All posts by jitu

কুমিল্লায় গাড়ির গ্যাস সিলিন্ডারের ভিতরে করে ফেন্সিডিল বহনকালে যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কায়দায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে ফেন্সিডিল বহনকালে মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৮ আগস্ট বিকালে গোমতী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লা সদরের সাওলপুর গ্রামের মৃত খোদা নেওয়াজ@ সাধু মিয়ার ছেলে।

১৯ আগস্ট কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। এছাড়াও, অভিনব কায়দায় মাদক পরিবহনের জন্য জব্দকৃত প্রাইভেটকারের পিছনের অংশে গ্যাস সিলিন্ডারের ভেতর পরিবহন করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আ’লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছি : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

সম্প্রতি নিজের ভারত সফরের প্রসঙ্গ টেনে মোমেন বলেন, ‘আমি বলেছি, আমার দেশে কিছু দুষ্ট লোক আছে, কিছু উগ্রবাদী আছে। আমাদের দেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন না। আপনার দেশেও যেমন দুষ্টু লোক আছে, আমাদের দেশেও আছে। কিছুদিন আগে তাদের দেশেও এক ভদ্রমহিলা কিছু কথা বলেছিলেন, আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা বলিনি। এই ধরনের প্রটেকশন আমরা আপনাদের দিয়ে যাচ্ছি।

সেটা আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। আমরা যদি একটু বলি, তখন উগ্রবাদীরা আরও সোচ্চার হয়ে আরও বেশি বেশি কথা বলবে। তাতে ক্ষতিটা হবে কী? আমাদের দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন হবে। স্থিতিশীলতা বিঘ্নিত হবে।’

তিনি বলেন, ‘ভারতকে বলেছি, আমরা উসকানিমূলক কর্মকাণ্ড কখনও প্রশ্রয় দেব না। এটা যদি আমরা করতে পারি, ভারত এবং বাংলাদেশ উভয়ের মঙ্গল। শেখ হাসিনা আছেন বলে ভারতের যথেষ্ঠ মঙ্গল হচ্ছে। বর্ডারে অতিরিক্ত খরচ করতে হয় না। ২৮ লাখ লোক আমাদের দেশ থেকে প্রতিবছর ভারতে বেড়াতে যায়। ভারতের কয়েক লাখ লোক আমাদের দেশে কাজ করে। এটি সম্ভব হয়েছে আমাদের সুন্দর অবস্থানের কারণে। সুতরাং আমরা উভয়ে এমনভাবে কাজ করব যাতে কোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি না হয়। ভারত সরকারকে বলেছি, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে যদি আমরা উভয়ে শেখ হাসিনাকে সমর্থন দিই।’

ওদিকে, ২০২১ সালে দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বিবৃতি নিয়ে ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। বিভিন্ন সময় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তারা। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে অংশ নিলে তাকে প্রধান অতিথি করায় ক্ষোভ প্রকাশ করে নগরের চেরাগীপাহাড় মোড়ে কালো পতাকা মিছিল করে সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি সংগঠন। দুজন নেতা ওই বক্তব্যের ব্যাখা দাবি করলে জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি একবছর আগের। পূজার সময় কুমিল্লায় একটি দেবতার কাছে কোরআন শরীফ রেখে একটা ছবি তোলে। সেটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর কিছু গোষ্ঠী ওখানে আক্রমণ করে। আক্রমণ থামাতে গিয়ে পুলিশ গুলি করে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে এই ঘটনা আমরা জানি, তখনও আমরা কিন্তু কুড়িগ্রামের কাহিনী জানতাম না। তখন আমাদের মন্ত্রণালয় যেসব কথা বলেছে, সত্যি কথা বলেছে। আমি শিক্ষক লোক, সত্য কথা বলি। আমরা বলেছি, তখন পর্যন্ত মোট ছয়জন লোক মারা যায়। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, চারজন মুসলমান, দুজন হিন্দু। তবে আমরা একজন লোকও মারা যাক সেটা চাই না। এখানে ফুলিয়ে-ফাঁপিয়ে অনেকে গল্প বলেছে, এটা খুবই দুঃখজনক। আমি যেটা করেছি, তা বিবেকের তাড়নায় করেছি। কিন্তু এটাকে ফুলিয়ে-ফাঁপিয়ে, টুইস্ট করে আপনাদের কাছে বলা হয়েছে। আমি বলছি- কোথাও সত্যের অপলাপ হয়নি। জেনেশুনেও আপনারা যদি প্রতিক্রিয়া দেখান, তাহলে এটা তো বড় মুশকিল।’

চৌদ্দগ্রামে আমন্ত্রণ না পেয়ে বিএনপির কার্যালয়ে ভাংচুর করলেন যুবদল নেতা

 

ডেস্ক রিপোর্টঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক কর্মসূচিতে দাওয়াত না দেওয়ার ক্ষোভে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হকের বিরুদ্ধে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে যুবদল নেতা কর্মসূচিতে আমন্ত্রণ না পেয়ে বিএনপি কার্যালয় ভাংচুর করেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বুধবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অতর্কিতভাবে এসে নেতাকর্মীদের অশালীন ভাষায় গালমন্দ করে আসবাবপত্র ভাংচুর করে এবং দেওয়ালে লাগানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেন।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব ও অনুষ্ঠানের সভাপতি হারুন অর রশীদ মজুমদার বলেন, অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলা যুবদল সাধারণ সম্পাদক নাজমুল হক কোনো কারণ ছাড়াই অফিসে এসে গালমন্দ করে এবং আসবাবপত্র ভাংচুর করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন এবং রোগমুক্তি কামনায় মিলাদ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে কোনো কারণ ছাড়াই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অফিসে প্রবেশ করে ভাংচুর করে। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। তিনি যুবদল নেতা নাজমুল হকের এসব কর্মকাণ্ডের বিষয়ে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ধরনের ভাংচুর করিনি। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।

কুমিল্লায় বিদ্যুৎস্পর্শে আ.লীগ নেতার মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে আবুল কাশেম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আবুল কাশেম (৫৮) সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের বাড়িসংলগ্ন একটি গ্যারেজে বেশ কিছু অটোরিকশা চার্জ দেওয়া হয়। দিনভর নগরীতে এসব অটোরিকশা চলাচলের পর রাতে ওই আওয়ামী লীগ নেতার গ্যারেজে চার্জ দেওয়া হতো। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তিনি গ্যারেজ পরিদর্শনে যান। সেখানে চার্জে থাকা একটি অটোরিকশায় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর যথাযথ কারণ আমরা খতিয়ে দেখব।

নিঝুম দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজের বার্জ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ অংশবিশেষ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ভেসে এসেছে। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জোয়ারে বার্জটি ভেসে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে একটি বার্জ ভেসে আসে। গত কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় বার্জটি সেখানে আটকে যায়। বার্জটিতে কোনো মালামাল না থাকলেও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় করছেন।

নিঝুম দ্বীপের বাসিন্দা আজিম মাহমুদ বলেন, এটা দেখতে ফুটবল মাঠের মতো। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। জোয়ারে এটি আমাদের নিঝুম দ্বীপে ভেসে এসেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে বার্জটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে। কোস্টগার্ড এ কয়দিন এটি পাহারা দিয়েছে। নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে।

এবার বাংলাদেশ দলের কোচ হচ্ছেন ভারতের সাবেক খেলোয়ার

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি ফরম্যাটে ম্রিয়মাণ বাংলাদেশ দলকে চাঙ্গা করতে কোচিং স্টাফে বড় ঝাঁকুনি দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতির কথায় গুঞ্জন চলছিল, দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো পদ হারাতে যাচ্ছেন।

সে ইঙ্গিতের সত্যতা মিলল আজ। কুড়ি ওভারের খেলায় এবার বাংলাদেশের আড়ষ্টতা কাটাতে ভারত থেকে উড়িয়ে আনা হচ্ছে শ্রীধারান শ্রীরামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছে তার।

শ্রীরামের ক্রিকেট ক্যারিয়ার তেমন একটা উজ্জ্বল না হলেও কোচিংয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভালো। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে টানা ছয় বছর কাজ করেছেন এ ভারতীয় কোচ।

অস্ট্রেলিয়া প্রবাসী এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন শ্রীরাম।

বিসিবির এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের কোচিং স্টাফে নতুন সদস্য হতে শ্রীরাম ঢাকায় আসছেন শিগগিরই। টি-টোয়েন্টি দলের উপদেষ্টা কোচ হচ্ছেন তিনি।

বিসিবি সভাপতি সে কথা নিশ্চিত করে জানিয়েছেন, টি-টোয়েন্টি দলের দায়িত্ব শ্রীরাম নিলে সেখান থেকে সরে যাবেন ডমিঙ্গো। তিনি থাকবেন বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে।

অর্থাৎ এশিয়া কাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হচ্ছে না ডমিঙ্গোর।

টি-টোয়েন্টির কোচ হিসেবে প্রথম পছন্দ জেমি সিডন্স ছিলেন। বৃহস্পতিবার সে কথা জানিয়েছিলেন পাপন।

তবে সিডন্সের আগ্রহ নাকি অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করা। জাতীয় দলের সামনে যে ব্যস্ত সূচি, তাতে এ মুহূর্তে কোনো সংস্করণেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চান না তিনি।

তাই শ্রীরামকে উড়িয়ে আনা হচ্ছে।

নোয়াখালীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মকিলা গ্রামের সোনাইমুড়ী টু ছাতারপাইয়া সড়কের ছড়াইল্লা নামক জায়গা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। রাতে রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত কোন এক গাড়ি মহিলাটিকে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়।

কবিতাঃ অভিবাসনে পোকা

 

দেবব্রত ঘোষ:

কাজ করতে বিদেশ যেতে চাই
কিন্তু কোন কাজ যে জানা নাই
আছে দালাল, আছে প্রলোভন, অজানা অজ্ঞতা
না আছে প্রশিক্ষণ, দক্ষতা, ভাষা কিংবা অভিজ্ঞতা।।

প্ররোচণার ফাঁদে পড়ে হয়ে গেলাম রাজি
পাসপোর্ট করে দিল দালাল বেটা পাজি।

এখন পাসপোর্ট আছে, ভিসা নাই
ভিসা কিনতে জীবন যায়।
ভিসা আছে, কাজ নাই
কাজ পেতে টাকা চাই।
কাজ আছে, বেতন নাই
যদিও পাই, অনেক কম পাই।
পাছে আমার বেতন মালিক খায়।।

উচ্চ ব্যয়ে বিদেশ যেতে ধরে মনে অশান্তি
নিয়মের গলদে পাই পদে পদে ভোগান্তি।
ভিসা ট্রেডিং, ভিসা জালিয়াতি, আছে মিথ্যা আশ্বাস
নিজের লোক, আত্নীয়, বন্ধু কারে করি বিশ্বাস!

ভয় হয় ধোঁকা খাই,
তবুও গোপনে যাই,
টাকার লেনদেন করি রসিদ ছাড়াই।
কথা কাজের মিল না আছে যেথায়,
দলিলের অভাবে দালাল পালায়।

চড়া সুদে ঋণ সে যে দেয় মহাজন
টাকা নেওয়ার পাঁয়তারায় থাকে প্রিয়জন।
দিলে বেশি হয় খুশি, আসে ভালোবাসা
যখনই পড়ে কম, সম্পর্ক কোণঠাসা।।

পাচার হয় টাকা, পাচার হই আমি
সাবধান হও তবে সকল বিদেশগামি।।

সদরের নন্দীরবাজারে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের নন্দীর বাজার এলাকা হতে ৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৭ আগস্ট সকালে কুমিল্লা সদরের নন্দীর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন লক্ষীপুর জেলার রামগতি থানার আলেকজেন্ডার গ্রামের মৃত হাফেজ এর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৮) এবং কুমিল্লা সদরের রত্নামতি (বাগানবাড়ী) গ্রামের মৃত. কানু মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৪২)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ঘটনায় বাচ্চু নামের আরো এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহতরা হলো, নজরুল ইসলাম (৪৫)ও সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা এবং তারা স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষার কাজ করত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার ৫ তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ-নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ।

ওসি আরও জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।