All posts by jitu

বরুড়ায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

অভিবাসন তথ্য জনগনের কাছে সহজলভ্য করতে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সম্পৃক্ত করে বিদেশগনেচ্ছু ও বিদেশগামীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ২৮ মে (শনিবার) কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (উ:) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান সরদার, সচিব মেহেদী হাসান সুজন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ । ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। উপস্থাপনায় নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি জচখ-এর মাধ্যমে কিভাবে প্রবাসফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

কর্মশালায় উপস্থিত শফিকুল ইসলাম বলেন যে, আমরা নিরাপদ অভিবাসনের যে, বিভিন্ন ধাপ, প্রক্রিয়া, বিভিন্ন মাধ্যম এই বিষয়গুলো একবোরেই অজানা ছিল, আমরা আজকে এই অনুষ্ঠান মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম।

কর্মশালায় এমআরসি বাংলাদেশের কাউন্সেলর রিফাত শাহরিয়ার অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। অভিবাসী তথ্য কেন্দ্র অভিবাসন সিদ্ধান্তে তথ্য সহায়তা।

এছাড়াও এমআরসি বাংলাদেশের কাউন্সেলর গোলাম মোস্তফা মানব পাচার রোধে ইউনিয়ন পরিষদের করণীয় ও ইউনিয়ন পরিষদে বিভিন্ন কমিটি নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি অভিবাসনের নানা দিক এবং নিরাপদ অভিবাসনে ইউনিয়ন পরিষদের ভূমিকা ও করনীয় নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে সকলের একটি লিখিত মতামত গ্রহন করা হয়। সবশেষে খোশবাস (উ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলে, এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, তথ্য পেলাম। এই কর্মশালার মাধ্যমে আমরা সকলেই যে যার অবস্থান থেকে বিভিন্ন মিটিং, মসজিদ ও আলোচনা সভায় এই তথ্যগুলো জনগনের মাঝে পৌঁছে দিব।

কুসিক নির্বাচন: গাড়িতে পোস্টার লাগানোর দায়ে নৌকার প্রার্থীর জরিমানা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচারণবিধি ভঙ্গ করে গাড়িতে পোস্টার লাগানোর দায়ে নৌকার প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

তিনি বলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে আরফানুল হক রিফাতের সমর্থকরা যানবাহনে পোস্টার লাগিয়ে প্রচারণায় অংশ নেন। এসময় ঢুলিপাড়া এলাকায় তাৎক্ষণিক নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেয়র প্রার্থী কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা ও শোকজ

স্টাফ রিপোর্টার:

আচরণ বিধি লংঘন করে নির্বাচনী প্রচারণা করার অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। এছাড়া এই প্রার্থীকে শোকজ করেছে করা হয়েছে।

শনিবার (২৮ মে) সকালে কয়েক হাজার লোক নিয়ে টাউনহলের সামনে থেকে শোডাউন করেন এই প্রার্থী।

সহকারি নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রচারণার প্রথম রাতেই মাইক ভাংচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ সাক্কুর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর রাতে সাবেক  মেয়র মনিরুল হক সাক্কুর  পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ১২ নং ওয়ার্ডের নানুয়া দিঘীরপাড়ে নিজ বাসবভনের নিচে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মনিরুল হক সাক্কু ।

মেয়র প্রার্থী সাক্কু জানান,  হেলমেট পরিহিত কতিপয় দুষ্কৃতিকারী গভীর রাতে মোটরসাইকেল যোগে নগরীর চকবাজার হতে কান্দিরপাড় এলাকায় টানানো আমার নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে অন্য প্রতিকের পোস্টের ঝুলিয়ে দেয়। আমি নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেছি। একটু পরে লিখিত অভিযোগ দিবো।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে ১০৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

খালেদা জিয়াকে পুনরায় কারাগারে পাঠানোর কথা ভাবা হচ্ছে

 

ডেস্ক রিপোর্টঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখিয়ে প্রধানমন্ত্রী কারাগার থেকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বক্তব্য শুনে তাকে পুনরায় কারাগারে পাঠানোর কথা ভাবা হচ্ছে।

শুক্রবার (২৭ মে) সন্ধ্যার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আবৃত্তি উৎসবে যোগদিতে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সারা দেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেশের সর্বোচ্চ আদালতের সামনে বহিরাগত ও সন্ত্রাসীদের নিয়ে সমাবেশ ঘটিয়েছে। এগুলোর পেছনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে। তারেক রহমান বিভিন্ন জায়গায় ফোন করে করে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নির্দেশ দিচ্ছেন। আমাদের দলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশৃঙ্খলা প্রতিহত করবে।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন হওয়ায় তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারও একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিমকোর্টের সামনেও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারেক রহমান নিজেই দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টি দেখছে সরকার।

তিনি বলেন, বিএনপি নেতারা পদ্মাসেতু নিয়ে মিথ্যাচার করে এখন আর মুখ খুলছেন না। কারণ তাদের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। তাই নতুন ষড়যন্ত্রের ফাঁদ খুঁজছেন।

এসময় কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, অধ্যাপক ড. অনুপম সেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বাংলা একাডেমির মহা-পরিচালক মুহাম্মদ নুরুল হুদা ও জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেটের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা সরকারের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপির তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা এখনো জানতে পারিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আনিস কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, অনামিকার দুইবার হার্ট অ্যাটাক হয়, তবে আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অনামিকার পরিবার সূত্রে জানা যায়, রাজকুমার ও অনামিকার বিয়ে হয় ২০১৯ সালে। গত রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কসংলগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাসের সরকারি ডরমিটরিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনামিকা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে শহরের নিউ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের নিউ ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাহেদ মিয়া বাবুল সাংবাদিকদের বলেন, প্রথমে ম্যাজিস্ট্রেটের স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। পরে আমাদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর পর গত সোমবার তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

তবে এ বিষয়ে জানতে নিহত অনামিকার স্বামী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে গাঁজাসহ যুুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১২ কেজি গাঁজাসহ রাশেদুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২৭ মে) চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আজ প্রচারণার প্রথম দিনে বাবা মোহাম্মদ রুস্তম পালোয়ান, দারোগা বাড়ি ও কালিয়াজুরী মাজার এবং কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন চৌধুরীর কবর ও দারোগা বাড়ি মাজার জিয়ারত করেন। প্রতীক পাওয়ার পর তিনি গণসংযোগ করেন।

বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নোয়াগাও এলাকা থেকে শুরু করে পদুয়ার বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় হাজার হাজার মানুষ ছুটে আসেন।

এসময় নিজাম উদ্দিন কায়সার উপস্থিত সমর্থকদের বলেন, আগামী ১৫ জুন ভোটে জনগণ অন্যায় অত্যাচার অপশাসন ও দুর্নীতির জবাব দেবে ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি বলেন, নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্হা কমিশনকে নিতে হবে।কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আগামীতে নিরাপদ সম্প্রীতির কুমিল্লা নগরী গড়ে তুলতে ঘোড়ার বিকল্প নাই।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিমা আক্তার ওই এলাকার বাছির মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, সকালে ঘরের আড়ায় ওড়নার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় রিমা আক্তারের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক পেলেন কুসিকের প্রার্থীরা, নামাজের পরেই প্রচারণায় প্রার্থীরা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জুমার নামাজের পর প্রচারণায় নামবেন তারা।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ মেয়র প্রার্থীসহ মোট ১৪৭ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রথমে পাঁচ মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরপর অন্যদের প্রতীক বরাদ্দ শুরু হয়।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত দলীয় প্রতীক নৌকা পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র) পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক, নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র) পেয়েছেন ঘোড়া প্রতীক, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক এবং নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র) পেয়েছেন হরিণ প্রতীক ।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী  বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। নিয়ম অনুযায়ী প্রার্থীদের সঙ্গে পাঁচজন করে কর্মী সমর্থকরা আসছেন প্রতীক নিতে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থীর পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ সাংবাদিকদের বলেন, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারে নামবো। বিজয় নিয়ে ১৫ জুন ঘরে ফিরবো।

দুই বারের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছি আমি। কোনো ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহ এবারও বিজয়ের হাসি হাসবো।

এবার কুসিক নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।