All posts by jitu

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জালাল উদ্দিন

স্টাফ রিপোর্টার:

না ফেরার দেশে চলে গেলেন এনটিভির কুমিল্লার স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৫ টায় ঢাকায় শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষক, আইনজীবি ও চিকিৎসক ছিলেন।

তিনি কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা ছিলেন।

সদর দক্ষিণে পিকআপভর্তি গাঁজা ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা হতে ৫৫.৫ কেজি গাঁজা ও ১৭ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২২ নভেম্বর রাতে এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের অহিদুল ইসলাম @ ছোটনের ছেলে মোঃ দুলাল ইসলাম (৩২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর্জেন্টিনার খেলা চলাকালে বুড়িচংয়ে হার্ট অ্যাটাকে এক সমর্থকের মৃত্যু

বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লায় টিভিতে আর্জেন্টিনার দেখার সময় খেলার শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক আর্জেন্টাইন সমর্থক।তার নাম কাউসার জাভেদ কাকন (৪০)।

খেলার শেষ দুইমিনিটের সময়  তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।তিন সন্তানের জনক কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সাথে বসে খেলা দেখছিলেন তিনি।

কাউসার জাভেদ কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন।
খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটলকে তারুণ্যের রঙে রাঙিয়ে দিলো স্কিটো

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণফোনের এন্ড-টু-এন্ড ডিজিটাল প্রোডাক্ট স্কিটো সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নয়টি বগিকে ক্যানভাস বানিয়ে রাঙিয়ে তুলেছে তারুণ্যের রঙে – নবীনের জয়গানে চবি’র শাটলকে করে তুলেছে প্রাণবন্ত।

শাটল ট্রেনের প্রতিটি বগিতে শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চট্টগ্রাম শহরের ইতিহাস, ঐতিহ্য ও অনন্য সৌন্দর্য। শিক্ষার্থী ও তরুণদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্কিটো। এবং তারুণ্যের রঙে রাঙানো এ বৃহৎ ক্যানভাসের মাধ্যমে তারুণ্যের উন্মাদনা, উচ্ছাস ও উৎসব প্রকাশিত হয়েছে। আর শাটলের ক্যানভাসে এ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।

এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের গেস্ট লেকচারার অরূপ বড়ুয়া বলেন, “প্রতিদিন হাজার হাজার চবি শিক্ষার্থী শাটলে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। শাটলের এমন রূপান্তরে শিক্ষার্থীদের রীতিমতো উচ্ছ্বসিত।” তিনি আরও বলেন, “ট্রেনটি দেখতে এখন আগের চেয়ে নতুন এবং প্রাণবন্ত। এর বগিগুলো শিক্ষার্থীদের কাছে শিল্পের বার্তা পৌঁছে দিচ্ছে, আমার মতে যা একটি অসাধারণ উদ্যোগ। বিশেষ করে, যারা এখানে নতুন ভর্তি হয়েছে, ট্রেনটি তাদের ক্যাম্পাস জীবনকে অনেক বেশি স্মরণীয় করে তুলেছে, সেই সাথে তাদের মাঝে এক উদ্দীপনাও জাগিয়েছে।”

হেড অব স্কিটো’র কাজী এমরান মাহবুব  অসাধারণ এ উদ্যোগ নিয়ে বলেন, “ডিজিটাল দুনিয়ায় স্কিটো বটের নিজস্ব একটি অবস্থান রয়েছে, যা এখন ট্রান্সমিডিয়া স্টোরি টেলিংয়ের মাধ্যমে বাস্তব জগতের সাথে মিশে গেছে। তাছাড়া, প্রথম ব্র্যান্ড হিসেবে শাটলে নিজেদের পরিচয় – তারুণ্যকে, তুলে ধরতে পেরে আমরা গর্বিত। তরুণরাই আমাদের অগ্রাধিকারের বিষয়। এটি নিঃসন্দেহে একটি চমৎকার দলগত প্রচেষ্টার দূরদর্শী উদ্যোগ।”

জয় উদযাপনে সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা

 

ডেস্ক রিপোর্টঃ

কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে সৌদি আরব। মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারায় দেশটি।

আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটবল বিশ্বের এখন আলোচনায় সৌদি আরব। এ জয় উদযাপনের জন্য বুধবার দেশটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এদিন সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা।

শক্তি-সামর্থ্য, ঐতিহ্য, সাফল্য সব দিক থেকেই সৌদি আরবের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে তাই মনে হয়েছে।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের ব্যবধানে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। মাত্র ৫ মিনিটের ব্যবধানে সালেহ আলসেহরি ও সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের।

চাঁদপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিকের সাথে উধাও নববধূ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ায় এক নববধূ তার সৌদি প্রবাসী স্বামীর স্বর্ণালংকার নিয়ে প্রেমিক কাউছার হোসেনের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী ও তার মালামাল ফিরে পেতে সৌদি প্রবাসী স্বামী বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিতারা গ্রামের সৌদি আরব প্রবাসীর সঙ্গে ১১ নভেম্বর একই উপজেলার পদুয়া গ্রামের তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণী তার স্বামীর বাড়িতে সুখে-শান্তিতেই ছিলেন। রোববার বিকালে ওই তরুণী তার স্বামীকে নিয়ে সাচারের কলাকোপা পার্কে ঘুরতে যান।

পরবর্তীতে সন্ধ্যায় পার্শ্ববর্তী সাচার বাজারে রিকশায় বসিয়ে স্বামী ফল কিনতে গেলে প্রেমিক কাউছার হোসেনকে নিয়ে উধাও হয়ে যান নববধূ। এ সময় ওই তরুণী সৌদি ১০ হাজার রিয়াল, ১টি স্মার্ট ফোন, নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দিতে বেকারির পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেকারি পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকায় ‘আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসের’ স্বত্বাধিকারী আবুল ইসলাম চৌধুরীকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আবুল ইসলাম চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

কালিরবাজারে ১৫০ বছরের পুরনো পুকুর ভরাট করে অবৈধভাবে দোকান নির্মাণ!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা  সদরের কালিরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অলিপুর গ্রামে একটি প্রভাবশালী চক্র  দেলোয়ার হোসেন  এবং আনোয়ারা বেগম  পরিবেশ  আইন অমাণ্য করে প্রায়  ১৫০ বছরের পুরনো একটি পুকুর ভরাট করে অবৈধভাবে দোকান নির্মাণ করছে বলে স্থানীয় সূত্র জানায়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ চলতি বছরের ৮ আগষ্ট এ ঘটনায়  জরিমানা করার পরও তারা পুকুর ভরাট করে চলেছে। পুকুর ভরাট করে বর্তমানে দোকানের নাম দেওয়া হয়েছে “বীর নিবাস”, পাশে  লেখা আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নাম লেখা সাইনবোর্ড ব্যবহার হচ্ছে ওই খানে স্থাপিত একটি রেস্টুরেন্টে। সাধারণত এলাকাবাসীরা বলেন,যারা দোকান তৈরি করেছেন তারাই একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

গত ৮ আগস্ট পরিবেশ আইন ১৯৯৫ সংশোধনি ২০১ ধারায়  ১ লক্ষ ৫৬ হাজার ৮১৬ টাকা জরিমানা করা হয়। ৭ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে বলেন পরিবেশ অধিদপ্তর এবং পুকুর ভরাট কাজ বন্ধ রাখার জন্য  নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ আইন অনুযায়ী পুকুর ,জলাশয় বা ডোবা ভরাট নিষিদ্ধ থাকলেও এরই মাঝে প্রায় এক একর আয়তনের পুকুরটির বেশ কিছু অংশ ভরাট করে দোকান নির্মান করা হয়েছে।

সরেজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায় জেলার, আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  অলিপুর গ্রাম সংলগ্ন বাজারের পাশে পুকুরটির অবস্থান। প্রায় এক একর আয়তনের পুকুরটির মালিক স্থানীয় আনোয়ারা বেগম গং পুকুরটি ভরাট করে দোকান নির্মাণ করেন।  এই গ্রামসহ বাজারের লোকজনদের গোসল,কাপড় ধোঁয়াসহ নিত্য ব্যবহার্য গৃহস্থালীর কাজে পুকুরটি ব্যবহৃত হয়ে আসছিল।

এদিকে পুকুরটি ভরাট কার্যক্রম চলায় স্থানীয় শত শত মানুষ নিত্য ব্যবহারের  সুযোগ থেকে যেমন বঞ্চিত, তেমনি এলাকার বিরাট একটি পানির উৎসস্থল ভরাট করে ফেলায় ভবিষ্যতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা অগ্নিকান্ডের সময় পানি স্বল্পতার আশঙ্কা করছেন সাধারণ মানুষ ।

হঠাৎ করে পুকুরটি ভরাট শুরু করলে স্থানীয়ভাবে পরিবেশ ও ভূমি অফিসে বিষয়টি জানানোর পর জরিমানা করে পুকুর ভরাট বন্ধ করা হয়। পরে আবার পূনরায় কাজ শুরু করে ঐ ভরাট করা পুকুরে অবৈধ দোকান নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শওকত আরা কলি জানান,  পুকুর ভরাট করার কারনে ১ লক্ষ ৫৬ হাজার ৮১৬ টাকা জরিমানা করা হয়। কিন্তু আনোয়ারা বেগম গং জরিমানা পরিশোধ করে নাই। আমরা অফিসিয়ালভাবে জরিমানা আদায়ের জন্য আমরা দুইটি নোটিশ দিয়েছি। এখনো পর্যন্ত যোগাযোগ করে নাই। জরিমানা দেওয়ার জন্য আমাদের অফিসে আসে নাই। আমরা অফিসিয়ালভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনিক সহযোগিতা নিয়ে খুব দ্রুত ব্যবস্থা নিবো।

মুরাদনগরে ভবন পরিত্যক্ত হওয়ায় ৯ বছর ধরে হিন্দুদের আখড়ায় চলছে পাঠদান

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

২০০৭ সালে বিদ্যালয়ে নিয়োগের পর এখানে এসে বসার একটা চেয়ারও পাইনাই নিজে ক্রয় করে আনতে হইছে। ২০১৩ সালে বিদ্যালয়ের একমাত্র ভবনটি ব্যবহারের অনুপোযোগী হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার পর থেকে টানা ৭ বছর নতুন ভবনের পেছনে দৌড়াইছি কিন্তু কোন লাভ হয় নাই। গত দুই বছর ধরে আমি ক্যান্সারে আক্রান্ত আর পারিনা। এখন একটাই চাহিদা ছাত্র-ছাত্রীর লেখাপড়ার উন্নয়ন করা। নিজের জীবনই এখন অনিশ্চিত হয়ে পরেছে তই বাড়তি টেনশন নিতে পারিনা। ভবনের অভাবে এখন শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। যারাই বিদ্যালয়টি দেখতে আসে তারা শুধু আশ্বাসই দেয় ভবন আর পাইনা। এভাবেই চোখের পানি মুছতে মুছতে মনের জমে থাকা কষ্টের কথা গুলো বলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের ১৪৩ নম্বর রামপুর (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা পাল।

জানা যায়, বিদ্যালয়টিতে ভবনের সংকটের ফলে দীর্ঘ ৯ বছর ধরে হিন্দুদের আখড়ায় চলছে পাঠদান। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী নিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্র জানায়, দেশ বিভাগের আগে ১৯৪০ সালে এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৩ সালে টিনের ছাউনি দিয়ে তৈরি কক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে বিদ্যালয়ে নির্মাণ করা হয় চার কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন। যা ২০১৩ সালে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পরিত্যক্ত ঘোষণার পর ৪১৩ জন শিক্ষার্থী নিয়ে খুব বিপাকে পরে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে টানা দুই বছর বিদ্যালয়ের পাশে থাকা হিন্দুদের আখড়ায় (সমাধীস্থল) খোলা আকাশের নিচে চলে পাঠদান। ২০১৫ সালে স্থানীয়দের সহযোগীতায় ওই আখড়ায় টিনের ছাউনি দিয়ে তৈরি দুইটি কক্ষে ও খোলা আকাশের নিচে ৭ বছর ধরে চলছে শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাছলিমা আক্তার জানান, বিদ্যালয়ে কোন ভবন না থাকায় হিন্দুদের আখড়ায় টিনের তৈরি ছাপড়া কক্ষে ক্লাস নিতে খুব কষ্ট হয়। গরমের দিন বাচ্চারা ঘেমে অস্থির হয়ে যায় ক্লাস করতে পারে না। আর বৃষ্টি হলে তো কোন কথাই নেই রুমে পানি ঢুকে বাচ্চাদের বই খাতা সব ভিজে একাকার হয়ে যায়।

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার জানান, আমাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল এখানে নতুন ভবন করার। কিন্তু আমাদের বিদ্যালয় থেকে যে বার্ষিক জরিপ শুমারি পূরণ করা হয়। না বুঝে আমাদের প্রধান শিক্ষকগণ সেখানে তথ্য দিয়ে আসতেছিলো যে বিদ্যালয়ের ভবন আছে এবং ৪টি শ্রেণী কক্ষ আছে। আর যে শিক্ষার্থী সংখ্যা দেখানো হয়েছে সেই অনুপাতে শ্রেণিকক্ষ যথেষ্ট তাই হয়তো এতোদিন নতুন ভবন আসেনি। এটা মূলত মন্তব্যের কলামে লেখা উচিত ছিল যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দীর্ঘ ৯ বছর আগে। তবে আমি যোগদানের পর সেই তথ্যটি পরিবর্তন করে ভবন পরিত্যক্তর বিষয়টি নিশ্চিত করেছি। আশা করি নতুন ভবন আসলে এটি হয়ে যাবে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, ভবন সংকটের কারণে ওই বিদ্যালয় থেকে দিন দিন শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়টি আমার নজরে এসেছে। শিক্ষার্থীর সংখ্যা যেন না কমে এ বিষয়ে ব্যবস্থা নিতে গেলে প্রথমেই যেটা জরুরি হয়ে পরেছে সেটা হচ্ছে একটি নতুন ভবন। এখানে খুব দ্রুতই যেন একটি নতুন ভবন দেয়া হয় সেজন্য আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করবো।

আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই : হিরো আলম

 

বিনোদন ডেস্কঃ

সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম নানা সময় নানাভাবে হাজির হয়ে নেটিজেনদের চমক দিয়ে থাকেন। কখনো অভিনয় করে, কখনো গান গেয়ে, কখনো কবিতা আবৃত্তি করে ভাইরাল হন তিনি। তার এখন কর্মকাণ্ড নিয়ে অনেকে হাসি-ঠাট্টাও করেন।

হিরো আলম এবার জানালেন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান তিনি।

সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন এই বাংলাদেশি অভিনেতা। বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের এই ইউটিউব তারকাকে দেখতে হাজারো মানুষ ভিড় করে। ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বসিত হন আলম।

অনুষ্ঠানে হিরো আলম জানান, তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন।

হিরো আলমের কথায়, ‘দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।’

হিরো আলমের এমন মন্তব্য শোতে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। এমনকি সেখানে উপস্থিত ভারতীয় গণমাধ্যমকর্মীরাও অবাক বনে যান।