All posts by jitu

ইডেন ছাত্রলীগ নেত্রীর অশ্লীল ভাষায় হুমকি প্রদানের অডিও ফাঁস

 

ডেস্ক রিপোর্ট:

ইডেন কলেজের সাধারণ ছাত্রীদের রুমে ঢুকে গালাগাল ও হুমকি-ধামকি দিয়েছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। সাধারণ ছাত্রীদের শাসানোর এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। অডিওতে ছাত্রলীগ নেত্রী রিভা রুম দখল নিয়ে সাধারণ ছাত্রীদের টেনে ছিঁড়ে ফেলা, গলায় পা দিয়ে ধরাসহ নানা হুমকি-ধামকি দিতে শোনা যায়। এছাড়া অডিওতে নিজেকে কলেজ অধ্যক্ষের ছেয়েও ক্ষমতাধর বলে দাবি করেন ওই ছাত্রলীগ নেত্রী। ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডটি নিজের বলে স্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেত্রী।

সম্প্রতি ছাত্রলীগ নেত্রীর ফাঁস হওয়া ওই অডিওতে বলতে শোনা যায়, ‘তোরা লিগ্যাল তাতে আমার (অপ্রকাশযোগ্য ভাষা) গেছে। কোন হেডাম দেখাইতে আসিস তোরা। আমার পলিটিক্যাল রুমে তোরা লিগ্যাল থাকবি কি না, সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস? আমারে দিছিস? আর কে লিগ্যাল?’

এসময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়- ও তো অসুস্থ বাসায় গেছে? এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘২০২ (রুম নং) এ আর কে লিগ্যাল? তোরা লিগ্যাল তাতে আমার কি গেছে? বল? আমি কি তোদের। এক পায়ে পাড়া দিমু আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফালামু। চার মাস হয়ে গেছে ফাজলামি শুরু করছিস।’

এ সময় সুমনা মীর নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতিকে।

তিনি বলেন, ‘বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে তাতে আমার কী? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে, ক্ষমতা আছে ম্যাডামদের। ম্যাডামদের ক্ষমতা আছে আমাদের রুম থেকে একটা মেয়েকে বের করার। ইডেন কলেজের প্রিন্সিপালেরও ক্ষমতা নেই এ রুম থেকে একটাকে বের করার। একদম গলায় পাড়া দিয়ে ধরতে ইচ্ছা করতেছে। আগামী এক ঘণ্টার মধ্যে যেই রুমে বলবো সেই রুমে যাবি। আমার সঙ্গে হ্যাডাম দেখাইতে আসে।’

ফাঁস হওয়া অডিওতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘একটা সিঙ্গেল মেয়ে যদি ওই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী কিংবা ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যামও কোনো মেয়ে দিতে পারবে না। এটুকু সেন্স থাকা উচিত ছিল রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে নিয়েছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের ওপরে আর কেউ নেই।’

এ বিষয়ে তামান্না জেসমিন রিভা গণমাধ্যমকে বলেন, ‘পলিটিক্যাল রুমে থাকলে প্রোগ্রাম করতে হবে এটা স্বাভাবিক বিষয়। তারা প্রোগ্রাম কেন করে না জানতে আসছিলাম। প্রোগ্রাম না করায় তাদের রুম থেকে শিফট করার কথা বলছি। এর চেয়ে বেশি কিছু নয়, এটি বড় বিষয় নয়। ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বিষয়টি এখনো জানেন না বলে জানান।

সিরিয়ায় পৃথক দুটি সংঘর্ষে শিশুসহ নিহত ১৯

 

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার উত্তরাঞ্চলে পৃথক দুটি সংঘর্ষে শিশুসহ অন্তত ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

তুরস্কের সীমান্তবর্তী এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার বাহিনীর ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি ঘটনায় সীমান্তবর্তী শহর আল-বাব এলাকায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর কামানের গোলায় ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত।

মানবাধিকার সংস্থাটির তথ্যমতে, নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে, আহত হয়েছেন অন্তত ৪০ জন। এর আগে সংস্থাটি জানিয়েছিল, হামলায় ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। যদিও কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) এক মুখপাত্র বাহিনীটির এই সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন।

জনাকীর্ণ একটি বাজার লক্ষ্য করে সিরিয়ান বাহিনী এই হামলা চালায়। গোলার আঘাতে বাজারটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। হামলার পরপরই সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, গতকাল রাতে হাসাকেহ শহরে মেয়েদের একটি পুনর্বাসন কেন্দ্রে তুরস্কের বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এতে ওই পুনর্বাসনের ৪ শিশু নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন।

কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ৩টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগরন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধরের নেতৃত্বে এসআই চন্দন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১টি রামদা, ৩টি আগ্নেয়াস্ত্রের কার্তুজ, ১টি ছুরি, ৮টি লোহার রড, ২টি রশি ও ৫টি কালো কাপড়ের মুখোশ উদ্ধার করা হয়। এছাড়াও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- দেবীদ্বারের গুনাইঘর গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন, বুড়িচংয়ের ছয়ঘরিয়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে মোঃ সোহাগ মিয়া, মুরাদনগরের ধরানীপাড়া গ্রামের মোঃ ছিদ্দিকুর রহমারে ছেলে মোঃ মুছা মিয়া।

ডাকাত ইকবাল হোসেনের বিরুদ্ধে দেবিদ্বার থানাসহ বিভিন্ন থানায় ৮টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শরতের রূপ

রেজাউল করিম (সাকিব)

শরতের রূপে নিরবতায় মুগ্ধতা
শিউলি ফুলের মালা
আকাশে সাদা মেঘের ভেলা

দিঘি ভর্তি জলে, পদ্ম ফুল দোলে
শরতের রূপে, আকাশে সাদা মেঘ উড়ে
বাতাসে সাদা কাশফুল দোলে
সৌন্দর্য্য প্রেমীরা চুপে চুপে দেখে

খালে, বিলে, নদীতে
গোলাপী, সাদা, নীল, বেগুনী রঙে
শালুক ফুলেরা হাসে, শরতে রূপে

সৌন্দর্য্য প্রেমীরা মুগ্ধতায়
বকুল ফুলের ঘ্রাণে
মুগ্ধ হয়ে কুড়িয়ে রাখে যত্নে

গোধূলি বিকেলে ফুল ছাতিমে
মুগ্ধ করে মায়াবী ঘ্রাণে
গগনশিরীষ ফুলেরা দোলে
যেন রেশমি সুতার ফুল ফুটেছে।

শরতের রূপে পাখির কলতানে,
সবুজ শেমল রূপেরা দোলে

আলো ছায়া খেলা করে
রাতে জোছনা ছড়িয়ে পড়ে
আকাশে রাতারা জ্বলে
জোনাকির মিটিমিটি আলোয়
ছড়িয়ে পড়ে গ্রামের পথে ঘাটে মাঠে

আহা কত মুগ্ধতায় মুগ্ধ করে
শরতের এই ঋতুতে

কুমিল্লা নগর উদ্যানের পাশে কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হ’ত্যা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহাদাৎ হোসেন (১৫) নামে এক কিশোরকে হ’ত্যা করেছে হাসিব ও রতন নামে দুই কিশোর।

শুক্রবার (১৯ আগস্ট) বিকালে কুমিল্লা নগর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার শাহ আলম ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বিকালে নগর উদ্যানে ঘুরতে আসে শাহাদাৎ। সেখানে এলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামে দুই কিশোর তাকে ডেকে নিয়ে যায়। কাস্টমস অফিসের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কয়েকবার ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় কাজী শামিম আকবর (৩০) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কাজী শামিম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

আহত শাহ আলম একই এলাকার এনামুল হকের ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা কামরুল হুদা জানান, শামিম ও এনামুল মোটরসাইকেলযোগে কুমিল্লায় ঘুরতে যান। দুপুর দেড়টার দিকে বাড়ি ফেরার পথে সদর দক্ষিণের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাপতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শামিমকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পেলে জানানো হবে।

ভোলায় গ্যাস কূপের খনন শুরু করেছে রুশ কোম্পানি

 

ডেস্ক রিপোর্টঃ

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী ১ গ্যাস কূপের খনন শুরু করা হয়েছে। এটি করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের কোম্পানি গ্যাজপ্রম।শুক্রবার সকাল থেকে এ গ্যাসক্ষেত্রের নতুন কূপের খননের কাজ শুরু হয়। পর্যায়ক্রমে সেখানকার আরও দুটি কূপের খননের কাজ করবে রুশ কোম্পানিটি।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে এই কূপের খনন কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। এতে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. নাজমুল আহসানসহ বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই বছর আগে বাপেক্সের একটি অনুসন্ধান দল ভূ-তাত্ত্বিক জরিপ করে গ্যাসের জন্য সম্ভাবনাময় বিবেচিত ভোলার তিনটি স্থানে গ্যাসের সন্ধান পায়। ইলিশা ১, ভোলা নর্থ ২ ও টবগী ১ গ্যাস কূপ। এগুলো নিয়ে জেলাটিতে বর্তমান গ্যাস কূপের সংখ্যা দাঁড়ায় নয়টি।

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে টবগী ১ কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশার কথা জানানো হয়।তবে বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে বলা হয়েছে, খনন শেষ হলেই বোঝা যাবে এখানে কত গ্যাস আছে।

আজ (শুক্রবার) বাপেক্সের এমডি মোহাম্মদ আলী জানান, এ গ্যাসক্ষেত্রে নতুন পাওয়া আরও দুটি অনুসন্ধান কূপ ইলিশা ১ এবং ভোলা নর্থ ২ এর খনন করবে গ্যাজপ্রম। তবে এ দুটিতে কবে খননের কাজ শুরু হবে সেটি জানাননি তিনি।

তিনি বলেন, ‘বাপেক্সের সঙ্গে গ্যাজপ্রমের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুনের মধ্যে গ্যাজপ্রম খনন কাজ সম্পন্ন করবে। তখন জানা যাবে এখানে কী পরিমাণ গ্যাস রয়েছে।’

বাপেক্স জানায়, বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ৪৫-৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা দেশের চারটি বিদ্যুৎকেন্দ্র, একটি কারখানা এবং আবাসিকে সরবরাহ করা হচ্ছে।

সদর দক্ষিণে ২৪ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ২৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে উপজেলার মাটিয়ারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- চৌদ্দগ্রামের কালি কৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ শাহালম (৪৫), আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (২৭) ও জামপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন (১৯)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাংবাদিক ইমরুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বৃহষ্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ এবং নির্বাহী অফিসার অভিষেক দাশ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাঙ্গরা বাজার থানার পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন। পরে জানাজাা নামাজ শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে কুমিল্লা সেনানিবাসের লেফটেন্যান্ট মুর্তজা সাইফ মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং গার্ড অব অনার শেষে তাঁকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বলীঘর কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পিতা কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজাবাড়ী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ২৪ বছর চাকুরী জীবন শেষে ওয়াারেন্ট অফিসার হিসেবে ১৯৮৩ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতকি ব্যক্তি বর্গসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

জানাজা নামাজের আগে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাসসহ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যক্তি বর্গ বক্তব্যকালে, বলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন একজন সত্যিকারের সাদামনের মানুষ ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধেও তার বীরত্বপূর্ণ অবদান বাংগালী জাতী আজন্ম স্মরণ রাখবে।

কুমিল্লা নগরীতে একহালি ডিম ৫১ টাকা, ৩ প্রতিষ্ঠান‌কে জরিমানা

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীতে ৪২ টাকার একহালি ডিম ৫১ টাকা বিক্রি করায় বাদুরতলা এলাকার আমানা সুপারসপ‌কে ১০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বাদুরতলা ও রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, অ‌যৌ‌ক্তিক দা‌মে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকার চৌধুরী ট্রেডার্স‌কে এক হাজার টাকা এবং মু‌মি‌নের সব‌জির দোকান‌কে ৫শ টাকাসহ মোট তিন প্রতিষ্ঠান‌কে ১১ হাজার ৫শ টাকা জ‌রিমানা করা হয়। এসময় ওইসব এলাকার অন‌্যান‌্য সুপারসপ, ডিম ও মুরগীর বাজা‌রে তদার‌কি কার্যক্রম চালা‌নো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হয়ে।