All posts by jitu

গৃহকর্মীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে আ’লীগ নেত্রীসহ ২ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মী (১৫) কে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার  হওয়া  দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

লিখিত অভিযোগসূত্র ও ভিকটিম সূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্তী দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন ভিকটিম। কিছুদিন পর ২নং অভিযুক্ত বিবাদী অপরিচিত লোকজন আনিয়া আমাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন ও রুমে আটকে রাখা হয়। পরবর্তীতে আমাকে ১নং আসামী দিলরুবার ভাড়া বাসায় সোনাইমুড়ীতে নিয়ে আসে। সেখানেও একই কায়দায় আমাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে আমাকে চেতনানাশক ওষুধ সেবনে যৌন কাজে বাধ্য করা হত। পরবর্তীতে আমি বাধ্য হয়ে পালিয়া আসি। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আমি দুজন মহিলা আওয়ামীলীগ নেত্রীর সহায়তায় নোয়াখালী পুলিশ সুপারের নিকট অভিযোগ করি।

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা সত্য কি মিথ্যা আমি এটা বলব না, তবে মেয়েটি ভালো নয়। আমার বিরুদ্ধে রিপোর্ট করলে আমিও দেখব ও মামলা করবো বলে তিনি এ প্রতিনিধি হুমকি দেন।

সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.ইউনুছ মিয়া বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।

নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌরসভা জামায়াতের সভাপতি মো. সাহাব উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান সোনাইমুড়ী অলস্কয়ার হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহসান উদ্দিন জামায়াত নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে কোন মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (২১ ডিসেম্বর) সকালে কাভার্ডভ্যানের ধাক্কায় মো: জহিরুল ইসলাম জহির (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত জহির নোয়াবাজার বেকারীর মালিক ও উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পূর্বপাড়ার হাজী জয়নাল আবেদীনের বড় ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার বাদ জোহর নোয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা এবং বাদ আসর নিহতের নিজবাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘বুধবার সকাল আনুমানিক সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমান জহির নামে এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে’।

পদুয়ার বিশ্বরোড হতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২১ ডিসেম্বর সকালে সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন পটুয়াখালীর সদর উপজেলার বাদুরাবাজার গ্রামের মোঃ শহীদুল ইসলামের মেয়ে হাসি আক্তার সুমা (২৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কবিতাঃ ভাঙ্গা মন

এ কে সরকার শাওন :

মনের উচ্ছ্বাস নয়তো দাস,
সে রাজা ধীরাজের মত চলে!
যখন তখন কাঁপায় তনুমন
আক্ষেপের আগুন জ্বালে!

রয়ে রয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়,
যার কোমল কমল হৃদয়!
যে পাড় ভাংগে ঢেউয়ের দাঙ্গে
সে পাড় টেকানো দায়!

চৈতালি রাতে মন সারাতে
কেউ যায় চাঁদের বাড়ি!
মন খুইয়ে নিঃস্ব হয়ে
ফিরে শুধু নিয়ে আড়ি!

মনে বাড়াবাড়ি কড়াকড়ি
মন পারে না সইতে!
ভাঙ্গা মন হয় না চাঙ্গা
কোন মধু পুর্নিমাতে!

– কবিতাঃ ভাঙ্গা মন
কাব্যগন্থঃ বাশীঁওয়ালা
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।

সদর দক্ষিণের রামপুর থেকে ১৩ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা হতে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ২০ ডিসেম্বর সকালে সদর দক্ষিণের উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গেন্ডারিয়া থানাধীন ৪৫ নং ওয়ার্ডের ধুপখোলা এলাকার মৃত. চান মিয়া’র ছেলে রহমত উল্লাহ ওরফে বাবু (৫২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দাউদকান্দিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাধাঁ ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

দাউদকান্দি  প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাধা ও ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে । সরকার দলীয় প্রার্থীর বিপক্ষে এমন অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ( চশমা) ও আলী আহমেদ মিয়াজী ( আনারস)।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার,উপজেলা নির্বাহী অফিসার,দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উল্লেখ্য করেন দুপুরে একই ইউনিয়নের লক্ষীপুর বালুর মাঠ সংলগ্ন নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই দোলনের নির্দেশে আমার প্রচারণায় বাধা ও অতর্কিত হামলার চালায়, এতে আমার কয়েকজন কর্মী আহত হয়। এ সময় হামলাকারীরা আমার পোষ্টার,ব্যানার, লিফলেট ও পোষ্টার লাগানো সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় ।

চশমা প্রতীকে প্রার্থী আনোয়ার হোসেন বলেন, সোমবার রাতে ইলিয়টগঞ্জ বাজার, ভিকতলা ও নয়াকান্দি এলাকায় আমার পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে প্রতিপক্ষের লোকজনই করেছে বলে ধারনা।

নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই বিল্লালুর রশিদ দোলন বলেন, নৌকার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে প্রতিপক্ষের সব প্রার্থীরা একজোট হয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছে । কে বা কারা নৌকার নাম ব্যাবহার করে এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী অভিযোগ পেয়েছি। প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে পুনরায় এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর আগামী ২৯ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।

চৌদ্দগ্রামে প্রধান শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের হোসাইন মোল্লা নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী প্রধান শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার দুটি পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে। হোসাইন মোল্লা পাশ^বর্তী বাসন্ডা গ্রামের বশির মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন মোল্লা সোমবার বিদ্যালয় থেকে ফেরার পথে তাঁর এক সহপাঠি ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রীর অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডলের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরে প্রধান শিক্ষক কমলেশ মন্ডল দু’পক্ষের অভিভাবককের তার অফিস কক্ষে ঢেকে নিয়ে শালিশি বৈঠক বসে। বৈঠকে হোসাইন মোল্লার মার উপস্থিতিতে প্রধান শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বিদ্যালয় থেকে বহিস্কারের হুমকি প্রদান করে। এ সময় হোসাইন মোল্লা প্রধান শিক্ষকের পা ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করলে তিনি তাকে দূরে সরিয়ে দিলে অপমান সহ্য করতে না পেরে সে অফিস কক্ষ থেকে বের হয়ে পাশ্ববর্তী  ডাক্তার ইসমাইল হোসেনের চতুর্থ তল ভবনের ছাদ থেকে ঝাঁপ দেয়। এ সময় বিকট শব্দ শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কানজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হোসাইন মোল্লার চাচাতো ভাই রুবেল মোল্লা বলেন, হোসাইন মোল্লা তার কোন সহপাঠি ছাত্রীকে উত্যক্ত করেনি। করেছে অন্য এক ছাত্র। কিন্তু ওই ছাত্রীর অভিভাবক হোসাইন মোল্লাকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করে। শালিশে বিষয়টি আমরা প্রধান শিক্ষককে বুঝানোর চেষ্টা করি। কিন্তু প্রধান শিক্ষক আমাদের কোন কথা না শুনে হোসাইন মোল্লাকে অপমানজনক গালমন্দ করে। অপমান সইতে না পেরে সে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

অভিযুক্ত প্রধান শিক্ষক কমলেশ মন্ডল বলেন, আমি উভয় পক্ষের অভিভাবকদেরকে নিয়ে সমঝোতার চেষ্টা করি। কোন গালমন্দ করি নাই। সে আমাদের সকলের চোখ ফাঁকি দিয়ে একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেন, ‘হোসাইনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। উচুস্থান থেকে পড়ে তার দুটি পা ভেঙে গেছে। বুকে গুরুতর আঘাত পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘হোসাইন নামে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থী বহুতল ভবন থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টার একটি সংবাদ পেয়েছি। লিখিতভাবে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘শুনেছি হোসাইন নামে একটি ছেলে তার সহপাঠি এক ছাত্রীকে উত্যক্ত করেছে। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে দু’পক্ষের অভিভাবকদের নিয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে ছেলেটি বহুতল ভবন থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এ ঘটনার সম্পর্কে জেনে তাৎক্ষণিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করি এবং ছেলেটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছি’।

বেলাল হোসাইন
চৌদ্দগ্রাম, কুমিল্লা
মোবাইল : ০১৮১৩০৬৫৭২৮
তারিখ : ২০.১২.২০২২

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) একই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানীর বাড়িতে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মহিউদ্দিন টিটু। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন,নিহত শাওন কিছু দিন নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানীর বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিল তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়। এ সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুর কথা ভুলে যায় পরিবারের সদস্যরা। এতে ঘরে থাকা শিশু আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।

দেশের পথে বিশ্বকাপ নিয়ে মহানায়ক

 

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে প্রায় ২০ ঘণ্টা হতে চললো। এখনো মেসিবাহিনীর কাছে যেন সবকিছু ঘোরের মত লাগছে। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি।

এবার বাড়ি ফেরার পালা। কেননা সেখানে যে লাখ লাখ আর্জেন্টাইন অপেক্ষা করে রয়েছে তাদের জন্য! বিশ্বকাপ শেষ করেই ছাদ খোলা বাসে পুরো দোহা সমর্থকদের সঙ্গে প্রদক্ষিণ করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। এর থেকেও আরো বড় উদযাপন হয়তো অপেক্ষা করছে মেসিদের জন্য।

কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পৌঁছাবে তারা। সোমবার সকালবেলা তাদের বহনকারী বিমান রওনা দেয় ইতালির উদ্দেশ্যে। বর্তমানে ইতালির রোমে অবস্থান করছে মেসিরা। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর আবার আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা করবে তাদের বহনকারী বিমান। সোমবার মধ্যরাতে বুয়েন্স আয়ার্সে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে মেসিদের।

ইতালিতে অবস্থানকালে মেসি বিমানে বসে বিশ্বকাপ ট্রফি হাতে একটি ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এছাড়াও নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনারাও ছবি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিশ্চয়ই মেসিদের জন্য বড় বিশ্বকাপ জয়ের উদযাপন অপেক্ষা করছে যা তারা হয়ত কল্পনাতেও আনতে পারবেন না।