Tag Archives: ময়মনসিংহ

ইসির নির্দেশে ময়মনসিংহ ও সুনামগঞ্জের ডিসিকে বদলি

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহ জেলায় বদলি করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় সংসদের সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আমরা না চাইলে এখন কোনো বদলি হবে না। ময়মনসিংহের ডিসির প্রত্যাহার চেয়েছিলাম আমরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব রাশেদ ইকবাল চৌধুরীকে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্রয় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রামসহ দেশের ৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের পর সেখানে বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে বৃষ্টিও হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, গতকালের তুলনায় ঢাকায় আজ গরমের তীব্রতা সামান্য বেশি মনে হচ্ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঢাকায় আজ কালবৈশাখীর সম্ভাবনা কম।

সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসের আর্দ্রতা আগামীকাল আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে।

তবে আগামী শনিবার থেকে সারা দেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

 

ডেস্ক রিপোর্টঃ

বুধবার (১০ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদীবন্দরে কোনো সতর্ক সংকেত নেই।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

বৃদ্ধ দম্পতির বসতভিটায় প্রভাবশালীদের মার্কেট নির্মাণ, ভিক্ষাই তাদের শেষ সম্বল

 

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের ত্রিশালে চাঁন মিয়া হত্যাকে কেন্দ্র করে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে কুপিয়ে তাদের বাড়ি দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। দখলকৃত ১৯ শতাংশ জমিতে চাঁন মিয়া স্মরণে নির্মাণ করা হয়েছে মার্কেট। এখন ভিটে হারা বৃদ্ধ দম্পতি ভিক্ষা জীবন যাপন করছেন।

জানা যায়, ২০১৫ সালের ১০ ডিসেম্বর ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্যভাটি পাড়া গ্রামে চাঁন মিয়া হত্যাকে কেন্দ্র করে আতশ আলী ও তার স্ত্রী মগরজানসহ তাদের ছেলে-মেয়েদেরকে পিটিয়ে ও কুপিয়ে বাড়িছাড়া করেন প্রভাবশালী সোহরাব আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম বাবুল। দখলকৃত সেই জমিতে নিহত চাঁন মিয়া স্মরণে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন রফিকুল ইসলাম বাবুল।

এই ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও বসতভিটা দখল নিতে পারেননি বৃদ্ধ দম্পতি। তাদের নামে হত্যাসহ দেওয়া হয় আরও তিনটি মামলা।

ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি আতশ আলী ও মগরজান বেগম বলেন, স্বাধীনতার আগেই থেকেই আমরা এই বাড়িতে বসবাস করছি। এখানে থেকেই ছেলে মেয়েরা বড় হয়েছে। ২০১৫ সালের ১০ ডিসেম্বর গাছের ডাল পড়াকে কেন্দ্র করে বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে তাদের ঝগড়া হলে চাঁন মিয়া মাঝখানে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান। চান মিয়া মারা যাওয়ার পর আমাদের নামে হত্যা মামলাসহ তিনটি মামলা দিয়ে বাড়িঘর ভাঙচুর করে উচ্ছেদ করেন রফিকুল ইসলাম বাবুলরা। সেখানে ঘর-বাড়ি ভাঙচুরের পর মার্কেট তৈরি করে ভাড়াও দেয়া হয়েছে।

তবে অভিযুক্ত রফিকুল ইসলাম বাবুলের দাবি, তাদের জায়গাতে পূর্ব পুরুষরা আতশ আলীর পরিবারকে থাকতে দিয়েছিল। এখন তার চাচাত ভাইকে হত্যা করায় উচ্ছেদ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক সোহরাব আলী বলেন, বাড়ির জমি দখলের বিষয়ে একটি মামলা করা হয়েছে। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

তিনি আরও জানান, বাড়িটি আসামি পক্ষের দখলে আছে। তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।