All posts by jitu

মমতাজ ছিলেন বিএনপি’র নির্বাচনী এজেন্ট, এখন যুব মহিলা লীগের সভাপতি!

মাহবুব আলম আরিফ , মুরাদনগর :
খন্দকার মমতাজ বেগম জাতীয় সংসদ নির্বাচনে ছিলেন বিএনপি’র এজেন্ট অথচ তাঁকে করা হয়েছে মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। এতে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা আওয়ামীলীগের স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত দিনগুলোতে খন্দকার মমতাজ বেগম বিএনপি’র সকল প্রকার সাংগঠনিক কার্যক্রমে অংশ গ্রহনের পাশাপাশি ২০১৮ সালের সংসদ নির্বাচনে নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বিয়াম ল্যাবরেটারি স্কুলের সেন্টারে বিএনপি’র প্রার্থী মজিবুল হকের হয়ে এজেন্ট ছিলেন তিনি।

সম্প্রতি যুব মহিলা লীগের সভাপতি হওয়ার লক্ষ্যে একই উপজেলায় বাড়ি হওয়ার সুবাদে কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার সাকির সঙ্গে সখ্য গড়ে তোলেন মমতাজ বেগম। ওই নেত্রীর সঙ্গে সখ্যের কারণেই বিএনপি থেকে এসেও যুব মহিলা লীগের বড় পদ পেয়েছেন বলে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

কমিটি ঘোষণাকারী কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের আহবায়ক তাছলিমা চৌধুরী সিমিন বলেন, কমিটি দেয়ার ক্ষেত্রে আমাদের উপজেলা ভাগ করে দেয়া আছে। এটা আমার কমিটির যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার সাকির এলাকা। সে যদি যাচাই বাছাই না করে বিএনপি’র কাউকে পদ দিয়ে থাকে তাহলে এটি ঠিক হয়নি। আমি খবর নিয়ে দেখছি অভিযোগের সত্যতা পেলে। অবশ্যই আমি আমার কেন্দ্রীয় নেত্রীদের জানাবো।

তবে যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার সাকি বলেন, খন্দকার মমতাজ বেগম উপজেলা যুব মহিলা লীগের সকল কার্যক্রমে জড়িত ছিলেন। যথেষ্ট যাচাই বাছাই শেষে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কিছু লোকের স্বার্থ হাসিল হয়নি বলে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের বলেন, খন্দকার মমতাজ বেগম আমার নিজ এলাকার। সে এলাকায় প্রকাশ্যে বিএনপি’র রাজনীতি করেছে। এমন কি সংসদ নির্বাচনে বিএনপি’র হয়ে এজেন্ট ছিলো সে। কিন্তু কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মমতাজ বেগমকে যুব মহিলা লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মমতাজ বেগম দাবি করেন, ‘আমি ছোটবেলা থেকেই আওয়ামীলীগ করি। বিএনপি’র কোনো কমিটিতে আমার কোনো পদ নেই বা কোন কার্যক্রমে আমি সম্পৃক্ত নই। তিনি আরো বলেন, আমার এই পদ পাওয়ার জন্য অনেকেই প্রতিদ্বন্দ্বি ছিলো। তারা এখন পদ না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব রটাচ্ছে। কোন কোন সিনিয়র নেতার আবার স্বার্থে মেলেনি তাই তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর খন্দকার মমতাজ বেগমকে সভাপতি ও নাদিরা বেগমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের আহবায়ক তাছলিমা চৌধুরী সিমিন ও যুগ্ম আহবায়ক সাহিদা আক্তার সাকি।

মনোহরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশাচালকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোবেল হোসেন (২৮) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মণপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রোবেল হোসেন উপজেলার ভাউপুর গ্রামের কুটি বাড়ির ওসমান গনির ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশারচালক ছিল।

কুবিতে দাউদকান্দি-তিতাস-মেঘনা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর দাউদকান্দি শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘দাউদকান্দি-তিতাস-মেঘনা স্টুডেন্টস এসোসিয়েশন’র উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি ওমর ফারুক মিয়াজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে বোর্ডের উর্দ্ধতন বিশেষজ্ঞ মো. জাহিদ বিন মতিন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল সহ অন্যান্যরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক হাবিবুর রহমান বলেন, পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে৷ নদী অঞ্চলের মানুষেরা মেধাবী হয়ে থাকে। আপনারাও নদীকেন্দ্রীক। আমরা আশা করব দেশের অগ্রগতিতে এই অঞ্চলের মানুষেরা অনেক বেশি ভূমিকা রাখতে পারেন।

অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে ১১ শতকে। কুমিল্লার এই উর্বর ভূমিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছিলো আরো ৪ শত বছর আগে। কুমিল্লার সেই ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক আপনারা। সারাদেশেই একটি কথা প্রচলিত আছে, সারাদেশ যেটা ভাবে, সেটা কুমিল্লার মানুষ ৩দিন আগে ভাবে।

তিনি আরো বলেন, ব্যক্তি হিসেবে আপনি যখন সফল হবেন তখন আপনি একা সফল হবেন না। আপনার আশেপাশের যারা আছে তারাও সফল হবে। এই সংগঠনগুলোর মধ্যে থাকলে একজন সফল হলে অন্যান্যরা সেখান থেকে উপকৃত হবে।

ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, কুমিল্লা প্রাচীন কাল থেকেই ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। বৃহত্তর দাউদকান্দি তথা পূর্বাঞ্চলের প্রবেশাধার৷ কুমিল্লা মানুষ সারাদেশের সবার আগে যেমন দেখে, দাউদকান্দির লোকেরা তারও আগে দেখে। সেজন্য আমরা চাইব দেশের অগ্রগতিতে আমাদের তরুণরা যেন সবার আগে এগিয়ে যায়। শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তিতে অগ্রগতি দিয়ে এগিয়ে যাবে বলে আশা করি।

অ‌তি‌রিক্ত দা‌মে পেয়াজ বি‌ক্রি: রাজগঞ্জ বাজা‌রে ৪ দোকানী‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

অ‌তি‌রিক্ত দা‌মে পেয়াজ বি‌ক্রি ও মূল‌্য তা‌লিকা দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শন না করায় কু‌মিল্লার রাজগঞ্জ বাজা‌রের নিত‌্যপ‌ণ্যের ৪ দোকানী‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

শনিবার ( ১৫ অ‌ক্টোবর ) সকাল ১০টা থে‌কে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে নগরীর রাজগঞ্জ এলাকার ডিম ও পেঁয়াজসহ নিত‌্যপণ্যের দোকা‌নে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় মূল‌্য তা‌লিকা না রে‌খে অ‌তি‌রিক্ত দা‌মে পেঁয়াজ বি‌ক্রি করায় হারুণ স্টোর‌কে ৩ হাজার টাকা, মূল‌্য তা‌লিকা প্রদর্শন না ক‌রে ই‌চ্ছেমত দা‌মে ডিম বি‌ক্রি করায় ফয়সা‌লের ডি‌মের আড়তকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় তাকওয়া এন্ট‌ারপ্রাইজ‌কে ২ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে মিজান স্টোর‌কে ২ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যান‌্য দোকানী‌কে সতর্ক করা হয়।

এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম এবং রাজগঞ্জ বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

শনিবার চাঁদপুর আসছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একদিনের সরকারি সফরে শনিবার (১৫ অক্টোবর) চাঁদপুর আসছেন। তিনি এদিন সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন।

সকাল পৌনে ১০ টার দিকে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হয়ে চাঁদপুর সরকারী কলেজে অনুষ্ঠিত ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ এ প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর সকাল ১১টায় চাঁদপুর সদর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবনে উপস্থিত হবেন।

শুক্রবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব (যুগ্ম সচিব) এম. এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চান্দিনায় মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে ৬ মামলার আসামীকে হত্যা

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় মাদক বিক্রি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ৬ মামলার আসামী মো. জুয়েল মিয়াজী (৩২) নামের এক মাদক কারবারিকে হত্যা করে মাদক কারবারির অপর গ্রুপ।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারের একটি প্রাইভেট হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল ৮টায় জুয়েলকে আহতাবস্থায় ওই হাসপাতালে আনার পর সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার।

নিহত মো. জুয়েল মিয়াজী পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানী গ্রামের মো. সফিউল্লাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার সীমান্তবর্তী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী গ্রাম। ওই গ্রামের জুয়েল মিয়াজী দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। তার বিরুদ্ধে কচুয়া থানাসহ বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। তার সাথে চান্দিনার লেবাস গ্রামের সম্রাট নামের এক মাদক কারবারির সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাতে জুয়েলকে উজানী থেকে ধরে চান্দিনার লেবাস গ্রামে নিয়ে আসে প্রতিপক্ষ গ্রুপটি। লেবাস গ্রামের ফসলী মাঠের আইলে রাতভর শারীরিক নির্যাতন করার এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে জুয়েল রানা। শুক্রবার সকাল ৮টায় প্রতিপক্ষ গ্রুপের ২জন তাকে একটি অটোরিক্সায় উঠিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের ভাই সোহেল রানা জানান, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে আমার ভাইয়ের সাথে আর দেখা হয়নি। সকাল সাড়ে ৯টায় একটি অপরিচিত নাম্বার থেকে আমার মা হনুফা বেগমকে ফোন করে জানান আমার ভাই নবাবপুর টাওয়ার হাসপাতালে ভর্তি। খবর পেয়ে আমরা ওই হাসপাতালে আসার পর দেখি আমার ভাই মারা গেছে। আমার ভাই প্রায় পাঁচ বছর মাদকের সাথে জড়িত ছিল। সম্প্রতি সে ওই ব্যবসা থেকে সরে যাওয়ায় সম্রাট ও তার গ্রুপের লোকেরা আমার ভাইকে হত্যা করেছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে নবাবপুর টাওয়ার হাসপাতালে যাই। সেখানে যাওয়ার পর জানতে পারি হত্যাকারী চক্রের ২জন তাকে একটি অটোরিক্সায় তুলে দিয়ে হাসপাতালে পাঠায়। হাসপাতালে আসার পরও এক ঘন্টারও বেশি সময় জীবিত ছিল এবং কিছু কথাও বলেছে। সকাল ১০টার দিকে মৃত্যু ঘটে তার। এ ঘটনায় নিহতের বড় ভাই সোহেল মিয়াজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

কুমিল্লা সদরে র‌্যাবের পৃথক অভিযান: ২৩.৩ কেজি গাঁজাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২৩.৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ অক্টোবর সকালে সদরের গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯.৫ কেজি গাঁজা’সহ আসমা বেগম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী আসমা বেগম কুমিল্লা সদরের শাসনগাছা পশ্চিম রেসকোর্স গ্রামের মৃত. আব্দুল ওহিদ এর মেয়ে।

এদিকে ১৩ অক্টোবর সকালে সদরের সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩.৮ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিয়া গ্রামের মোঃ খুরশিদ আলম এর ছেলে মোঃ মেহেদী হাসান @বাবু (৩৬) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ইছাপুরা (হাজী বাড়ী) গ্রামের মৃত মেহেরউল্ল্যা এর ছেলে আব্দুল কুদ্দুছ পাটোয়ারী@রোমান (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ দুটি ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর স্বনামধন্য শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার ( ১৪ ই অক্টোবর) প্রথম ধাপে সকাল ৯ টা ও বিকাল ৩ টা থেকে ২য় ধাপেবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর ৪ উপজেলার মোট ১০ টি কেন্দ্রে প্রায় ৭ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নোয়াখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ এমরান হোসেন বৃত্তি পরীক্ষার কার্যক্রম নিয়ে বলেন, ” ” নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সরকারি নিবন্ধনকৃত একটি সামাজিক কল্যাণ সংগঠন। ফাউন্ডেশনের সবচেয়ে বৃহৎ প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। এ প্রকল্প ছাত্র – ছাত্রীদেরকে লেখাপড়ায় প্রতিযোগী করে তুলে এবং আর্থিক সাহায্য প্রদান করে থাকে। ”

তিনি আরো বলেন, ” প্রতি বছরের ন্যায় আজ নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষায় অংশ নেয় প্রায় ৭ হাজার শিক্ষার্থী। পরীক্ষাটি দুইটি ধাপে অনুষ্ঠিত হয়, সকাল ৯টা থেকে প্রথম ধাপ এবং দুপুর ৩টা থেকে ২য় ধাপে জেলার বিভিন্ন উপজেলায় মোট দশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লার ২ মাদক ব্যবসায়ী ৩ কেজি গাঁজাসহ চাঁদপুরে গ্রেফতার

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার হস্তিমৃতা গ্রামের মোঃ বাবুল প্রঃ নুরুন্নবীর পুত্র সাহাবউদ্দিন প্রঃ নূর ইসলাম (২৫) ও একই উপজেলার মালিয়ারা গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ ইসরাফিল (২৪) কে ৩ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাপন সেন।

এ ঘটনায় বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

কুমিল্লা সদর দক্ষিণের সদ্য ঘোষিত ৭ ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায়  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত ৭ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মো: ইসরাক মাহমুদ (মাসুদ ) ও যুগ্ম আহ্বায়ক  মো: আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর সদর দক্ষিণের ৭ ইউনিয়নের যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নগুলো হল- গলিয়ারা উত্তর ইউনিয়ন, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন, বিজয়পুর ইউনিয়ন, বারপাড়া ইউনিয়ন, পূর্ব জোড়কানন ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পশ্চিম জোড় কানন ইউনিয়ন।

এই ৭ ইউনিয়নের কমিটি ঘোষণার ৬ দিনের মধ্যে যুবলীগের গঠন তন্ত্র যথাযথভাবে অনুসরণ না করায় বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা সদর দঃ উপজেলার আওতাধীন ৭টি ইউনিয়ন আওয়ামী যুব লীগ এর নবগঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।