All posts by jitu

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা!

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দি তুচ্ছ ঘটনায় রেজাউল(২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(২০এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি গ্রামে ফকির বাড়ীতে এঘটনা ঘটে। রেজাউল ওই গ্রামের সাইজুদ্দিনের ছেলে।

নিহতের চাচাত ভাই বাহাউদ্দীন, আমিনুল ও হাসান জানান, খোশকান্দি গ্রামের হারুন মিয়ার চা দোকানে একই গ্রামের (ফকির বাড়ি) মোরশেদ মিয়ার ছেলে মোঃ শরীফ (১৮) এর সাথে সামান্য কথা নিয়ে পাশের বাড়ীর (মধ্যপাড়া) কফুল মিয়ার ছেলে আলী জব্বরের কথা কাটাকাটি হয়। এক এক পর্যায়ে আলী জব্বর শরীফকে মারধর করে। এঘটনা শুনে শরিফের চাচাতো ভাই রেজাউল করিম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করেন। একপর্যায়ে লাঠি সোটা নিয়ে লতিফ মিয়ার ছেলে জহিরসহ আলী জব্বর, হাসেম খান, মানজুসহ ১০/১২জন শরীফ ও রেজাউলকে পিটিয়ে ফেলে রাখে।

আমরা তাদেরকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে নেয়ার পথে রেজাউল মারা যায়। আহত শরীফ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, শরীয় ও রেজাউলের মাথায় আঘাত থাকায় তাদের ঢাকায় রেফার করি। পথেই রেজাউল মারা গেলে পুনরায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন,  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৫ মসজিদে ঈদের নামাজ আদায়

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৫টি মসজিদের মুসল্লিরা।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাজলিপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর, হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদ ও পশ্চিম সাহাপুর মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০-২৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি, পশ্চিম সাহাপুর জামে মসজিদে ১৫-২০ জন, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৩০০-৪০০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করছি। আমাদের পূর্বপুরুষরা ও একই নিয়ম মেনে রোজা রেখেছে এবং ঈদ উৎযাপন করেছে।

এসব তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তারা বলেন, প্রাথমিক ভাবে জানা যায় ৪টি মসজিদের মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে।

সৌদি আরবে ঈদ শুক্রবার

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পালন হবে পবিত্র ঈদ-উল-ফিতর।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।

এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন, ব্রুনেই ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্‌যাপন করবেন বাংলাদেশের মানুষ।

চট্টগ্রামসহ দেশের ৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের পর সেখানে বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে বৃষ্টিও হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, গতকালের তুলনায় ঢাকায় আজ গরমের তীব্রতা সামান্য বেশি মনে হচ্ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঢাকায় আজ কালবৈশাখীর সম্ভাবনা কম।

সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসের আর্দ্রতা আগামীকাল আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে।

তবে আগামী শনিবার থেকে সারা দেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুড়িংয়ের বাকশীমূলের আশ্রয়ণে বসবাসরত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে  কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের সকল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ যুবলীগের সহ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল আরেফিন ভূইয়া রুম জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও  সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এর নির্দেশনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা”র ঈদ উপহার সামগ্রী আশ্রয়ণে বসবাসরত মানুষের মাঝে বিতরণ করি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দ: জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছোবহান খন্দকার সেলিম, সদস্য
শাহ আলম মুন্সী, বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য মো: লিটন ও মোকাম ইউনিয়ন পরিষদের সদস্য মো: জাকির হোসেন।

মালয়েশিয়াসহ সাত দেশে ঈদ শনিবার

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

সৌদিতে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নয় ওমরাহ যাত্রী। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তারা সবাই পাকিস্তানের নাগরিক। পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, গত বুধবার (১৯ এপ্রিল) মদিনা থেকে রিয়াদ যাওয়ার সময় আল কাসিম এলাকার কাছে দুর্ঘটনার মুখে পড়েন ওমরাহ যাত্রীরা। এতে নয়জন নিহত এবং আরও পাঁচজন আহত হন।

নিহতরা নানকানা সাহেবের পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগর ও চক ১৮’র বাসিন্দা বলে জানা গেছে। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন।

এর আগে, গত মার্চে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২২ ওমরাহ যাত্রী। এদের মধ্যে আটজনই ছিলেন বাংলাদেশি।

গত ২৭ মার্চ ওমরাহযাত্রীদের বহনকারী বাসটি ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে তাতে আগুন ধরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনায় আরও অন্তত ১৮ জন বাংলাদেশি আহত হন।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন।

শবে কদর উপলক্ষে অসুস্থ ঘোড়া-কুকুর জবাই করে গরু-ছাগলের মাংস বলে বিক্রি

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র শবে কদরে ফাতেহা উপলক্ষে মানুষ মাংস কিনেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রোগাক্রান্ত ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রয়কারী কক্সবাজারের বহুল আলোচিত মাংস বিক্রেতা মাহবুবুল আলম ওরফে কসাই মাহাবুকে (৩৪) গ্রেফতার হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে কক্সবাজার র‍্যাব ক্যাম্পের কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‍্যাবের একটি দল জেলার রামু উপজেলার পাহাড়ি বড় ঢেপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাহাবুবুল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা এলাকার বাসিন্দা মিয়া জানের ছেলে।

ভোক্তাদের গরুর মাংস বলে ঘোড়ার মাংস খাইয়ে জঘন্য প্রতারণাকারী কসাই মাহাবু’র বিরুদ্ধে হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য এম মনজুর আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

র‍্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতে পর্যটক মনোরঞ্জনে ব্যবহার করার পর অসুস্থ, বৃদ্ধ ঘোড়াগুলোকে কখনো অল্প মূল্যে, কখনো বিনামূল্যে বিভিন্ন কৌশলে সংগ্রহ করে সেগুলো জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করতেন কসাই মাহাবু। এভাবে মোট ২০-২৫টি ঘোড়া ইতোমধ্যে জবাই করে মাংস ভোক্তাদের খাইয়েছেন তিনি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাবুবুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেন। তবে, তার দাবি- যেহেতু গরুর চেয়ে ঘোড়া বেশি মূল্যবান প্রাণী, তাই ঘোড়ার মাংস বিক্রি করে তিনি কোনো অন্যায় করেননি।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, রাতের আঁধারে দীর্ঘদিন যাবত অসুস্থ ঘোড়া এনে জবাই করে সেই মাংস গরুর বলে বিক্রি করতেন মাহাবুবুল। এমনকি কুকুরও জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির গুঞ্জনও রয়েছে তার বিরুদ্ধে। তাকে র‍্যাব গ্রেফতার করায় এলাকাবাসী খুশি। তাকে ধরতে পরিষদ র‍্যাবকে সহযোগিতা করেছে।

সূত্র মতে, গত ১৮ এপ্রিল উখিয়ার মরিচ্যা বাজারের কসাই মাহাবুবুল আলম রাতে অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে মানুষকে বিক্রি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত মাহাবু পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তবে এসময় ঘোড়ার মাথা, চামড়াসহ মাংস জব্দ করা হয়। বিষয়টি জানাজানি হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের আলোচনা-সমালোচনার মধ্যে কসাই মাহাবুকে আটকে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। অবশেষে ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে র‍্যাব কর্তৃক গ্রেফতার হলেন তিনি।

কসাই মাহবুবুলকে গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়া কক্সবাজার র‍্যাব ক্যাম্পের কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসতেই মাহবুবুল গা ঢাকা দেন। গ্রেফতার এড়াতে তিনি কবরস্থানের মতো জায়গা বেছে নিয়ে সেখানে অবস্থান শুরু করেন। প্রায় ২৪ ঘণ্টার টানা অভিযানে বুধবার ইফতারের আগে গোপন সংবাদের ভিত্তিতে কসাই মাহাবুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন জঘন্য অপকর্মে কেউ যেন লিপ্ত হতে না পারে, র‍্যাব এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তাকে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।

তদন্তাধীন অবস্থায়ই ওই শিক্ষক পেয়েছেন বিদেশ চলে যাওয়ার জন্য অনাপত্তিপত্র

 

কুবি প্রতিনিধিঃ

২০২০ সালের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবারও এক শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উত্তরপত্র হারিয়ে ফেলার বিষয়টি তদন্তাধীন অবস্থায়ই ওই শিক্ষক বিদেশ চলে যাওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন। গত ১৩ এপ্রিল ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের শেষ কার্যদিবসে এ চিঠি পেয়েছেন তিনি।

অভিযুক্ত শিক্ষকের নাম সাদিয়া জাহান। তিনি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘পিএইচএআরএম-২২০২: ফার্মাসিউটিক্যাল অরগানিক কেমিস্ট্রি-২’ শিরোনামের কোর্স শিক্ষক ছিলেন তিনি।

গেল বছরের ৬ নভেম্বর ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থীদের সাথে ‘পিএইচএআরএম-২২০২: ফার্মাসিউটিক্যাল অরগানিক কেমিস্ট্রি-২’ কোর্সের মানোন্নয়ন পরীক্ষা দিয়েছিলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। নিয়মিত শিক্ষার্থীদের এ কোর্সটি না থাকায় শুধুমাত্র মানোন্নয়ন দেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো পরীক্ষার পর সংশ্লিষ্ট কোর্স শিক্ষক সাদিয়া জাহানকে বুঝিয়ে দেন পরীক্ষা কমিটির সদস্যরা। তবে ওই পরীক্ষার ফলাফল তৈরি করতে গিয়ে উত্তরপত্র না পেয়ে সাদিয়া জাহানকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরপত্র খুঁজে না পাওয়ার বিষয়টি জানান পরীক্ষা কমিটির সভাপতি জয় চন্দ্র রাজবংশীকে। এরপর তাঁর মাধ্যমেই পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর উত্তরপত্র হারিয়ে ফেলার বিষয়টি উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সাদিয়া। যদিও এ বিষয়ে কমিটির বাকি দুই সদস্য বিদ্যুৎ কুমার সরকার ও মো. কামরুল হাসান কিছুই জানেন না বলে দাবি করেছেন।

উত্তরপত্র হারিয়ে ফেলার বিষয়টি স্বীকার করে সাদিয়া জাহান বলেন, উত্তরপত্রগুলো আমার কক্ষেই ছিল। মূল্যায়ন করতে গিয়ে সেগুলো খুঁজে না পেয়ে আামি পরীক্ষা কমিটির সভাপতিকে জানাই। এরপর তাঁর থেকে অগ্রায়ন নিয়েই আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সাদিয়া জাহান থেকে চিঠি পেয়ে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুুল মঈনকে জানালে তিনি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.কে.এম. রায়হান উদ্দিনকে আহ্বায়ক, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হককে সদস্য ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিনক্ষণ নিশ্চিত করে বলতে না পারলেও গেল মাসের শেষের দিকে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম. রায়হান উদ্দিন। তিনি বলেন, আমাদেরকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা শিগগির সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে প্রতিবেদন জমা দেব।

এদিকে তদন্ত চলাকালীনই বিদেশ যাওয়ার জন্য অনাপত্তিপত্র পেয়েছেন সাদিয়া জাহান। আবেদনের পর গত বৃহস্পতিবার শেষ কার্যদিবসে তড়িঘড়ি এ চিঠি পান তিনি। যদিও একই ধরনের অনাপত্তিপত্র পেতে অন্যান্য শিক্ষকদের দেড় থেকে দুই মাসেরও বেশি সময় অপেক্ষা করা ও ভোগান্তি পোহানোর নজির রয়েছে। শিক্ষকরা দাবি করছেন, উপাচার্যপন্থী শিক্ষকদের গ্রুপের সদস্য হওয়ায় একটি বিষয় তদন্তাধীন থাকার পরও বিনা ভোগান্তিতে তিনি অনাপত্তিপত্র পেয়ে গেছেন।

এসব বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠিয়েও যথারীতি সাড়া পাওয়া যায়নি। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো আমার জানার কথা থাকলেও এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। তাই আমি এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

এর আগে ২০২০ সালের ১ মার্চ অনুষ্ঠিত গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমটিএইচ-২২১: রিয়াল এনালাইসিস-২ শিরোনামের কোর্সের চূড়ান্ত পরীক্ষার সবকটি উত্তরপত্র হারিয়ে ফেলার অভিযোগ ওঠে ওই বিভাগের শিক্ষক মো. আতিকুর রহমানের বিরুদ্ধে। সেসময় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় ৮০ তম সিন্ডিকেট। যদিও পরবর্তীতে তাঁকে সতর্ক করেই অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়।