All posts by jitu

কুমিল্লার বরুড়ায় শ্বশুরবাড়িতে মালদ্বীপের তরুণী

 

ডেস্ক রিপোর্টঃ

প্রেমের টানে এবার বাংলাদেশের কুমিল্লায় এসেছেন মালদ্বীপের তরুণী হাব্বা আহমেদ। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশীদের ছেলে রাসেলকে বিয়ে করেছেন। গত ২৪ জুলাই শ্বশুরবাড়িতে আসেন এ মালয় তরুণী।

স্থানীয়ভাবে জানা গেছে, ২০১৪ সালে কাজের সূত্রে মালদ্বীপ যান রাসেল। গত ২০১৯ সালে মালদ্বীপের মালে শহরের আহমেদ দিদিরের মেয়ে হাব্বা আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয়, তারপর মন দেওয়া-নেওয়া। ২০২১ সালের অক্টোবর মাসে মালে শহরের একটি কাজি অফিসে (বিবাহ রেজিস্ট্রি অফিস) বিয়ে করেন দুজনে। গত ২৪ জুলাই রাসেল তার বিয়ে করা স্ত্রী হাব্বাকে নিয়ে বাংলাদেশে আসেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে রাসেলের বাবা আবদুর রশিদ জানান, তারা উভয় উভয়কে মেনে নিয়েছে। আমার পুত্রবধূও সবার সঙ্গে মিলেমিশে থাকছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

পয়ালগাছা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, রাসেল কাজের সূত্রে মালদ্বীপে যায়। সেখানে তাদের পরিচয় হয়। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে মালদ্বীপে। এখন তারা দেশে এসেছে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঢাকা পোস্টকে বলেন, ফেসবুকের মাধ্যমে এমন একটি খবর দেখেছি। তবে আমি ওই ইউনিয়নের বিট পুলিশ অফিসারকে দিয়ে খোঁজ নিয়ে জানব এ বিষয়ে।

ধ্বংস করা হলো প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য

 

ডেস্ক রিপোর্টঃ

১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার (২৭ জুলাই) সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।

মাদকগুলোর মধ্যে রয়েছে ৯ হাজার ৩৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, ৬৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল, ১৩ হাজার ২১১ বোতল ভারতীয় হুইস্কি, ৫১৫.৫ কেজি ভারতীয় গাঁজা, ১৬ হাজার ৪৭৯ পিস ভারতীয় ইয়াবা বড়ি, ১৩ কোটি ৮৩ লাখ ৬৬২ পিস ভারতীয় সেনেগ্রা ও অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ৩৯.৫ লিটার বাংলা মদ, ৯ বোতল রিকোডেক্স সিরাপ।

বিজিবি জানায়, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত উদ্ধার করা সব মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যগুলোর আনুমানিক দাম ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩০০ টাকা।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপমহাপরিচালক কর্নেল মো. মারুফুর আবেদীন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ।

নিজাম উদ্দিন হাজারী বলেন, নিজের জীবনকে উৎসর্গ করে বিজিবি দেশের সীমান্ত রক্ষা করছে। মাদক ক্যানসারের মতো ব্যাধি। এটা শুধু বিজিবির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে জন প্রতিনিধি থেকে শুরু করে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের প্রচেষ্টা থাকলে এ দেশ একদিন মাদক মুক্ত হবেই হবে।

বিজিবির সদর সেক্টর কুমিল্লা উপপরিচালক, সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন বলেন, শুধু পরিবার নয়, পুরো দেশের জন্য হুমকি একজন মাদকসেবী। বিজিবি মাদক রোধে জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান রোধ কল্পে বিজিবির প্রতিটি সদস্য হিসেবে কাজ করছেন। নিজের দেশকে মাদকমুক্ত রাখতে বিজেপি সর্বদা কাজ করবে।

নির্বাচন সহিংসতা: পুলিশের গুলিতে ৬ মাসের শিশুর মাথা ছিন্ন-বিচ্ছিন্ন

 

ডেস্ক রিপোর্টঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবালকে বাচোর ইউনিয়নের ফুটিয়াটুলি এলাকায় অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।

নিহত শিশুটি বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের বাদশার ছেলে। গুলিতে শিশুটির মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল জানতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এ সময় ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় গুলিটি ওই শিশুর মাথায় লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় রাণীশংকৈল থানার ওসি, এক এসআই ও এক কনস্টেবলকে অবরুদ্ধ করে রেখেছে গ্রামবাসী। তাদের উদ্ধারে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে।

ভারতকে হারাল বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচের ৩ গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং।

ম্যাচে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা।

ভারত ম্যাচে ফিরে এসেছিল ৩৫ মিনিটে। তবে ৪৫ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে নোভা গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চার চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

মো. আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), নাহিয়ান (হাসান জুম্মন নিঝুম) ও আক্কাস আলী।

কুমিল্লায় তৈরি হচ্ছে নামিদামি ব্র্যান্ডের ক্ষতিকর আইসক্রিম, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

ডেস্ক রিপোর্টঃ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, ফ্লেভার, স্যাকারিন ও ঘনচিনি ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে নামিদামি ব্র্যান্ডের নাম নকল করে আইসক্রিম বানানো হচ্ছিল কুমিল্লায়। এ অপরাধে কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা সদর উপজেলার শিবেরবাজার এবং চাঁনপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় ও প্রতিষ্ঠান তালাবদ্ধ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লা সদরে দুইটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, ফ্লেভার, স্যাকারিন ও ঘনচিনি ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিশেষ অভিযান চালানো হয়। এসময় শিবেরবাজার এলাকার মেসার্স প্রিয় আইসবারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং দুই মণ আইসক্রিম, পাঁচ প্যাকেট বিভিন্ন কালারের রং, এক কৌটা স্যাকারিন এবং এক কৌটা ঘনচিনি জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন, অপরদিকে একই অভিযোগসহ বিএসটিআই অনুমোদনহীন চাঁনপুর ব্রিজ এলাকার মেসার্স কমলা আইসক্রিম ফ্যাক্টরিকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করে নকল আইসবারের মোড়ক, অনুমোদনহীন তিন কৌটা ফ্লেভার এবং দুই প্যাকেট রং জব্দ করে ধ্বংস করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

এসময় কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

নাঙ্গলকোটে স্কুল ছাত্রীকে অচেতন করে ধর্ষণচেষ্টা, কারাগারে ঘটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে নবম শ্রেণির এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণের চেষ্টাকালে মানিক মিয়া নামের কথিত এক ঘটককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মানিক পূর্ব বামপাড়া গ্রামের মৃত. হাজী রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে ঘটকালি করার নামে ওই ছাত্রীর বাড়িতে যায় কথিত ঘটক মানিক। এ সময় ছাত্রীর বাবা ও ভাই বাড়িতে না থাকায় ছাত্রীর মা ও ছাত্রীকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করে। এরপর রাত ৯টার দিকে ভুক্তভোগীর বাবা বাজার থেকে ফিরে এসে দেখে ওই ছাত্রী অর্ধউলঙ্গ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর জ্ঞান ফেরার পর সে কিছুই বলতে পারেনি। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় আবারো মানিক ঘটক সেজে ওই ছাত্রীর বাড়িতে যায়। মানিককে দেখে ছাত্রী ও তার মা চিনতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয়রা মানিককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, মানিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কুমিল্লার লাকসামে ৩৬ ঘণ্টায় আ’ত্মহ’ত্যা ৩ জনের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে গত ৩৬ ঘণ্টায় ৩টি আ’ত্মহ’ত্যার ঘটনা ঘটেছে। সোমবার পৌরসভার ৪নং ওয়ার্ড (উ.) লাকসামে সন্ধ্যায় ওয়াপদা অফিসের পাশে রিকশাচালক মানিক মিয়ার মেয়ে বৈশাখী আক্তার চৈতি (১৪) থ্রিপিছ কিনে না দেওয়ায় ভাইয়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করে। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অপরদিকে লাকসাম পৌরসভার সরকারি হাসপাতালে সামনে রহমান ভিলা নামে একটি ভাড়া বাসায় থাকতেন প্রবাসী স্ত্রী নাজমা আক্তার প্রিয়াঙ্কা ও তার মেয়ে মোহনা আক্তার (৮)। রোববার প্রিয়াংকার স্বামী মাসুদুরের পরিবার জানতে পারে বিদেশ থেকে মাসুদুর দেশে আসবে। এ খবর শুনে সোমবার প্রিয়াংকা তাদের সঙ্গে না গিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করে মেয়ে মোহনা ও তার শ্বশুরবাড়ির লোকজকে শাহজালাল বিমানবন্দরে পাঠিয়ে দেয়।

এ সময় প্রিয়াঙ্কা নিজ ঘরে একা ছিলেন। পরে বিকাল তিনটার পর কাজের মহিলা বাসার সামনে এসে দরজা বন্ধ দেখে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিককে ডাকাডাকি করেন। বাড়ির মালিক গৃহবধূর আত্মীয় স্বজনকে খরব দেন। সন্ধ্যায় জানালা খুলে দেখতে পায় প্রিয়াঙ্কা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে রাত ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে একই উপজেলার শারমিন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় পূর্বপাড়ার মেস্তুরি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

শারমিন পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের শাহ আলমের মেয়ে। সে ৫-৬ দিন আগে ভগনিপতি শাহাদাতের বাড়িতে বেড়াতে এসেছিল। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়।

মঙলবার রাতে শারমিনের বোন ও ভগনিপতি নতুন বাড়িতে ছিলেন। শারমিন তার বোনের ছেলেকে নিয়ে পুরাতন বাড়িতে ঘুমান। সকালে তার ঝুলন্ত লাশ দেখে লাকসাম থানায় খবর দেওয়া হয়।

কিশোরী শারমিন আত্মহত্যা করে বলে স্থানীয়দের ধারণা। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, পৃথক তিনটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সবগুলো অপমৃত্যু মামলা হয়েছে তবে রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত আর গাইবেন না হিরো আলম

বিনোদন ডেস্কঃ

অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না এবং বিকৃত করে রবীন্দ্র ও নজরুলসংগীত গাইবেন না বলে জানিয়েছেন বাংলাদেশে আলোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।

কয়েকজনের অভিযোগের ভিত্তিতে হিরো আলমকে জিজ্ঞাবাসাদ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ বিষয়ে ডিবিকে মুচলেকা দিয়েছেন হিরো আলম।

ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ডাকে আজ বুধবার সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে উপস্থিত হন হিরো আলম। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদ।

মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অজস্র অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে আজ তাকে ডাকা হয়।

মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, ‘হিরো আলমের কথা আর কী বলব! পুলিশের যে পোশাক, যে ধরন, ডিআইজি–এসপির যে পোশাক, তা না পরে কনস্টেবলের পোশাক পরে ডিআইজি, এসপির অভিনয় করছে।’

ডিএমপির কমিশনার শিল্পী সমিতিতে বলেছেন, পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। হিরো আলম শিল্পী সমিতির সদস্যও নন। অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন। কনস্টেবলের ড্রেস পরে এসপি–ডিআইজির অভিনয় করছেন। এটা তিনি জানেনও না।

হিরো আলমের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বন্দুক, ৩টি এলজি ও ৬টি কিরিচসহ চারজনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ জুলাই) দুপুরে এ বিষয়ে পুলিশ সুপার সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরও জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরওয়ারিশপুরের সাইফুল ইসলাম নিরব এবং নরোত্তমপুরের সুমন ও রবিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মোশারফ হোসেন সাগর, আল আমিন হোসেন, আরাফাত ও ফয়েজকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

কুমিল্লার আমতলী থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ মোঃ আব্দুল জলিল (৩২) নামে এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যারা।

২৬ জুলাই রাতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পশ্চিম বেহাকুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।