All posts by jitu

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক ৩ জন সভাপতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক রূপসী বাংলার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুল ওহাব, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাপ্তাহিক মেগোতি পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল হক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান স্মরণে স্মরণসভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ জিতু।

স্মরণসভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।

প্রয়াত কুমিল্লা প্রেস ক্লাবের তিন সভাপতির স্মরণে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, প্রবীন সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সাংবাদিক ওমর ফারুকী তাপস,সাংবাদিক মোঃ শহিদুল্লাহ ,সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক এম ফিরোজ মিয়া, সাংবাদিক দিলীপ মজুমদার সাংবাদিক আনোয়ার হোসাইন, সাংবাদিক সেলিম রেজা মুন্সী, সাংবাদিক গাজিউল হক, সোহাগ ,সাংবাদিক শাহ আলম শফি ,সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক বাহার রায়হান, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক দেলোয়ার হোসেন আকাইদ, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক জামাল উদ্দিন জামাল, সাংবাদিক কামাল উদ্দিন।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।

লাকসামে প্রেমের বিয়ের পর পারিবারিক বিরোধ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকায় অন্তর (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত অন্তর পশ্চিমগাঁও এলাকার মো. জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার প্রীতি (১৯) নামে এক তরুণীর সঙ্গে অন্তরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তারা পারিবারিক সম্মতি ছাড়াই বিয়ে করেন বলে স্থানীয়দের দাবি। তবে মেয়ের পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়।

স্বজনদের ভাষ্য, ওই ঘটনার পর থেকেই অন্তর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে তিনি নিজ কক্ষে অবস্থান করেন। নামাজ শেষে স্বজনরা ফিরে এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও বিয়ে-সংক্রান্ত জটিলতার কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন : চরম ভোগান্তিতে

​ইমতিয়াজ আহমেদ জিতু:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৬ কিলোমিটার অংশজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। কোথাও থেমে থেমে দীর্ঘ যানজটের কারণে ঢাকা- চট্টগ্রামগামী হাজার হাজার যাত্রী এবং পরিবহন শ্রমিক চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ শুক্রবার (৭ আগষ্ট ) ভোররাত থেকে ময়নামতি সড়কের উভয় লেনে যানজট ছড়িয়ে পড়ে।

মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজের ধীরগতি এবং টানা বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দকের কারণে থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে কুমিল্লা থেকে ঢাকা যেতে এবং ঢাকা থেকে কুমিল্লা ফিরতে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগছে। যেখানে যানজট না থাকলে দুই ঘন্টায় কুমিল্লা থেকে ঢাকা যেতে সময় লাগে।

​স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার মহাসড়কের ময়নামতির আমতলী এলাকায় সড়কে সংস্কার কাজের জন্য যানজট মহাসড়কের মিয়া বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় উভয় লেনেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এছাড়া মহাসড়কের নিমসার, কাবিলা, মাধাইয়া, ইলিয়টগঞ্জ, গরিপুর ও দাউদকান্দি এলাকায় যানবাহন খুব ধীরগতিতে চলছে। এসব এলাকায় দীর্ঘ সময় যানবাহন থেমে থাকতেও দেখা যায়। ধীরগতিতে চলাচল করা যানবাহনের এ চাপ বেলা গড়ালেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। থেমে থেমে ছিল যানজট।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সংস্কার কাজের জন্য সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

কুমিল্লা থেকে মাইক্রোবাসে ঢাকায় যাওয়া ব্যবসায়ী সাইফুল সুমন জানান, সকাল ৭ টার দিকে মহাসড়কের আলেখার চর বিশ্বরোডে প্রায় দেড় ঘন্টা যানজটে আটকে ছিলাম। এরপর বিভিন্ন এলাকায় যানজটে পড়েছি। প্রায় ৭ ঘন্টা পর দুপুর দুইটার দিকে ঢাকা পৌঁছেছি। পুরোটা রাস্তায় গাড়ি থেমে থেমে ধীরগতিতে চলেছে।

​এদিকে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা থেকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার বরাবরে শুক্রবার সকালে প্রেরিত এক জরুরি প্রতিবেদনে বলে হয়েছে ” মহাসড়কের আমতলী এলাকায় বৃষ্টির পানি জমে রাস্তায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকামুখী লেনে যানবাহন থামিয়ে থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে। ঢাকামুখী লেনে যানজট তীব্র হওয়ায় অনেক যানবাহন বাধ্য হয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামমুখী লেনেও। এতে মহাসড়কের উভয় পথেই যানজট ছড়িয়ে পড়ছে। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশের ২টি মোবাইল টিমসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”

​প্রতিবেদনে আরও বলা হয়েছে , আমতলী অংশের এই বেহাল দশা ও খানাখন্দক দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বারবার অবহিত করা হলেও তারা স্থায়ী বা অস্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিদিনই এ স্থানে সাধারণ সড়ক ব্যবহারকারীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বৃষ্টির কারণে জরুরি সংস্কার কাজে ব্যাঘাত হয়েছে। অচিরেই সংস্কার কাজ শেষ হবে। তখন যানজট অনেকটাই কমে যাবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গত ৩/৪ সপ্তাহের টানা বৃষ্টিতে মহাসড়কের এই অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কুমিল্লায় নানার বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ আগস্ট )সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।

তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে যান।

শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক রবিউল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ থানায় আনা হয়। স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুরে একযোগে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তার বদলির আদেশ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

প্রশাসনিক গতিশীলতা ও জনস্বার্থে চাঁদপুর জেলার আটটি উপজেলার একযোগে ৩১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ এরশাদ উদ্দিন স্বাক্ষরিত এই অফিস আদেশে (স্মারক নং- ৪৬.৪২.১৩০০.০০০.০৩০.০৩.০০০৭.২৬-৫২৮) ৩১ জন কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করে দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে চলতি মাসের আগামী ৯ তারিখের মধ্যে তাদের নতুন বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলিকৃত কর্মকর্তাদের তালিকা ও কর্মস্থল:

১. মোঃ আবু বকর সিদ্দিক তালুকদার: আশিকাটি ইউপি (চাঁদপুর সদর) থেকে উত্তর আলগী ইউপি (হাইমচর)।

২. মোহাম্মদ কুদ্দুছ আমন্দ রোকন: শাহমাহমুদপুর ইউপি (চাঁদপুর সদর) থেকে গুপ্টি পশ্চিম ইউপি (ফরিদগঞ্জ)।

৩. শংকর আচার্য্য: মৈশাদী ইউপি (চাঁদপুর সদর) থেকে চান্দ্রা ইউপি (চাঁদপুর সদর)।

৪. মোঃ মনসুর আহমেদ: তরপুরচন্ডী ইউপি (চাঁদপুর সদর) থেকে হাটিলা পূর্ব ইউপি (হাজীগঞ্জ)।

৫. তানজিমা আক্তার: বালিয়া ইউপি (চাঁদপুর সদর) থেকে হাটিলা পশ্চিম ইউপি (হাজীগঞ্জ)।

৬. মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী: ইব্রাহিমপুর ইউপি (চাঁদপুর সদর) থেকে চরদুঃখিয়া পশ্চিম ইউপি (ফরিদগঞ্জ)।

৭. মো: বশির উল্লাহ খন্দকার: চান্দ্রা ইউপি (চাঁদপুর সদর) থেকে নায়েরগাঁও উত্তর ইউপি (মতলব দক্ষিণ)।

৮. মো: আখতারুল ইসলাম: উত্তর আলগী ইউপি (হাইমচর) থেকে আশিকাটি ইউপি (চাঁদপুর সদর)।

৯. মো: বিপুল হোসেন: আলগী দুর্গাপুর দক্ষিণ ইউপি (হাইমচর) থেকে শাহমাহমুদপুর ইউপি (চাঁদপুর সদর)।

১০. মো: জসিম উদ্দিন রনি: চরভৈরবী ইউপি (হাইমচর) থেকে মৈশাদী ইউপি (চাঁদপুর সদর)।

১১. মো: দিনারুল আলম: গণ্ডামারা দক্ষিণ ইউপি (হাজীগঞ্জ) থেকে গাজীপুর ইউনিয়ন পরিষদ (হাইমচর)।

১২. মো: রফিকুল ইসলাম: হাটিলা পশ্চিম ইউপি (হাজীগঞ্জ) থেকে ইসলামাবাদ ইউপি (মতলব উত্তর)।

১৩. অনু সে: গুপ্টি পূর্ব ইউপি (ফরিদগঞ্জ) থেকে মেঘের দক্ষিণ ইউপি (শাহরাস্তি)।

১৪. মো: দেলোয়ার হোসেন: গুপ্টি পশ্চিম ইউপি (ফরিদগঞ্জ) থেকে বাগাদী ইউপি (চাঁদপুর সদর)।

১৫. মো: কামাল হোসেন: গোবিন্দপুর দক্ষিণ ইউপি (ফরিদগঞ্জ) থেকে বালিয়া ইউপি (চাঁদপুর সদর)।

১৬. মোঃ ইব্রাহীম খলিল: নায়েরগাঁও উত্তর ইউপি (মতলব দক্ষিণ) থেকে সাদুল্লাপুর ইউপি (মতলব উত্তর)।

১৭. মোার মশিউর রহমান: নায়েরগাঁও দক্ষিণ ইউপি (মতলব দক্ষিণ) থেকে দক্ষিণ আলগী ইউপি (হাইমচর)।

১৮. মানসী সাহা: মায়েরগাঁও ইউনিয়ন পরিষদ (মতলব দক্ষিণ) से তরপুরচন্ডী ইউপি (চাঁদপুর সদর)।

১৯. রাজীব চন্দ্র ভক্ত: ইসলামাবাদ ইউপি (মতলব উত্তর) থেকে রূপসা দক্ষিণ ইউপি (ফরিদগঞ্জ)।

২০. মোহাম্মদ মানিক মিয়া: সাদুল্লাপুর ইউপি (মতলব উত্তর) থেকে কড়ৈতলী ইউপি (কচুয়া)।

২১. মোঃ জসীম উদ্দিন মজুমদার: ফরাজীকান্দি ইউপি (মতলব উত্তর) থেকে উপাদী উত্তর ইউপি (মতলব দক্ষিণ)।

২২. মো: জুবায়ের হোসেন: এখলাছপুর ইউপি (মতলব উত্তর) থেকে চরভৈরবী ইউপি (হাইমচর)।

২৩. মো: করিম আহমদ দীপু: দুর্গাপুর ইউপি (মতলব উত্তর) থেকে নায়েরগাঁও দক্ষিণ ইউপি (মতলব দক্ষিণ)।

২৪. মো: মাইনুল ইসলাম পাটোয়ারী: রায়শ্রী দক্ষিণ ইউপি (শাহরাস্তি) থেকে আশ্রাফপুর ইউপি (কচুয়া)।

২৫. সঞ্জীব চন্দ্র চন্দ: চিতোষী পূর্ব ইউপি (শাহরাস্তি) থেকে হাজীগঞ্জ সদর ইউপি (হাজীগঞ্জ)।

২৬. মোঃ ওয়ালী উল্লাহ: কচুয়া উত্তর ইউপি (কচুয়া) থেকে গুপ্টি পূর্ব ইউপি (ফরিদগঞ্জ)।

২৭. মকবুল হোসেন পাটোয়ারী: কচুয়া দক্ষিণ ইউপি (কচুয়া) থেকে এখলাছপুর ইউপি (মতলব উত্তর)।

২৮. মোহাম্মদ ফয়জুল আহম্মেদ: আশ্রাফপুর ইউপি (কচুয়া) থেকে গণ্ডামারা দক্ষিণ ইউপি (হাজীগঞ্জ)।

২৯. মোঃ জাকির হোসেন মৃধা: জহিরাবাদ ইউপি (মতলব উত্তর) থেকে গোয়াট দক্ষিণ ইউপি (কচুয়া)।

৩০. মৃত্যুঞ্জয় চক্রবর্তী: গোয়াট দক্ষিণ ইউপি (কচুয়া) থেকে বড়কূল পূর্ব ইউপি (হাজীগঞ্জ)।

৩১. তপন চন্দ্র ভৌমিক: বড়কূল পূর্ব ইউপি (হাজীগঞ্জ) থেকে গোয়াট উত্তর ইউপি (কচুয়া)।

চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের স্থানীয় সরকার প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গতিশীল করার লক্ষ্যেই জনস্বার্থে এই বদলি আদেশ জারি করা হয়েছে। এই আদেশের অনুলিপি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চাঁদপুরের সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা ৮ আগষ্ট বৃহস্পতিবার কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক , বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান।

আসাদুজ্জামান রনি পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ, বক্তব্য রাখেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সেক্রেটারী ইমরান হোসেন হিমেল।

কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলে। শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের মাধ্যমে নানান কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে জাতিকে দিক নির্দেশনার পাশাপাশি আগামী সুন্দর বাংলাদেশের পথ দেখায়। আদর্শ সমাজ বিনির্মাণ করতে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ।
তিনি কুমিল্লা নগরকে সবুজায়ন করার পরামর্শ দেন।

শাহজাদা এমরান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি মুক্ত করার জন্য অন্যতম ভুমিকা রাখতে পারে স্বপ্নজোড়ার মত সামাজিক সংগঠনগুলো। এ জন্যই একটি আদর্শ সমাজ গঠনে স্বপ্নজোড়া সংগঠনের মত সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্ব অপরিসীম।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন ভালো স্বেচ্ছাসেবক থেকে একজন ভালো ছাত্র হওয়া অনেক বেশী গুরুত্বপূর্ন| আবার একজন ভালো মানুষ হওয়া একজন ভালো ছাত্র হবার চেয়েও বেশী গুরুত্ব বহন করে। সামাজিক সংগঠনগুলো ভালো মানুষ হবার কৌশল শেখায়।

আলোচনা সভা শেষে স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতায় ২০২৬ রানার্স আপ অপি, চ্যাম্পিয়ন মাহমুদা রহমান মুক্তা, চ্যাম্পিয়ান অব দ্যা চ্যাম্পিয়ন নাহিদা সুলতানা জেরিন।
বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদ ও বৃক্ষ উপহার দেওয়া হয়।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য সনদ প্রাপ্তরা হলেন ফয়সাল মাহমুদ মজুমদারসামির, শ্রী প্রবন কান্তি দাস, ইমরান হোসেন হিমেল, তাহসান আহম্মেদ লবি, আসাদুজ্জানরনি| কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সাদমান সাবাব ও অপি|

৪ হাজার ৭০০ ক্যাফের ব্র্যান্ড ক্যাফে আমাজনের বাংলাদেশ যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক মাত্রা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এবং থাইল্যান্ডের পিটিটি অয়েল অ্যান্ড রিটেইল বিজনেস পাবলিক কোম্পানি লিমিটেড (পিটিটি ওআর)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে থাইল্যান্ডের জনপ্রিয় কফি চেইন ‘ক্যাফে আমাজন বাংলাদেশ’।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয় ক্যাফে আমাজনের কার্যক্রম। পরবর্তীতে বসুন্ধরা সিটি শপিং মলের অ্যাট্রিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে ক্যাফে আমাজনের আগমন শুধু একটি আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের যাত্রা নয়, বরং দেশের আধুনিক রিটেইল খাত, তরুণ উদ্যোক্তা এবং কর্মসংস্থানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আন্তর্জাতিক মানের পণ্য, সেবা ও ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আসছে। ক্যাফে আমাজনের মাধ্যমে দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ক্যাফে অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

ক্যাফে আমাজন বাংলাদেশের লক্ষ্য শুধু কয়েকটি আউটলেট স্থাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে সারা দেশে একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং দেশজুড়ে আন্তর্জাতিক মানের ক্যাফে সেবা আরও সহজলভ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এবং তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

টিবিজির (Tanvir Bashundhara Group) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহানের নেতৃত্বে পিটিটি ওআর-এর সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ক্যাফে আমাজন বাংলাদেশে এসেছে। এ উদ্যোগ আন্তর্জাতিক মানের গুণগত সেবা, পরিচালন দক্ষতা এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, “আমরা বাংলাদেশকে শুধু একটি বিকাশমান বাজার হিসেবে দেখছি না, বরং অসাধারণ সম্ভাবনাময় একটি দেশ হিসেবে বিবেচনা করছি। পিটিটি ওআর-এর সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের একটি ব্র্যান্ড বাংলাদেশে নতুন সুযোগ তৈরি করবে। ক্যাফে আমাজন একটি বৃহত্তর যাত্রার সূচনা, যা আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।”

উদ্বোধনী আয়োজন ছিল বর্ণাঢ্য ও বৈচিত্র্যময়। থাই সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী মুয়ে থাই মার্শাল আর্ট প্রদর্শনী, গ্রাহক অ্যাক্টিভেশন, জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও জেফার রহমানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা এবং ক্যাফে আমাজনের জনপ্রিয় মাসকট ‘জোনজোন’-এর উপস্থিতিতে দর্শনার্থীরা উপভোগ করেন থাই সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য অভিজ্ঞতা।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রয়্যাল থাই অ্যাম্বাসির রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি থিতিফর্ন চিরাছাওয়াদি, রয়্যাল থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্যিক) অনুসর্ন কাউতিপবিত্তায়া এবং হাঙ্গেরিয়ান-থাই চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট পোজ্জানা পানিয়াংভাইত অনুষ্ঠানে অংশ নেন। তাদের সাথে বাংলাদেশ ও থাইল্যান্ডের সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিটিটি ওআর ও ক্যাফে আমাজন ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন লাইফস্টাইল বিজনেসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রাইপিট প্রেমমানি, ক্যাফে আমাজন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড কমার্স ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট থিতি সুয়ানসাক, ক্যাফে আমাজন স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট উইলাই বুনচারোয়েনচাইসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া বসুন্ধরা সিটি ডেভেলপমেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.), বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জিয়াউল হক সিকদার এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আবদুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০০২ সালে প্রতিষ্ঠিত ক্যাফে আমাজন বর্তমানে থাইল্যান্ডের এক নম্বর কফি চেইন হিসেবে পরিচিত। পিটিটি অয়েল অ্যান্ড রিটেইল বিজনেস পাবলিক কোম্পানি লিমিটেড পরিচালিত এই ব্র্যান্ডটির থাইল্যান্ডে রয়েছে ৪ হাজার ৭০০-এর বেশি ক্যাফে। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশে রয়েছে ৩০টির বেশি আন্তর্জাতিক আউটলেট।

‘টেস্ট অব নেচার’ বা ‘প্রকৃতির স্বাদ’ দর্শনে অনুপ্রাণিত ক্যাফে আমাজন প্রিমিয়াম কফি, খাঁটি থাই পানীয়, প্রকৃতি-অনুপ্রাণিত পরিবেশ এবং মানসম্মত গ্রাহকসেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এশিয়ার দ্রুত বর্ধনশীল কফি চেইনগুলোর অন্যতম হিসেবে ব্র্যান্ডটি প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহককে সেবা দিয়ে আসছে।

বাংলাদেশে ক্যাফে আমাজনের যাত্রা দেশের কফি সংস্কৃতি, রিটেইল খাত এবং উদ্যোক্তা উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এ অভিযান চালায়। বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার চণ্ডীদার, কর্নেলবাজার, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, গরু, শ্যাম্পু, রেডবুল এনার্জি ড্রিংকস, রসুন, চকলেট, ক্লোপজি ক্রিম, অলিভ অয়েল, ইস্কাপ সিরাপ, গাঁজা, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় আটক তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ প্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

কুমিল্লায় হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস

ডেস্ক রিপোর্ট:

টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান নামে এক যুবককে হত্যার দায়ে মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান হাজারী কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া দক্ষিণপাড়া হাজারী বাড়ির বাসিন্দা এবং মৃত আলী হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ এপ্রিল দুপুরে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম সোহানের সঙ্গে মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর রহমান ধারালো দা দিয়ে সোহানকে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত সোহানকে প্রথমে মুজাফফরগঞ্জ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা ট্রমা হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১৮ মে রাত ১১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন ২০২১ সালের ২৬ এপ্রিল লাকসাম থানায় মিজানুর রহমান হাজারীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭/৫০৬/৩৪ ধারায় রুজু হলেও তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম ও মোহাম্মদ রাশেদ খান চৌধুরী আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি মিজানুর রহমান হাজারী ও তার ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত মিজানুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণাকালে আসামিদ্বয় বিজ্ঞ আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার।

চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে নিরীহ প্রবাসীর মৃত্যু : দীর্ঘ সময় সড়ক অবরোধ

চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুর সদর উপজেলায় তথাকথিত ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর সময় সংঘটিত হামলায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

 

​বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মান্দারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

 

​স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে মান্দারী এলাকায় স্থানীয় একদল যুবক মাদকবিরোধী অভিযানের নামে মহড়া দিচ্ছিল। এ সময় যুবকদের ছোটাছুটি ও হইচই দেখে প্রবাসী শাহজাহান পাটওয়ারী কৌতূহলবশত কারণ জানতে চেয়ে তাদের ডাক দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযানে থাকা ওই যুবকেরা। একপর্যায়ে তারা শাহজাহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।

 

​ইটের আঘাতে শাহজাহান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এক চিকিৎসকের কাছে নেন। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় মহামায়া এলাকায় ফুঁসে ওঠে ক্ষুব্ধ জনতা। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্ধ্যার পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

 

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দা আমেনা বেগম অভিযোগ করে বলেন, “শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে ও তার পাঠানো ক্যাডারদের হামলাই এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ।”

 

​তবে সব অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ দাবি করেন, ঘটনার সময় আমি এলাকায় উপস্থিত ছিলাম না, একটি দলীয় কর্মসূচিতে চাঁদপুর ছিলাম। আমার বিরুদ্ধে আনা রাজনৈতিক বা ব্যক্তিগত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।

 

​এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।