All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর থেকে মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীর থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুমন সাহা (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে জেলা শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন শহরের কালাশ্রীপাড়া এলাকার অশোক সাহার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শহরের পাইকপাড়া এলাকার তিতাস নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়েছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহটি নদীর তীরের রেলিংয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলানো ছিল। ওই ব্যক্তির শরীরে থাকা গেঞ্জিতে লেখা ছিল ‘বাবার হক আমি পাইলাম না, আমার মেয়েরা যেন সেই হক পায়’।

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

গোমতী নদীতে ‘শেখ রাসেল ১৯তম জাতীয় দুরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীতে শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

প্রতিযোগিতা শেষে দেবিদ্বারের এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম।

এছাড়া অন্যান্যদের মধ্যে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল ও বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম, কুমিল্লা জেলার পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল মান্নান, বিপিএম (বার), কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জাতীয় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, বিপুল সংখ্যক সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতার এবং ৭ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর হতে শুরু হয়ে দেবিদ্বার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সাঁতারে অংশ নেয়।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী হতে ফয়সাল আহম্মেদ, ১ ঘন্টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও বাংলাদেশ নৌবাহিনী হতে পলাশ চৌধুরী, ১ ঘন্টা ৪০ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে জুয়েল আহম্মেদ, ১ ঘন্টা ৪৪ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। অন্যদিকে, চূড়ান্তভাবে ৭ জন মহিলা সাঁতারু বুড়িচং উপজেলার গোমতী নদীর কংশনগর হতে শুরু হয়ে দেবিদ্বার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনী হতে সোনিয়া আক্তার, ১ ঘন্টা ১৩ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও বাংলাদেশ নৌবাহিনী হতে সুরাইয়া আক্তার, ১ ঘন্টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে মোছাঃ মুক্তি খাতুন, ১ ঘন্টা ১৮ মিনিট ০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রান্তিক পর্যায়ে দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশের প্রতিভাবান সাঁতারুদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এধরণের উদ্যোগের মাধ্যমে নতুন নতুন সাঁতারু খুঁজে পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত ২৮ মে ২০২৩ বাংলাদেশ নৌবাহিনী সুইমিং পুল, বনানী, ঢাকায় উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২০১৭ সালে আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা কৃতী সাঁতারুরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এই সেরা সাঁতারুরাই দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক সাঁতার অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা করা যায়।

গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে নিহত ৭৮

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক। তবে নৌকাটিতে ঠিক কতজন ছিল তা এখনো জানা যায়নি। খবর আল-জজিরার।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়।

এর আগে দেশটির কোস্টগার্ড জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা জটিল হয়ে পড়ে।

এদিকে জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক যান ও একটি বিমানবাহিনীর হেলিকপ্টারসহ বেশ কয়েকটি বেসরকারি জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নেয়।

ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর। জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহুগুণ বেড়ে গেছে।

রং নম্বরে পরিচয়, পরকীয়ার জেরে প্রবাসীর হাতে মা-মেয়ে খুন: পুলিশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

পরকীয়া প্রেমিকের সাথে টাকা নিয়ে টানাপোড়েনে কারণে মা-মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

বুধবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুধারাম মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আলতাফ হোসেন (২৮) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুল মুনাফের বাড়ির মৃত আবুল কালামের ছেলে এবং ওমান প্রবাসী ছিল।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪০) ও তার মেয়ে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, ভিকটিম নূর নাহার বেগমের সাথে প্রবাসে থাকা অবস্থায় রং নম্বরের সূত্র ধরে পরিচয় হয় আসামি আলতাফের। একপর্যায়ে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এরপর ভিকটিম আসামি আলতাফকে ওমান থেকে দেশে এসে ব্যবসা করার জন্য বলে এবং ব্যবসার সম্পূর্ণ মূলধন এবং তাহার সকল দেনা বহন করার আশ্বাস দেয়। ভিকটিমের আশ্বাসে গত ১ সপ্তাহ আগে আসামি ওমান থেকে ভিসা বাতিল করে সব ছেড়ে দেশে চলে আসে। দেশে এসে আসামি ভিকটিম নূর নাহার বেগমের বাসায় ৪/৫ বার গিয়ে ব্যবসার টাকা দেওয়ার জন্য বললে ভিকটিম নুর নাহার বেগম ব্যবসার টাকা দিতে তালবাহানা করতে থাকে। বুধবার ১৪ জুন সকাল ১০টার দিকে পুনরায় টাকা চাওয়ার জন্য আসামি ভিকটিমের মাইজদী শহরের বার্লিংটন মোড়ের হক মঞ্জিলের বাসায় যান। তখন টাকা চাইলে ভিকটিম টাকা দিতে অস্বীকার করে।

এসপি আরও বলেন, এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আলতাফকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় ভিকটিম। একপর্যায়ে আসামিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে উদ্যত হয়। এতে আসামি আলতাফ ক্ষিপ্ত হয়ে তাহার সাথে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে তার কক্ষের ভিতরে উপর্যুপরি আঘাত করে। ওই সময় ভিকটিমের মেয়ে ফাতেহা আজিম প্রিয়ন্তী (১৬) মায়ের শোর চিৎকারের শব্দ শুনে মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আসামি আলতাফ তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত হয়ে প্রিয়ন্তী দৌঁড়ে নিচ তলার ভাড়াটিয়ার বাসার দরজায় ধাক্কা দিলে ভাড়াটিয়া দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে প্রিয়ন্তী ডাইনিং রুমের মেঝেতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। প্রিয়ন্তীর পিছু পিছু আসামি আলতাফ হোসেন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। উপর্যুপরি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম নুর নাহার বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন গুরুতরভাবে জখমপ্রাপ্ত প্রিয়ন্তীকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি আলতাফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে পুলিশ বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি পুলিশের নিকট উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানায় এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরির কভার তাহার দেওয়া তথ্য মতে তাহার মেস থেকে জব্দ করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

চাঁদপুর সদরে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে নিহত ১

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুর সদর উপজেলায় নব-নির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে ইলেকট্র্রিশিয়ান নিহত হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার মনিহার গ্রামের একটি ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত দেলোয়ার একই উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মনিহার গ্রামের আবুল বাশারের তিন তলা নব-নির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ওই কাজ করতে গিয়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান হাসিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, মৃত্যুর ঘটনা এখন জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে আমার কাছে কোন অভিযোগ আসেনি। তারা ঘটনার বিষয়ে আমাকে কিছু জানায়নি।

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা: ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল করিম (৩৫) নামের এক ব্যক্তিকে হত্যার ১৩ বছর পর ২ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এসময় আদালত দুই আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামে মো. মজনু মিয়া ও কবির মিয়া।

মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা গ্রামের আবদুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনা প্রমাণিত হয়। দুই আসামি ১৬৪ ধারায় টাকার লেনদেনের দ্বন্দ্বে হত্যা করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় আদালত তাদের ফাঁসির আদেশ দেয়।

কুমিল্লার বরুড়ায় ৩০টি গাঁজার গাছসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলা থেকে ৩০টি গাঁজার গাছসহ পেয়ারা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাত সারে ৩টায় পেয়ারা বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া নারী উপজেলার গালিমপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মীর রেজাউল ইসলামের সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই (নিঃ) আলী মর্তুজা, এ এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গালিমপুর গ্রামের সবুজের বসত ঘর সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে পেয়ারা বেগমকে আটক করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সবুজ নামের আরো একজন আসামি পলাতক রয়েছে।

এ বিষয়ে এসআই মোঃ আলী মর্তুজা জানান, পলাতক আসামী সবুজ (২৫) দীর্ঘদিন যাবৎ পেয়ারা বেগমের কাছ থেকে গাঁজার গাছ (ডালপালা ও শিকড় সহ) ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনপি এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে: ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জেল ও তত্ত্বাবধায়ক সরকার- এ দু’টো আওয়ামী লীগ করেনি। বেগম জিয়াকে মুক্ত করতে তারা একটি ভালো আন্দোলনও করতে পারেনি। এই ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিষয়টি অভ্যন্তরীণ। এই অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য। রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে তাকে মুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন।’

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ হিউম্যান রাইটস ওয়াচের প্রেসক্রিপশনে চলে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবেও না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’

প্রত্যেককে নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের নামে যা হয়েছে তা আমরা দেখেছি। ট্রাম্প আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। গণতন্ত্রের ত্রুটি আছে, প্রাতিষ্ঠানিক রূপ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের গণতন্ত্র‌ও ত্রুটিমুক্ত নয়।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা দেখেছি। এগুলো দেশের মানুষের মনে আছে।’ তিনি বলেন, ‘গাজীপুর ও বরিশাল খুলনা সিটি নির্বাচন হয়েছে। এ ধরনের নির্বাচন হলে কি কারও সন্তুষ্ট হওয়ার কথা। জনপ্রিয়তা প্রমাণে নির্বাচনে আসতে হবে।’

এসময় জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত তো নিবন্ধিত দল নয়, তারা নির্বাচন কিভাবে করবে?’