় মাঝে মাঝে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসও স্বীকার করে।

খবর আলজাজিরা।

বিএনপি নেতা তানভীর আহমেদসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি

অনলাইন ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী। রোববার (২০ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বিএনপির নেতা রবিনসহ ১২ জনকে নাইটেঙ্গেল মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।

এর আগে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রাতে রিজভী বলেন, তানভীর আহমেদ রবিন শনিবার দিবাগত রাত ১২টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে নাইটিঙ্গেল মোড়ের দিকে রওয়ানা হন। তখন আগে থেকে কার্যালয়ের সামনে ও আশপাশে অবস্থান করা গোয়েন্দা পুলিশ তাকে ধাওয়া করে।

এক পর্যায়ে নাইটিংগেল মোড়ে ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে শুনেছি। উপস্থিত অনেক লোক এ ঘটনা দেখেছেন। পরিবারের সাথে কথা বলে সেটা নিশ্চিত হয়েছি। কিন্তু ডিবি পুলিশ তা স্বীকার করছে না। তুলে নিয়ে গিয়ে স্বীকার না করার এই ব্যাপারটি মনুষ্যত্বহীন কাজ। অথচ এ কাজটি তারা ধারাবাহিকভাবে করছে। এ সময় অবিলম্বে রবিনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

পরিবর্তন করল ছাত্রলীগের সমাবেশের তারিখ

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর হবে এই সমাবেশ। শনিবার (১৯ আগস্ট) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ‘পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠেয় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।’

আরও বলা হয়, সমাবেশটি ওই দিন বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা নগরীতে গাঁজাসহ ১৩ মামলার ডাকাত গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ৬ কেজি গাঁজাসহ ১৩ মামলার ডাকাত মাহফুজুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১। তার নামে বিভিন্ন থানায় ৮ টি ডাকাতি মামলা, ২ টি হত্যা মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ আগস্ট) সকালে নগরীর মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের মৃত. রেহান উদ্দিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

মামুনুল হকের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে শায়খুল হাদীস পরিষদ

অনলাইন ডেস্ক:

মামুনুল হকসহ কারাবন্দি সব আলেম-ওলামাদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেবে শায়খুল হাদীস পরিষদ। রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হবে।

এসময় উপস্থিত থাকবেন শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে। এরপর গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুলকে।

সরকারকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:

ছাত্রদলের গ্রেপ্তার ছয় কর্মীকে মুক্তি দিতে সরকারকে ৪ থেকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।

এর আগে, শুক্রবার (১৮ আগস্ট) বিএনপির গণমিছিলের পর ছাত্রদলের গ্রেপ্তার ছয় কর্মীকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করে দলটি।

মির্জা ফখরুল বলেন, গতকালের (শুক্রবার) গণমিছিল পরবর্তী ছাত্রদলের ৬ কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, আগামী ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখ গৃহবন্দি করে রেখেছে সরকার। তাকে যে মামলায় দণ্ড দেওয়া হয়েছে, সেই একই মামলায় আওয়ামী লীগের চার-পাঁচজন মন্ত্রীর মামলা তুলে নেওয়ার পাশাপাশি এখনো মন্ত্রী আছেন।

তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যথায়, বন্দি অবস্থায় বেগম জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব হাসিনা সরকারকেই নিতে হবে।

ফখরুল বলেন, আজকে শুধু তারাই নয়, আমাদের নেতাকর্মীদের কেউ ঘরে থাকতে পারে না। তাদের পুলিশ হয়রানি করছে। এরা বিচার বিভাগ থেকে শুরু করে সবই ধ্বংস করেছে। আমরা এই সরকারের পদত্যাগ চাই। ইনশাআল্লাহ আগামীতে একটি ভালো নির্বাচন হবে। যেখানে জনগণ তাদের ভোট দিতে পারবে। এখনো সময় আছে নেতাকর্মীদের গ্রেপ্তার করবেন না, বাসাবাড়িতে হানা দিবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। অবিলম্বে একদফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহানগর দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবিন, উত্তর বিএনপির আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে

চৌদ্দগ্রামে লাইভে মাদক সেবন করে কারাগারে, ছাড়া পেয়ে দুধ দিয়ে গোসল

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে জেল থেকে বেরিয়ে আর মাদক সেবন করবেন না বলে ফেসবুক লাইভে দুধ দিয়ে গোসল করেছেন ইসমাইল হোসেন নয়ন (৩৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৭ আগস্ট) চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসল করে মাদক সেবন না করার অঙ্গীকার করেন তিনি।

ইসমাইল হোসেন নয়ন চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে চৌদ্দগ্রাম কাঁচাবাজারে বসে ফেসবুক লাইভে আসেন ইসমাইল হোসেন। এক পর্যায়ে তিনি মাদক সেবন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক কথা বলেন। পরে তাকে আটক করে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল ১৫ দিনের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠান।

কারাভোগের পর বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও করেন তিনি। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে গেছি। আর এমনটা করবো না। আর মাদক সেবন করবো না।’

অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, তার হাতে একটি দুধের বোতল। দুধ খাচ্ছেন আর বলছেন, ‘সামনে থেকে আর প্লাস্টিক (মাদক) খাবো না। খাবো দুধ। দুধে প্রোটিন আছে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, জেল থেকে ছাড়া পেয়ে ইসমাইল আমার কাছে আসেন। তিনি তখন আমাকে বলেছেন আর কখনও মাদক সেবন করবেন না। পরেও আমিও তাকে সতর্ক করি।

মদ্যপ অবস্থায় দুর্ঘটনার শিকার গায়ক মাইনুল আহসান নোবেল

 

বিনোদন ডেস্কঃ

নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। মদ্যপ অবস্থায় নোবেলের মাতালামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরদিন গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং স্থানীয়দের তাচ্ছিল্য করে বিভিন্ন মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তাঁর বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।

স্থানীয় খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি এম বরকতুল্লাহ বলেন, ‘নোবেলকে মদ্যপ অবস্থায় বড়দিয়ায় মধুমতি নদীর পাড়ে পাওয়া যায়। ওই অবস্থায় আমাদের স্থানীয় মানুষজন পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তাকে বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জে পাঠিয়ে দেয়।’

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার সাহা বলেন, ‘আসলে আমরা এ ঘটনার বিস্তারিত জানি না। তবে বিভিন্ন মানুষের কাছ থেকে এমনই শুনেছি।’

কয়েক দিন আগেই অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।

জামিনে বের হয়ে সংবাদমাধ্যমকে নোবেল জানিয়েছিলেন, ‘পেছনের সব ভুল শুধরে আগের নোবেলে ফিরে যেতে চাই’। তবে কিছুদিন না যেতেই নিজের ওয়াদা ভুলে নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।

নোয়াখালীতে ভুয়া ডাক্তারের ২ বছরের কারাদন্ড

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে এক ভুয়া ডাক্তারকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজের অপরাধে হসপিটাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তারের নাম অমর শীল (৩৫)। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জের উলিপুর গ্রামের গৌরেন্দ্র শীলের ছেলে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের নেতৃত্বে উপজেলার চৌমুহনী পৌরসভার জেনারেল মা ও শিশু হাসপাতালে এ অভিযান চালানাে হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে চৌমুহনী পৌরসভার পাবলিক হল এলাকার জেনারেল মা ও শিশু হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালটির নিচ তলায় চেম্বারে সহকারী অধ্যাপক (বিএস এমএমইউ), এমবিবিএস, এফসিপিএস, ডিডিভি স্পেশাল ট্রেনিং ইন ডার্মাটোলজি (থাইল্যান্ড)এর ডিগ্রিধারী পরিচয়ে রোগী দেখছিলেন ডাক্তার মো.এনামুল হক। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তার প্রকৃত নাম অমর শীল (৩৫)। ২০০৩ সালে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি ও ২০০৫ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর বেশি তিনি পড়াশোনা করেন নাই। এ হসপিটালে তিনি গত ৪ মাস যাবত চেম্বার করেন।এর আগে তিনি জেলা শহর মাইজদীর ট্রাস্ট ওয়ান হসপিটালে চেম্বার করতেন।

অভিযানে জেনারেল ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার এনামুল হক নামধারী ভুয়া চিকিৎসকের সাথে চুক্তিপত্র বা তার সার্টিফিকেট/ডিগ্রীর সনদপত্র দেখাতে পারে নি। ভুয়া চিকিৎসক ডা.এনামুল হক প্রতিদিন ৩০-৩৫ জন রোগী দেখতেন। রোগী প্রতি ৭শত টাকা করে ফি নিতেন।

পরবর্তীতে তথ্য-প্রমাণ ও তার স্বীকারোক্তির ভিত্তিতে অমর শীলকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে দুই বছরের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সাথে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজের অপরাধে হসপিটাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনার সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ।