All posts by jitu

নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মঞ্চে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।

তিনি বলেন, একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যেকোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াবো। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো।

তিনি বলেন, কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি। দিল্লি নয়-পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, আমরা সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে পরিবারের সকলের সহযোগিতা বাড়বে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধরী।

কুমিল্লা প্রেস ক্লাবে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও কুমিল্লা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান তাওহীদ হোসেন মিঠু’র মমতাময়ী মা এবং কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল সুমনের পিতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে এ মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।

উক্ত শোক সভায় কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সিনিয়র সদস্য মোঃ সহিদউল্লাহ, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান রাফি।

অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারণ করা হয় এবং মিলাদ মাহফিল শেষে মরহুমদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোক সভায় বক্তারা বলেন, মরহুমরা নিজ নিজ পরিবার ও সমাজে ছিলেন অত্যন্ত সম্মানিত ও স্নেহশীল ব্যক্তিত্ব। তাঁদের ইন্তেকালে পরিবারসহ সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিক, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য সাকলাইন যোবায়ের, অর্থ সম্পাদক মোঃ মাইনউদ্দিন, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, সদস্য মোঃ সাফি, বার্তা বাজারের প্রতিনিধি মোঃ সোহান আহমেদ সুমন সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলে পিঠা উৎসব -২০২৬ উদযাপন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব উদযাপিত হয়।

বুধবার সকালে এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক।

স্কুলের সভাপতি ইন্জিনিয়ার এরশাদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: এনামুল হক সোহেল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমেদ, বুড়িচং সাংবাদিক সমিতির সভাপতি মো.মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ খোরশেদ আলম।

সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভরাসার বাজার কমিটির সেক্রেটারি সামসুল হুদা, ভরাসার সুর্যোদয় কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কবির আহমেদ।

পিঠা উৎসবে শিক্ষার্থীরা তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকমের শীতকালীন পিঠা তৈরি করে আনেন।

কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুলের রিট খারিজ, প্রার্থিতা বাতিল

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

আপিল আবেদনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী তাঁর হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

 

চান্দিনায় প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পশ্চিম বাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে শোডাউনটি। এতে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণার কথা থাকলেও হাতপাখা প্রতীকের প্রার্থী বুধবার বিকেলেই চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল একটি শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে হাতপাখার প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে কুমিল্লার নির্বাচনি পরিবেশ ও প্রস্তুতি জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

প্রতিনিধি দলে ছিলেন ইইউ পর্যবেক্ষক মায়া হুরলিমান ও লার্স প্লাগম্যান। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সহযোগী আবু সালেহ। মতবিনিময়কালে তারা কুমিল্লার নির্বাচনের সার্বিক পরিবেশ, মাঠপর্যায়ের প্রস্তুতি, সাংবাদিকদের ভূমিকা ও জেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান, এন টিভির প্রতিনিধি মাহফুজ নান্টু, ডেইলি এক্সপ্রেস এর প্রতিনিধি আনোয়ার হোসেন, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, বিজয় টিভির ম্যাক রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ সদস্যের একটি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এই মূল দলের অংশ হিসেবে তিন সদস্যের একটি দল বর্তমানে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছে।

সফরকালে প্রতিনিধি দলটি জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলা নির্বাচন অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইইউ প্রতিনিধিরা আরও জানান, তাদের এই পর্যবেক্ষণ প্রক্রিয়া কেবল নির্বাচনকালীন সময়ের জন্যই নয়, বরং নির্বাচন পরবর্তী সময়েও তারা বাংলাদেশে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, আগামীকাল ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে ও আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও জেলার ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি, প্রচার-প্রচারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়।এ সময় জেলা প্রশাসক জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করবে এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বরাদ্দের সংক্ষিপ্ত চিত্র:
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির ড. আ ন ম এহসানুল হক মিলন ধানের শীষ, জামায়াতে ইসলামীর আবু নছর মোঃ মকবুল আহমেদ দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদের এনায়েত হোসেন ট্রাক প্রতীকসহ মোট ছয়জন প্রার্থী প্রতীক পান। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলনের মুফতি মানসুর আহমেদ সাকী হাতপাখা, বিএনপির ড. মোঃ জালাল উদ্দিন ধানের শীষসহ আটজন প্রার্থী প্রতীক বরাদ্দ পান। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শাহাজাহান মিয়া দাঁড়িপাল্লা, কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন কাস্তে প্রতীকসহ সাতজন প্রার্থী প্রতীক পান।

এদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির লায়ন মোঃ হারুনর রশীদ ধানের শীষ, দুইজন স্বতন্ত্র প্রার্থী ঘুড়ি ও চিংড়ি প্রতীকসহ মোট আটজন প্রার্থী প্রতীক বরাদ্দ লাভ করেন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক ধানের শীষ, ইসলামী আন্দোলনের আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী হাতপাখা, জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীকসহ ছয়জন প্রার্থী প্রতীক পান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে চাঁদপুরে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৮০ জন প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা–১ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের সূচনা করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। এরপর পর্যায়ক্রমে জেলার বাকি ১০টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থেকে তাদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে প্রতীক গ্রহণ করেন।
এ সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন শেষ হয়ে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আচরণবিধি কঠোরভাবে অনুসরণের বিষয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে মোট ৮০ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটের গাড়ির প্রচারণা এখন গৌরীপুরে বাজারে

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশের চাবি আপনার হাতে স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে দাউদকান্দিতে প্রচারণায় ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ‘ভোটের গাড়ি’ এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লেতে ভোটারদের জন্য নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এছাড়াও মতামত বাক্সে সাধারণ মানুষের লিখিত বক্তব্য ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়। এ সময় প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ জাহাঙ্গীর আলম ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আয়শা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।

নিহত র‍্যাব সদস্য মোতালেবের দাফন সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত র‍্যাব সদস্য মোঃ মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় আনার পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহত মোতালেবের মরদেহ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ গ্রাম কুমিল্লা সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে পৌঁছায়। পরে অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে র‍্যাব-১১ এর পক্ষ থেকে নিহত মোতালেব হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি); লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান, সিও, র‍্যাব-৭; লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, সিও, র‍্যাব-১১; এছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানসহ সেনাবাহিনী বিজিবি র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহত মোতালেব হোসেন নায়েব সুবেদার ছিলেন। তিনি ছয় মাস আগে টেকনাফ থেকে র‍্যাব-৭ এ যোগদান করেন বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।