All posts by jitu

তিতাসে “ডিকেএস”র উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা তিতাস উপজেলার সামাজিক সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা (ডিকেএস)।

রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০জন এতিম ছাত্রদেরকে ঈদের নতুন পোশাক, শারীরিক প্রতিবন্ধী নজিরকে ব্যবসার জন্য ৩৬ হাজার টাকা, প্রতিবন্ধী ইমনকে ২০০০ টাকা ও একশতাধিক অসহায় পরিবারের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা ও গৌরিপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পরিচালক শামসুল হুদা জানান, প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। এতিম, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

বুড়িচংয়ে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সে মাদক পরিবহন, ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকচাইল এলাকা থেকে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ এপ্রিল বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লার বি-পাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত. ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল (২২) এবং গাইবান্ধা জেলার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)।

আটককৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বপ্ন ও বাস্তবের বিবরণ

পিয়াস মজিদ:
স্বপ্নের ভেতর আমি মাঝেমধ্যে
‘কুমিল্লা’ বলে ডেকে ওঠি।
স্বপ্ন ভাঙলে ভাবি
বাস্তব থেকে বহিস্কৃত প্রিয়রাই
স্বপ্নের দখল নেয় একচ্ছত্র।

শাহসুজা মসজিদের চৌবাচ্চায় ঘুরে বেড়ানো
ত্রিপুরার রাজা আর মোগল শাহজাদার মিথের ধারা
পানির পিয়ানো বাজাতে বাজাতে
আমাকে এনে দাঁড় করিয়েছে
এই আগুনের উপকূলে।

কুমিল্লা নাকি একটা পরিত্যক্ত নেশা
তবু যে মাটিতে দাঁড়াই
তা-ই কেন সমতট মনে হয়!
যে মেয়ের কাছে মরতে পারি
সে-ই কেন শান্তি ও সুনীতির শোভা!
যেকোনো সুন্দর কেন
ফয়জুন্নেছার রূপজালালের হ্রদ!

২.
ঘুম ভাঙলে মানুষ
পৃথিবীতে ঢুকে যায়,
বিকিকিনির হাটে
বাজারের ব্যাগ টানে
পৃথিবী নামের বিশাল বাজারটা তখন তার কাছে
কুমিল্লার রাজগঞ্জ বাজার বলে ভ্রম হয়।

আজ মাছ না, কিনতে হবে মশলা;
আসছে রাতে আগত স্বপ্নের রান্নাবান্নায়
স্মৃতি একটি দরকারি মশলা।
স্মৃতির মশলায় চেখে দেখা যাবে
চাঁপাফুলের সুরভি-সন্দেশ;
গা থেকে কেমন একটা
কুমিল্লা কুমিল্লা গন্ধ!

– পিয়াস মজিদ
১৫ এপ্রিল ২০২২
ঢাকা থেকে কুমিল্লার বাসপথে।

কবিতা: বাবা

আনিকা তাবাসসুম সাদিয়া:

বাবা,
নিঃস্বার্থ ভাবে নিয়েছো দায়িত্ব,
মনে করোনি কখনো আমায় বোঝা
সেই তো বাবা আমার,
যাকে বুঝতে পারা নয় সোজা।

আমার স্বপ্ন গুলোকে নিয়েছো নিজের করে,
দূর করে দিয়েছো সকল বাধা বিপত্তি
সেই তো বাবা আমার,
যার কাছে আমিই তার সম্পত্তি।

নিজের স্বপ্ন গুলোকে দিয়েছো জলাঞ্জলি,
আড়ালে না জানি কতই হয়েছো পথ ভ্রষ্ট
সেই তো বাবা আমার,
যে কখনো বুঝতে দেয়নি নিজের সে কষ্ট।

ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে দিন শেষে
দাও আমায় দেখে মুচকি হাসি
সেই তো বাবা আমার,
যে বলে তদের সুখে আমার খুশি।

জীবনের কঠোর সময়ে চলার পথে
না জানি কতই সহেছো ব্যথা
সেই তো বাবা আমার,
যার মনে রয়েছে হাজারো লুকানো কথা।

বাবা তুমি আড়ালে কেঁদে,
দেখাও না চোখের কোণে জমা জল
সেই তো বাবা আমার,
যে আমাদের জন্য গড়তে চায় সুখের মহল।

আমার সামান্য অসুখে,
যে পাশে থেকে শেষ করে তার বেলা
সেই বাবা আমার,
নিজের অসুস্থ শরীরকে করে অবহেলা।

বাবা তুৃমি অপরাধী
কারন নিজেকে কষ্ট দেওয়ার জন্য
দাওনি কোন জবাবদিহি।

তবে আজ আমিও নিঃস্বার্থভাবে একটি কথাই বলতে চাই,
“বাবা অনেক ভালোবাসি তোমায়”

কুমিল্লায় পাহাড়ের পাদদেশে গৃহবধুর রক্তাক্ত মরদেহ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নে পাহাড়ের পাদদেশে ফারজানা (২৮) নামের এক গৃহবধুর মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে খুন করে মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টারর দিকে  কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকার পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে স্থানীয়রা গৃহবধূ ফারজানার হাত মুখ বাঁধা রক্তাক্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৯ টার দিকে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির  ঘটনাস্থলে পৌছে।

নিহত ফারজানা কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের কাছার অলিপুর এলাকার অটোরিকসা চালক ইকবালের স্ত্রী। 

স্থানীয় সূত্র জানায়, ফারজানার স্বামী ইকবাল একজন মাদকসেবি। ৩দিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে এসে গতকাল বিকেলে স্ত্রীকে তার বাবার বাড়ি আলেখারচর থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। স্বামী ইকবাল সকাল ৯টায় ফরজানার বাড়িতে তার মামি শাশুড়ীকে ফোন করে জানায় ফারজানাকে কে বা কারা হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছে।

এরপর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক। ঘটনাস্থলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার ও ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা।

মেসির গোলে পিএসজির দশম শিরোপা জয়

ডেস্ক রিপোর্ট:

নির্ধারিত সময় শেষ হতে তখন মিনিট দুয়েক বাকি। করেতিঁ জ্যাঁর গোলে লাঁস যখন সমতা ফেরাল, পার্ক দে প্রিন্সেসে পিএসজি সমর্থকেরা হঠাৎই কেমন চুপ হয়ে গেলেন! সের্হিও রামোস-কিলিয়ান এমবাপ্পেকে সঙ্গে সঙ্গেই দেখাল ক্যামেরায়। দুজনেরই মুখ অন্ধকার।

তবে পিএসজি গোল খেয়ে সমর্থকদের সেই নীরবতা আর রামোস-এমবাপ্পেদের মন খারাপ ভাবটা বেশিক্ষণ থাকল না। এ ম্যাচে আসলে জয় তাদের খুব একটা দরকারও ছিল না। ড্র করলেই লিগ আঁ-র ট্রফি আবার ঘরে ফিরবে, এমন সমীকরণ নিয়েই আজ লাঁসের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। সমর্থকেরাও এসেছিলেন উৎসবের প্রস্তুতি নিয়েই।

৬৮ মিনিটে লিওনেল মেসির এক দুর্দান্ত গোলের পর মনে হচ্ছিল, জয় দিয়েই শিরোপা-উৎসবটা রাঙাবে পিএসজি। শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি মেসি-নেইমারদের, লাঁসের সঙ্গে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে তাতেই ঘরে ফিরেছে গত মৌসুমে লিলের কাছে হারিয়ে ফেলা লিগ আঁ-র ট্রফিটা। শেষ বাঁশির পর তাই সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামে আলোর ঝর্ণা ছুটল, বাজির রোশনাইয়ে ছেয়ে গেল আকাশ।

এ নিয়ে দশমবার ফরাসি লিগের চ্যাম্পিয়ন হলো পিএসজি। সবচেয়ে বেশিবার ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডে এখন সেঁত এতিয়েনের সঙ্গে পিএসজিও অংশীদার। পিএসজির এই দশটা ট্রফির আটটাই এসেছে কাতারের ধনকুবের নাসের আল খেলাইফি ক্লাবটি কিনে নেওয়ার পর।

পিএসজির খেলোয়াড়েরা অবশ্য মাঠে খুব একটা হই-হুল্লোড় করলেন না। ম্যাচ শেষে একে অন্যকে হাসি মুখে অভিনন্দন জানিয়েছেন স্রেফ। খুব একটা উচ্ছ্বাস দেখা যায়নি পিএসজির কোচ মরিসিও পচেত্তিনোর মধ্যেও। অথচ কোচিং ক্যারিয়ারে এই প্রথম লিগ শিরোপা জিতলেন আর্জেন্টাইন এই কোচ। গত বছর জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে জিতেছিলেন শুধু ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ।

তবে খেলোয়াড়দের মতো সমর্থকেরা উচ্ছ্বাসে লাগাম টেনে ধরেননি কোনো। কোরাস গাইতে গাইতে মাঠ ছেড়েছেন, তারপর প্যারিসের রাস্তা মুখরিত করে তুলেছেন বিজয়-উৎসবে।

ম্যাচটা আসলে জিততে পারত পিএসজি। কিন্তু আগের ৪ ম্যাচে ৭ গোল করা কিলিয়ান এমবাপ্পের ভাগ্যই বোধ হয় এদিন খারাপ ছিল। একের পর এক সুযোগ নষ্ট করেছেন। পিএসজি সমর্থকদের সেই আক্ষেপ ঘুচাতেই যেন ৬৮ মিনিটে নেইমারের পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে চোখ জুড়ানো এক গোল করলেন মেসি। লিগ আঁ-তে ২২ ম্যাচে এটি মেসির ৪ নম্বর গোল, এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে তাঁর গোল ৯টি।

ওই গোলটাই যখন দুই দলের ব্যবধান হয়ে থাকবে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ৮৮ মিনিটে জ্যাঁ ফেরালেন সমতা। তাতে অবশ্য পিএসজির শিরোপা-উৎসব পেছায়নি। মন খারাপ করে মাঠ ছাড়তে হয়নি মেসিকেও। বার্সেলোনার হয়ে ১০টি লিগ জেতার পর পিএসজির হয়ে জিতলেন এই প্রথম। ক্লাব ক্যারিয়ারে এটি তাঁর ৩৬তম ট্রফি। ইউরোপের শীর্ষ লিগের খেলোয়াড়দের মধ্যে তাঁর চেয়ে বেশি ট্রফি জেতার অভিজ্ঞতা নেই অন্য কারও!

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক যুবক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপেক্স এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আব্দুল মান্নান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের আলী আহমেদের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই লিটন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল ও গাঁজাসহ আব্দুল মান্নানকে আটক করা হয়। আটকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থগিত হওয়া ম্যাচ ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্কঃ

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন ফুটবলাররা করোনা প্রটোকল না মানায় ম্যাচ শুরু হওয়ার খানিক পর ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবে বাতিল হয় ম্যাচটি।

আগামী সেপ্টেম্বরে ম্যাচটি খেলার সূচি নির্ধারণ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা। তবে কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

কিন্তু ফিফাকে আর্জেন্টিনা জানিয়ে দিল, তারা ব্রাজিলের সঙ্গে ম্যাচটি খেলতে চায় না। খবর আর্জেন্টাইন ফুটবলবিষয়ক ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তের।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যুক্তি, বিশ্বকাপ বাছাইপর্বই শেষ হয়ে গেছে। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই কাতার বিশ্বকাপের টিকিটি নিশ্চিত করে ফেলেছে। এই ম্যাচটি তাই গুরুত্বহীন হয়ে পড়েছে।

অন্য আরেকটি যুক্তিও দেখাচ্ছে এএফএ। সেটি হচ্ছে – ব্রাজিল ও আর্জেন্টিনার একটা প্রীতি ম্যাচ খেলার কথা জুনে। ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে। বিজ্ঞাপন-সম্প্রচারক সংস্থাসহ কোটি টাকার বিনিয়োগ আছে। তাই ম্যাচটি বাতিল করা যাচ্ছে না।

তাহলে ফিফার নির্দেশ মতো দুই মাস পরেই (সেপ্টেম্বর) ফের নেইমারদের মুখোমুখি হতে হচ্ছে মেসিদের। এর দুমাস পরেই বিশ্বকাপ।

তাই বিশ্বকাপের আগে ছয় মাসের মধ্যে নেইমারদের বিপক্ষে দুবার খেলতে চায় না মেসির আর্জেন্টিনা।

আর্জেন্টিনার যুক্তি, বিশ্বকাপ বাছাইপর্বেই তারা দক্ষিণ আমেরিকান সব দলের বিপক্ষে দুবার করে খেলেছে, বিশ্বকাপের আগে এই পাঁচ-ছয় মাসে নিজেদের গুছিয়ে নেওয়ার পথে মূলত ইউরোপের দলের বিপক্ষেই খেলতে চায় আর্জেন্টিনা।

১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ৬ জুন ইসরাইলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আলবিসেলেস্তেদের।

যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মুন্দো আলবিসেলেস্তে।

চৌদ্দগ্রামে গৃহবধূ হত্যায় স্বামী-শ্বশুরকে আসামী করে আদালতে মামলা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে এক সন্তানের জননী গৃহবধূ নুসরাত জাহান মীমকে (২১) পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে তার মা জাহান আরা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুর-শ্বাশুড়ী ও ননদকে আসামী করে আদালতে মামলা করেছেন।

মঙ্গলবার কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এ তিনি এ মামলা দায়ের করেন। এর আগে ঘটনার দিন নিহতের শ্বশুর সহিদ উল্লাহ্ ভূ্ইঁয়া কৌশলে নুসরাতের বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মরদেহের ময়নাতদন্ত না করিয়ে দাফন করে দেয়।

আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের মহসিন চৌধুরীর একমাত্র মেয়ে নুসরাত জাহান মীমকে গুনবতী ইউনিয়নের রামপুর গ্রামের সহিদ উল্লাহ্ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ উল্লাহ্ ভূঁইয়া রিয়াদ এর নিকট শরীয়ত সম্মতভাবে ১০ লাখ টাকা দেনমোহরে সামাজিকভাবে বিবাহ্ দেয়া হয়। বিয়ের সময় নুসরাতের বাবা-মা বর পক্ষকে স্বর্ণালঙ্কার, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় চার লাখ টাকার জিনিসপত্র দেয়। বিয়ের পর নুসরাত কিছুদিন সুখে শান্তিতে স্বামীর সংসার করতে পারলেও ছয় মাস পরই তার সংসারে নেমে আসে অশান্তির কালো থাবা। শ্বশুর বাড়ীর লোকজনের চাপে পড়ে স্বামীর ব্যবসা প্রসারসহ বিভিন্ন অজুহাতে নুসরাত তার বাবার বাড়ি থেকে কয়েক দফায় নগদ প্রায় তিন লাখ টাকা এনে দেয় তার স্বামীকে। এতেও সন্তুষ্ট হয়নি নুসরাতের পরধন লোভী স্বামী রিয়াদ। রিয়াদ তার পরিবারের লোকজনের কু-পরামর্শে আরেক দফায় ব্যবসার মূলধন বাড়ানোর কথা বলে বাবার বাড়ি থেকে আরো পাঁচ লাখ টাকা এনে দিতে নুসরাতকে অব্যাহতভাবে চাপ দেয়। এতে সে অস্বীকৃতি জানালেই ঘটে বিপত্তি। বিষয়টি নিয়ে নুসরাতের স্বামী ও স্বামীর পরিবারের লোকজন বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখে। এক পর্যায়ে গত শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুযোগ বুঝে স্বামী রিয়াদসহ তার পরিবারের লোকজন নুসরাতকে মারধরসহ শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনে নুসরাতের গলা, হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের নীলাফুলা জখম ও ক্ষতের চিহ্ন দেখা যায়। নির্যাতনের অতিমাত্রায় অবস্থা বেগতিক দেখে নুসরাতকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলে মামলায় অভিযোগ করা হয়। পরে নুসরাতের স্বামী রিয়াদ তার শ্বশুরকে মুঠোফোনে কল করে জানায় নুসরাতের শারীরিক অবস্থা ভালো না, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হবে। খবর পেয়ে নুসরাতের বাবা-মা সেখানে ছুটে গিয়ে নুসরাতের নিথর দেহ ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে নুসরাতের শ্বশুর সহিদ উল্লাহ্ সু-কৌশলে তার বাবার কাছ থেকে দু’টি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নুসরাতের মা জাহান আরা বলেন, ‘আমার মেয়েকে তারা যৌতুকের টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমাদের কাছ থেকে দু’টি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তারা মরদেহের ময়নাতদন্ত না করিয়ে দাফন করে দেয়। মরদেহের ময়নাতদন্ত ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি আমার মেয়ে হত্যার বিচার চাই’।

মামলার প্রধান আসামী ও নিহত নুসরাতের স্বামী মোহাম্মদ উল্লাহ্ ভূঁইয়া রিয়াদ বলেন, ‘নুসরাতের মানসিক সমস্যা ছিল। এ কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে। তার পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতেই মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়। উভয়পক্ষের সম্মতিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।

রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল শিশুর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বোনের সাথে রাস্তা পারপারের সময় মাইক্রোবাস চাপায় মাহি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মেহজাবিন সামারুক মিরা নামে (৮) আরও শিশু গুরুতর আহত হয়।

শুক্রবার বিকেলে উপজেলার ছাতারপাইয়া টু সোনাইমুড়ী সড়কের ছাতারপাইয়ার পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের শাকায়েত মিয়ার মেয়ে।

সেনবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাহি ও মিরা উপজেলার ছাতাপাইয়া রোডে পশ্চিম বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশু মাইক্রোবাস দেখে হঠাৎ দৌড় দেয়। এ সময় সোনাইমুড়ী গ্রামী একটি মাইক্রোবাসের চাপা পড়ে শিশু মাহি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মিরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ায় হয়।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি। তারা পারিবারিক ভাবে ঘটনাটি নিষ্পত্তি করে পেলে বলে পুলিশকে জানায়।