All posts by jitu

৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

 

ডেস্ক রিপোর্টঃ

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে পরীক্ষা।  আন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। আগে প্রকাশিত সময়সূচী অনুযায়ীই বোর্ডগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

কুমিল্লার মুরাদনগরে মরা গরু জবাই করে মাংস বিক্রি

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে মরা গরুর মাংস উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরা গরুর মাংস জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ভিপি জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন জনায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাখরনগর গ্রামের জীবন কসাই ও মোরশেদ কসাইয়ের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মরা গরুর মাংস কাটাকাটির সময় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা দৌড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, বাখরনগর গ্রামে অর্ধশতাধিক কসাই রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন দুর্বৃত্ত নিয়মিত মরা গরু জবাই করে বাজারে এনে বিক্রি করছে। ইতোপূর্বে এই গ্রামের একাধিক মাংস বিক্রেতা মরা গরু জবাই করে বিক্রির সময় বাজার কমিটিসহ স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। এরপর তাদের সতর্ক করা হলেও বেপরোয়া কসাই চক্র রাতের অন্ধকারে মরা গরু জবাই করে বিক্রি অব্যাহত রেখেছে।

এ বিষয়ে ইউএনও আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, মরা গরু জবাই করে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল বাখরনগরে গিয়ে ঘটনার সত্যতা পাই। তবে জড়িত কসাইরা মাংস ফেলে পালিয়ে যায়। আমরা মরা গরুর এসব মাংস জব্দ করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার লাকসামে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ১৫ মামলার আসামিসহ ছিনতাইকারী ও চাঁদাবাজি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একশত টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে পাঠানোর হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার রাজঘাট বেপারি বাড়ির আবু তাহেরের ছেলে ১৫টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল মিয়া (৪০), একই এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে আহমেদ সাকিব (২৮), দিদার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৬), আবুল খায়েরের ছেলে মোস্তফা কামাল (২৫), আক্কাস মিয়ার ছেলে রবিউল হোসেন রুবেল (৩১) ও আবদুল কাদেরের ছেলে রিয়াদুল ইসলাম (২৭)।

মামলার সূত্রে জানা যায়, লাকসাম উপজেলা পরিষদের সামনে বিসমিল্লাহ হাউজে বাসা ভাড়া নিয়ে থাকেন শান্তি মনি চাকমা। গত ৭ আগস্ট রাতে চাঁদাবাজির চক্রের কয়েকজন তার বাসায় প্রবেশ করেন। এসময় ওই চক্রটি সরকারি কর্মচারী ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাদীকে একাধিক মামলা ফাঁসিয়ে দেবে বলে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই চক্র।

এ সময় বাদীর কাছ থেকে নগদ ৯ হাজার টাকা আদায় করে, বাকি টাকা জন্য চলতি মাসের ৮ তারিখ উল্লেখ করে একশ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় তারা। ভুক্তভোগী শান্তি মনি চাকমা বুধবার সকালে লাকসাম থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ধনাশী গায়ের বধূ

 

এ কে সরকার শাওনঃ

ধনাশী গায়ের বধূ চলছে
চতুরদোলায় চড়ে!
হৃদয়ে ধকল আঁখি ছলছল
তাকায় পিছন ফিরে!

জনক-জননী স্বজন-সজনী
সবাই অশ্রু সজল!
দু’চোখে গড়ায় মেঘনার জল
নীরবে অনর্গল।

সতীর্থ-সখী পাল্কীমুখী
নিশ্চুপ বিহ্বল!
বধূ বিদায়ের আনন্দাশ্রু
তিতাসের সম জল।

অষ্ট বেহারা নন্দে ছন্দে
উহুমনা উহুমনা বলে।
ধনাশী বধূর স্বপ্ন দোলে
পালকি দোলার তালে।

পরকে করবে যত্নে আপন
বাঁধবে মায়ার বাঁধন।
সোনার হাতে সোনার সংসার
সাজাবে মনের মতন!

রূপকথার ঘোড়সওয়ার
চদুলে বর রাজন।
পাগলা হাওয়ায় পাগড়ি উড়ে
যেন বিজয়ের কেতন।

পারিষদ নাচছে মাইক বাজছে
চলছে হেলে দুলে।
কৃষক-জেলে তালি দিচ্ছে
হাতের কাজ ফেলে!

ঐ দেখো উৎসুক জনতা
ধনাশী গায়ের কোলে!
গায়ের কাছে জোশ বেড়েছে
সবাই বীরদর্পে চলে।

ফানুস উড়ছে পটকা ফুটছে
জ্বলছে আতসবাজি।
ছেলে বুড়ো সবাই নাচছে
ঢুলি কাজের কাজী!

উৎসব মুখর বিয়ে বাড়ী
প্রস্তুত বরের স্বজন।
ধান, দূর্বা, আলোকসজ্জায়
চলছে বধূ বরণ!

মন্ডা মিঠাই পান বাতাসা
বিলাচ্ছে রসিয়ে রসিয়ে!
ধন্য ছেলে ফিরছে গায়ে
ধনাশী বধূ জয়ে!

সুখ অনুরণনে সংসার রণে
চারটি দশক পার!
ফলে-ফুলে পূর্ণ আজ
ধনাশী বধূর সংসার।

ধনাশী বধূর সংসারে আজ
চাঁদের হাট নির্ঘাত।
নতুন বাড়ী নতুন অতিথি
চাঁদ কপালে বরাত।

সুবর্ণচরের বিএডিসিতে হরিণ শাবকের জন্ম

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) একটি হরিণ শাবকের জন্ম হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালের দিকে একটি হরণী বাচ্চাটি প্রসব করে।

 

সুবর্ণচর বিএডিসি খামারের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শক্রবার সকালে বিএডিসিতে সদ্য জন্ম নেওয়া শাবকটি নিয়ে ঘুরছিল হরিণী। শাবকটি সুস্থ আছে। এ নিয়ে বিএডিসিতে হরিণের সংখ্যা দাঁড়ালো ৫টি। এর মধ্যে মা হরিণ ২টি,পুরুষ হরিণ ২টি এবং নবজাতক রয়েছে ১টি।

তিনি আরও বলেন, সুবর্ণচরের বিএডিসির খামার বর্তমানে সহস্রাধিক পণ্য নিয়ে কাজ করছে। দেশীয় প্রজাতির সকল প্রকারের মাছ, গবাদি পশু, হাঁস মুরগী, শস্য, ফসলাদি, ফল, ফুলসহ বণ্যপ্রাণী এবং পাখ পাখালির অভয়ারণ্য বলা চলে সুবর্ণচরের বিএডিসিকে।

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৫। মামলার পর অভিযুক্ত বাবা পলাতক রয়েছে বলে জানা গেছে। সে উপজেলার মাহাতাবপুর গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দা এবং এক সময় প্রবাসী ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। ওই সময় লোক লজ্জার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানায়নি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নারীও শিশু নির্যাতন ধমন আইনে তার বাবাসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তরুণীকে জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

এবার নির্বাচন নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগই একমাত্র দাবি বিএনপির। এ দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। দেশের জনগণ কি সেটা হতে দিবে? এসময় নেতাকর্মীরা বলেন, না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।

বিচার বিভাগ ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের জেল দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।

নির্বাচন কমিশন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই। একটাই দাবি, দাবি কী? তখন তিনি নেতাকর্মীদের সঙ্গে বলেন, শেখ হাসিনার পদত্যাগ।

মির্জা ফখরুল বলেন, এই আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করে দিয়েছে। আমাদের বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে। বিচার বিভাগের মধ্য দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। তাতে কি আন্দোলন থেমে গেছে। থামানো কি যায়? না।

বিএনপি মহাসচিব বলেন, দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। কোনোভাবেই আমাদের আটকানো যাবে না।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন, না হলে আমাদের নেতাও বলেছেন ফয়সালা হবে রাজপথে। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, জহিরুল হক শাহজাদা মিয়া, ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

দাউদকান্দিতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

 

জাকির হোসেন হাজারীঃ

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১১ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ আহসান হাবিব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারেরর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর।

সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ি ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরান খতম, ১৫ আগস্ট সকাল আটটায় জাতীয় পতাকা, শোক দিবসের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া-মিলাদসহ সুবিধামতো সময়ে মসজিদ ও মন্দিরে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া ও প্রার্থণা সভা ও কাঙ্গালী ভোজ বিতরণ, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস পালন ও ২১ আগষ্ট গ্রেনেডে হামলা দিবস পালনে জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ছাড়াও ভাইস চেয়ারম্যানগণ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীল সদর উপজেলায় মধ্য যুগীয় কায়দায় কিশোর অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ টু কিল্লারহাট সড়কের রাজারামপুর সীমানায় এ ঘটনা ঘটে।

নিহত মো.রিজায় (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো.কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহর মাইজদীর বড় মসজিদের মোড় থেকে কাদির হানিফ ইউনিয়নের কিল্লারহাট রুটে নিয়মিত অটোরিকশা চালাত রিয়াজ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী রিয়াজকে তার ব্যাটারিচালিত অটোরিকশাসহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিয়ে যায়। এরপর তাকে চলন্ত রিকশায় পিছন থেকে গলার দ্ই জায়গায় জবাই করে হত্যার পর লাশ সেখানে রাস্তার পাশে জমিনে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, নিহত কিশোররের অটোরিকশার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গলায় অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট রাতে উপজেলার লক্ষীপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি, ঢাকার মোহাম্মদপুরের মৃত. লিয়াকত হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন রনি (৩৭)।

১১ আগস্ট কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।