All posts by jitu

কুমিল্লায় ২য় স্টার লাইন বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে “২য় স্টার লাইন বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট – ২০২২” অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর শুরু হওয়া টুর্ণামেন্টটি শনিবার (১০ ডিসেম্বর) শেষ হয়েছে। এই টুর্ণামেন্টে সর্বমোট ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন ।

উদ্বোধন এবং টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হাজী আলাউদ্দিন ।

নেইমার কাদঁলেন, হাসঁলেন মেসি

স্পোর্টস ডেস্ক:

এই বিশ্বকাপে শুক্রবারের রাতটি ছিল ব্রাজিলের হতাশা আর আর্জেন্টিনার আনন্দের রাত দুটিরই বাহন টাইব্রেকার। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে নেইমারের ব্রাজিলকে। আর নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা।

দারুণ এক গোল করার পরও কান্নায় শেষ হয়েছে নেইমারের বিশ্বকাপ। লিওনেল মেসিও গোল করেছেন, করিয়েছেনও এর আগে। তারপরও শেষের নাটক তাঁর বিশ্বকাপ শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিল, যা জয় করার পর মেসি মাঠে শিশুর মতো লাফালেন।

সে জন্য এমিলিয়ানো মার্তিনেজের কাছে তাঁর কৃতজ্ঞতার শেষ থাকার কথা নয়। টাইব্রেকারে ডাচদের প্রথম দুটি শটই দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। আর্জেন্টিনা গোল করেছে প্রথম তিন শটেই। এনজো ফার্নান্দেজের চতুর্থ শটটি বাইরে চলে যাওয়ার পর এই রাতের সব নাটকের পরিসমাপ্তি নির্ভর করছিল লাওতারো মার্তিনেজের ওপর। অতিরিক্ত সময়ে সহজ একটা সুযোগ অপচয় করা স্ট্রাইকার এখানে আর ভুল করেননি।

ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দেখবে বলে অধীর অপেক্ষায় ছিল প্রায় পুরো ফুটবল বিশ্ব। সেই স্বপ্নের ম্যাচের সমাধি হয়ে গেছে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের পরাজয়েই। ব্রাজিল-আর্জেন্টিনার বদলে এখন আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনাল। ১৩ ডিসেম্বর এই লুসাইল আইকনিক স্টেডিয়ামেই।

ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে অতিরিক্ত সময়ে দুই গোল আর টাইব্রেকারকে যদি নাটক বলেন, তাহলে এই ম্যাচের জন্য অন্য কোনো শব্দ খুঁজতে হয়। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি যখন আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দিলেন, ম্যাচ তো সেখানেই শেষ বলে মনে হচ্ছিল। ৮৩ মিনিটে ভাউট ভেগহোর্স্টের হেডে গোল দিয়ে উত্তেজনার শুরু। যোগ করা সময়ে এই ভেগহোর্স্টই দ্বিতীয় গোল করে সমতা এনেছেন খেলায়। সেই গোলটি দারুণ বুদ্ধিদীপ্ত এক ফ্রি কিকে। যেখানে ফ্রি কিক পেয়েছিল নেদারল্যান্ডস, সেখান থেকে সরাসরি গোলেই মারার কথা। তা না করে কপমাইনার্স আস্তে করে পাস দিয়ে দিলেন ভেগহোর্স্টকে। আর্জেন্টিনা একটু হতভম্বই হয়ে গিয়ে থাকবে। ভেগহোর্স্টের ফিনিশিংটা অবশ্য দারুণ ছিল।৭৩ মিনিটে মেসির গোল বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে তাঁকে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে বসিয়ে দিল। রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ তো পাচ্ছেনই। ক্যারিয়ারের একমাত্র অতৃপ্তি বিশ্বকাপ জয়ের সুযোগও।

এর আগে আর্জেন্টিনা যথারীতি এগিয়েছে মেসি-জাদুর ওপর ভর করে। ৩৫ মিনিটে মেসির দারুণ এক পাস থেকে গোল করেন মলিনা। রাইট ব্যাকে খেলেন, এর আগে আর্জেন্টিনার হয়ে ২৪ ম্যাচে কোনো গোল করতে পারেননি। আর এখানে বিশ্বকাপে এসে এমন এক গোল, মলিনার জন্য এই রাত অবিস্মরণীয় হয়েই থাকবে। শেষ পর্যন্ত জিততে না পারলে হয়তো তা থাকত না।

কাদঁলেন নেইমার:

ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে ব্রাজিলের দৌড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের সব আশা জলাঞ্জলি দিয়ে গত রাতে দোহার এডুকেশন সিটি স্টেডিয়াম ছেড়েছে পাঁচবারের বিশ্বসেরারা। কোটি কোটি ব্রাজিল সমর্থকের কাছে এ যেন কান্নার রাত।

১-১ গোলের সমতার ম্যাচ শেষে টাইব্রেকারে ব্রাজিলের প্রথম শটটা নিলেন বদলি নামা তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। কিন্তু চরম স্নায়ুচাপের কাছে হার মেনে তিনি নিলেন দুর্বল শট, যা আটকে দেন ম্যাচে দুর্দান্ত খেলা ক্রোয়েশিয়ার গোলকিপার দমিনিক লিভাকোভিচ। রদ্রিগোর পর মার্কিনিওসের মিস সর্বনাশ করে দেয় ব্রাজিলের। অন্যদিকে ক্রোয়েশিয়া চারটি শটেই গোল করেছে। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে ক্রোয়েশিয়া উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বারের মতো শেষ চারে ক্রোয়াটরা। ব্রাজিলের ১২তম সেমিফাইনাল হলো না।

১০৬তম মিনিটে দুই সতীর্থের সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলের ‘নাম্বার টেন’। বাকি কাজটা করতে ভেঙে ফেলেছেন পোস্টের নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠা দমিনিক লিভাকোভিচের প্রতিরোধ। ক্রোয়েশিয়ার গোলকিপার শেষ রক্ষা করতে পারেননি। তাঁকে কাটিয়ে নেইমার যখন খুব কাছ থেকে দুরন্ত শটে বল জড়ান জালে, ততক্ষণে ব্রাজিলের আকাশ থেকে অনেকটা কেটে গেছে শঙ্কার মেঘ। এই গোল তাঁকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনার জবাবও। নেইমার এদিন ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলেকে। দেশের হয়ে দুজনেরই গোল এখন ৭৭।

জয় থেকে যখন প্রায় নিশ্বাস দূরত্বে ব্রাজিল, তখনই ১১৭তম মিনিটে ব্রাজিল শিবিরকে স্তব্ধ করে ক্রোয়েশিয়ার গোল। সেটিই ছিল ব্রাজিলের পোস্টে প্রথম শট ক্রোয়েশিয়ার। বক্সের একটু ভেতর থেকে দিনামো জাগবেরের ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচের শট ব্রাজিল ডিফেন্ডার ও অধিনায়ক থিয়াগো সিলভার পায়ে লেগে কিছুটা দিক বদলে জালে। মাথায় হাত ব্রাজিলের! তারপর তো টাইব্রেকার–দুঃখ। ২০০২ বিশ্বকাপের পর টানা পাঁচবার বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপিয়ান দলকে হারাতে ব্যর্থ ব্রাজিল।

কিন্তু এই রাতে সেমিফাইনালের টিকিট পেতে ব্রাজিল ঘাম ঝরিয়েছিল বিস্তর। ব্রাজিল যেমন ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করে, কিন্তু এদিন ক্রোয়েশিয়া সেই সুযোগ দেয়নি। বল পায়ে রেখে বরং নিজেরাই উঠছিল। ১২ মিনিটে গোল তো প্রায় পেয়েই যাচ্ছিল ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচ বলে পা লাগাতে পারেনি বলে রক্ষা। পরপরই মদরিচের ক্রস আতঙ্ক হলুদ-রক্ষণে।

বারিসিচদের রক্ষণ ফাঁকফোকর ভরাট করে রেখেছিল। যে কারণে ব্রাজিল অন্য দিনের মতো চূড়ান্ত পাসটা রাস্তা খুঁজে পাচ্ছিল না। উল্টো ক্রোয়েশিয়া চোখ রাঙায় ব্রাজিলের রক্ষণে। কিছুটা স্নায়ুচাপেই কি না, ২৪ মিনিটে বিপজ্জনক ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ডটা দেখেন ব্রাজিল ডিফেন্ডার দানিলো। এরপর কখনো কখনো প্রান্ত বদল করে ব্রাজিলকে ভয় ধরিয়ে দেন মারিও পাসালিচরা।

প্রথমার্ধ শেষে পরিসংখ্যান দাঁড়ায় এ রকম—বল পজেশনে ব্রাজিল ৫১, ক্রোয়েশিয়া ৪৯। পোস্টে ব্রাজিলের শট পাঁচটি, যার মধ্য লক্ষ্যে তিনটি। গোলের জন্য তিতে তাঁর ভান্ডারের সব অস্ত্রই ব্যবহার করেন। দ্বিতীয়ার্ধে রাফিনিয়াকে তুলে আন্তনিকে, ভিনিসিয়ুসকে তুলে রদ্রিগোকে নামান কোচ। শেষ দিকে রিচার্লিসনকেও তোলা হলো। ৯০ মিনিট শেষে ক্রোয়েশিয়া গোলকিপারের সেভের সংখ্যা ৮। তারপর টাইব্রেকারে একটি সেভ। নেইমারদের কাঁদিয়ে ক্রোয়েশিয়াকে শেষ চারে তোলার নায়কও তো তিনিই।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে?

অনলাইন ডেস্ক:

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে এ ম্যাচের আগে ব্রাজিল দলে একটা দুঃশ্চিন্তাও আছে, তা হল আলেক্স সান্দ্রোর চোট।

গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে মাংশপেশিতে চোট পান সান্দ্রো। কোয়ার্টার ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুধু সান্দ্রোর পজিশনে বিকল্প নিয়েই সমস্যায় পড়েছিল ব্রাজিল। রক্ষণে এদের মিলিতাওকে ডান প্রান্তে রেখে দানিলোকে খেলিয়েছেন বাঁ প্রান্তে। ক্রোয়েশিয়ার বিপক্ষেও তিতে একই কৌশল বেছে নেবেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের অনুশীলনে সান্দ্রোর মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। তবে তিতে সংবাদ সম্মেলনে জানান, নেইমার ও দানিলোর চোটের সঙ্গে সান্দ্রোর চোটের পার্থক্য আছে।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাসেমিরো এবং তার সঙ্গে থাকছেন লুকাস পাকেতা। আক্রমণভাগে থাকবেন নেইমার, ভিনিয়ুস, রাফিনিয়া ও রিচার্লিসন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলকিপার: আলিসন। রক্ষণ: দানিলো, থিয়াগো সিলভা, মারকিনিওস, এদের মিলিতাও। মিডফিল্ডার: কাসেমিরো, লুকাস পাকেতা।ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, রিচার্লিসন।

৩য় ওডিআইতে খেলবেন কুলদীপ, অধিনায়ক রাহুল

অনলাইন ডেস্ক:

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুটো ম্যাচ ঢাকার মিরপুরে হলেও সিরিজের শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে । এদিকে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েছেন ভারতের তিন ক্রিকেটার। বদলি ক্রিকেটার হিসেবে তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কুলদীপ যাদব।

শুক্তবার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। শেষদিকে দলের প্রয়োজনে ইনজুরি নিয়েই ব্যাটিংয়ে নামলেও ম্যাচ শেষ করেই উড়াল দিয়েছেন নিজ দেশের উদ্দেশ্যে। অধিনায়কের অনুপস্থিতিতে তাই শেষ ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ম্যাচজয়ী পারফর্ম করে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে সিরিজের পর কোহলি-রাহুলদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে টাইগাররা।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে সেমিতে দেখছেন কার্তিক

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভালো করে আসছে। চলতি বছর টাইগারদের সাফল্যের পাল্লা আরও ভারী। নিজেদের মাটিতে বাংলাদেশ প্রতিপক্ষের জন্য সমীহ জাগানো একটি দল।

২০২৩ সালের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মিল রয়েছে বাংলাদেশের। ফলে প্রত্যাশার পাল্লা উঁচুতে রাখার যথেষ্ট কারণ রয়েছে তামিম, সাকিব ও মুশফিকদের।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা দেখছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রতিবেশীদের ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের দল। এই নিয়ে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে সর্বশেষ সিরিজটিও জিতেছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের এক আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন কার্তিক। সেখানে তিনি প্রশংসায় মাতেন টাইগারদের পারফরম্যান্সের।

তিনি বলেন, বাংলাদেশ যেহেতু এশিয়ার দল হিসেবে এশিয়ার মাঠে বিশ্বকাপ খেলবে, সেই জায়গায় তাদের সেমিফাইনালে খেলতে না পারা হবে হতাশার। বিশেষ করে, এই ফরম্যাটে তারা সাম্প্রতিক সময়ে যেভাবে খেলছে, আগামী বিশ্বকাপে তাদের খুবই ভালো করার কথা।

হোমনা উপজেলা আ’লীগের সম্মেলনের পূর্বেই বিভিন্ন ইউনিয়নের কমিটি নিয়ে নানা অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:

আগামীকাল ১০ ডিসেম্বর হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন । সম্মেলনের পূর্বে বিভিন্ন ইউনিয়ন আ’লীগের ঘোষিত কমিটি নিয়ে নানা বির্তক-অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন তথ্য ও ভিডিওতে প্রাপ্ত তথ্যে পাওয়া যায়- উপজেলার দুলালপুর, ঘাগুটিয়া, ঘাড়মোরা, জয়পুর ও নিলখি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত কমিটিগুলোর স্থগিতাদেশ চেয়ে লিখিত অভিযোগ, কাউন্সিলরদের তীব্র প্রতিবাদ, আপত্তি, হামলা-সংঘর্ষ চলছে। কালো টাকার বিনিময়ে কমিটিগুলো ঘোষণা করেছেন এমন সব গুরুতর অভিযোগ-বিতর্কের মধ্যে দিয়ে আগামীকাল হোমনা উপজেলা আওয়ামী লীগের বহু কাঙ্ক্ষিত ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ।

এসব ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা বলছেন, আগামীকাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আসা কেন্দ্রীয় বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দের সামনে তুলে ধরা উচিত হোমনা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অসাংগঠনিক বিষয় সমূহ।

এদিকে জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা আওয়ামী লীগ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। এমনকি কালো টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ করেছেন সম্মেলন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সম্পাদক এবং সম্মেলনের কাউন্সিলর সেকান্দার বেপারী।
অভিযুক্ত প্রতিটি ইউনিয়নে পকেট কমিটি করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় আইনের একাধিক ধারা, উপধারা লঙ্ঘিত হওয়ার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

ফলে সম্মেলনকে ঘিরে আশংকা, উৎকন্ঠা, উত্তাপ বিরাজ করছে।

 

শুরুতেই মাঠে নামতে পারেন ডি মারিয়া, বাদ পড়বেন কে?

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্ববিদ্যালয়ের ভিতর আর্জেন্টিনা শিবিরে গেলে সংবাদমাধ্যমের এখন একটাই জিজ্ঞাসা, স্কালোনি কি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ডি’মারিয়াকে শুরু থেকেই খেলাবেন? নাকি তাকে ছাড়াই একাদশ সাজাবেন?

আগেরদিন ডি’মারিয়া প্র্যাকটিসে যোগ দিলেও বল নিয়ে প্র্যাকটিস করেননি। তবে পুরো দলটার সঙ্গেই ফিজিক্যাল ট্রেনিংয়ে ছিলেন। আর তাতেই শঙ্কা দাঁড়িয়েছিলো এই রাইট উইঙ্গারকে নিয়ে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে কিছুতেই প্র্যাকটিস দেখতে দেবেন না আর্জেন্টিনা কোচ। হলও তাই। কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠের সামনে সংবাদ মাধ্যমের জন্য বড় করে ‘নো এন্ট্রি’ বোর্ড লেখা। যদিও ভিতর থেকে যা একটু-আদটু তথ্য ভেসে আসছিলো, সেটা শুনে আর্জেন্টিনা সাংবাদিকরা খুশিই হলেন। সব ঠিক থাকলে, কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই হয়তো খেলবেন ডি’মারিয়া। ডি মারিয়া যদি শুরুর একাদশে থাকেন, তাহলে বাদ পড়বেন কে? স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, তিনি হবেন পাপু গোমেজ। যদিও লওতারো মার্টিনজকে শুরুর একাদশে রাখা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বক্সের উপর লওতারো মার্টিনেজকে একের পর এক বল সাজিয়ে দেওয়ার পরও যেভাবে গোল নষ্ট করেন, তারপর অন্য কোচ হলে তাকে প্রথম একাদশে রাখার কথাই ভাবতেন না। কিন্তু লিওনেল স্কালোনি ভিন্ন চিন্তা করছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলে অ্যাটাকারের সংখ্যা বাড়াতে চান তিনি। এ কারণে তাহলে ইন্টার মিলান স্ট্রাইকারকে (মার্টিনেজ) খেলানোর কথাও ভাবছেন।

কাতার বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার প্র্যাকটিস মাঠের বাইরে দাঁড়িয়ে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বলছিলেন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু থেকেই খেলতে পারেন লওতারো মার্টিনেজ। কারণ, স্কালোনি না কি একজন অতিরিক্ত স্ট্রাইকার নিয়ে খেলতে চান। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুর একাদশেই থাকছেন লওতারো মার্টিনেজ। মেসি খেলবেন দুই স্ট্রাইকারের একটু পিছন থেকে উইথড্রনে।

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এসে মার্টিনেজ একের পর একে সুযোগ পেয়েও কেন এমন গোল মিস করছেন, তা নিয়ে অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন তার এজেন্ট আলেহান্দ্রো কামাচোকে। আর্জেন্টিনার এক রেডিও ষ্টেশনকে তিনি বলেছেন, ‘গোড়ালিতে একটা চোট নিয়ে খেলতে হচ্ছে বলেই নিজের সেরাটা দিতে পারছেন না ইন্টার মিলান স্ট্রাইকার।’

তবে তাকে পুরোপুরি চোটমুক্ত হওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তার এজেন্টের বিশ্বাস, চোটটা সারিয়ে তুললেই গোলের বন্যা বইয়ে দেবেন এই আর্জেন্টিনার স্ট্রাইকার। যদিও বেশ কিছু গোল নষ্ট করার পরও লওতারো মার্টিনেজের উপর এখনও ভরসা রেখেছেন স্বয়ং লিওনেল মেসি। তবে প্রথম দলে সুযোগ পাওয়া নিয়ে আলভেরেজের সঙ্গে লওতারোর একটা অঘোষিত যুদ্ধ চলছে। যার সুফল পাচ্ছে আর্জেন্টিনা দল।

ফখরুল-আব্বাসকে কারাগারে প্রেরণের আদেশ

অনলাইন ডেস্ক:

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার বিকেল ৪টা১০ মিনিটে ডিবির কার্যালয় থেকে তাদের আদালতে আনা হয়। এসময় কোর্ট প্রাঙ্গণে ক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ‘খালেদা জিয়ার মুক্তি’, ‘পার্টি অফিসে গুলি কেন’ সহ বিভিন্ন ধরনে স্লোগান দেন তারা।

এরও আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখায় ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের (৭ ডিসেম্বর) ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে।

৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

ফখরুল-আব্বাস গভীর রাতে আটক, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

স্টাফ রিপোর্টার:
গভীর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন। ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ আরও বলেন, গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, নয়াপল্টনের পরিস্থিতি নিয়ে তাঁদের (ফখরুল-আব্বাস) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করেছে বলে দলের একজন নেতা জানান।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাঁদের বাসা থেকে আটক করে নিয়ে গেছেন।

নয়টি বিভাগীয় সমাবেশ শেষে আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির গণসমাবেশ করার কথা রয়েছে। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল। তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থান জানান বিএনপির নেতারা।

এই সমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক-আলোচনার মধ্যে বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামে বিএনপির এক কর্মী নিহত হন, আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।