All posts by jitu

কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা

 

স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ ) কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে ১০০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মোঃ মহিউদ্দিন লিটন। এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ার, জনশক্তি জরিপ অফিসার তাজুল ইসলাম এবং অনান্য সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের সঞ্চাচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন বলেন, অভিবাসনকে নিরাপদ, সুষ্ঠ, নিয়মিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কুমিল্লা যেহেতু দেশের অন্যতম অভিবাসন প্রবন অঞ্চল, সেহেতু শিক্ষার্থীরা খুব সহজে অভিবাসনের সঠিক বার্তা শহর এবং গ্রামঞ্চলে পৌঁছে দিতে পারে যাতে মানুষ দালালের প্রতারণার হাত থেকে রক্ষা পায়।

বিদেশগামীদের প্রশিক্ষণের গুরুত্ব ও এ সম্পর্কে করনীয়, নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন দপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। উপস্থাপনায় তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

প্রশ্ন উত্তর পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

মেসির জন্য প্রতি ম্যাচে ৩০০টি জার্সি বানাতে হয় আর্জেন্টিনার

 

স্পোর্টস ডেস্কঃ

একটা সময় লিওনেল মেসির বিরুদ্ধে বড় অভিযোগ ছিল, তিনি বার্সেলোনার হয়ে যতটা প্রাণবন্ত থাকেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ঠিক ততটা দেখা যায় না। নিন্দুকরা প্রায়ই এ বিষয়ে সমালোচনায় বিদ্ধ করতেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে।

তবে গত কয়েক বছরে পুরোপুরি বদলে গেছে এই চিত্র। ক্লাব ফুটবলে যেমনই হোক না কেন, জাতীয় দলের হয়ে যেন নিজের শেষ বিন্দু পর্যন্ত ঢেলে দিতে প্রস্তুত থাকেন মেসি। বিশেষ করে গত বছর কোপা আমেরিকার শিরোপা জেতার পর মেসি ও আর্জেন্টিনা মিলে গেছে এক বিন্দুতে।

আর মেসি যখনই যোগ দেন আর্জেন্টিনা দলে, তখন আশপাশের বাকি সবারও আগ্রহ-উৎসাহের কোনো কমতি থাকে না। আর এ কারণেই মেসির জন্য প্রতি ম্যাচে ২০০-৩০০টি জার্সি বানাতে হয় আর্জেন্টিনার জার্সি প্রস্তুতকারকদের। কেননা সবারই আবদান থাকে, মেসির একটি জার্সি পাওয়ার।

এ তথ্য জানিয়েছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। এ গোলরক্ষকের মতে, দুই ম্যাচের জন্য যখন জাতীয় দলে যোগ দেন মেসি, তখন গড়ে ৬৫০টি করে জার্সি বানাতে হয়। প্রতি ম্যাচে যা ৩০০ ছাড়িয়ে যায়।

অ্যামাজন প্রাইম ভিডিওতে এমিলিয়ানো বলেছেন, ‘একদিন আমি তাদের (জার্সি প্রস্তুতকারক) জিজ্ঞেস করলাম, প্রতি ম্যাচে মেসির জন্য কতটি জার্সি বানানো হয়? তারা জানালো প্রায় ২০০ থেকে ৩০০টি বানানো হয় যাতে যারা মেসির জার্সি চায় তাদের দেওয়া যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি এবং তারা মেসির ৬৫০টি পরিধানযোগ্য জার্সি তৈরি করে রেখেছিল। স্পন্সর, খেলোয়াড়, স্টাফ, টেকনিশিয়ান- সবাই একটি জার্সি চায়। কারণ এটি তো মেসির জার্সি!।’

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এখনও বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অন্য ম্যাচটি হবে ব্রাজিলের বিপক্ষে।

নগরীর গর্জনখোলা থেকে বিদেশি পিস্তলসহ আটক সজিব

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে সৈয়দুজ্জামান সজিব (৩০) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রবিবার (১৩ মার্চ) রাত ১১টায় নগরীর গর্জনখোলা থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়।

আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী নগরীর বজ্রপুর মৌলভীপাড়ার ফরিদ মিয়ার ছেলে।

আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।

চৌদ্দগ্রামে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে আব্দুল্লাহ (১৮) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মাসুদ মজুমদারের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।

তিনি জানান, রোববার সকালে মহাসড়কে ফেনী মুখি একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাচ্ছিলো অতিরিক্ত গতির কারণে হেলপার আবদুল্লাহ ট্রাক্টর থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, চালকের অসচেতনাতার কারণে অতিরিক্ত গতির কারনে এই দূর্ঘটনা ঘটেছে। ট্রাক্টর জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

নিহত আবদুল্লাহর বাবা মাসুদ মজুমদার বলেন, আবদুল্লাহ ট্রাক্টররের হেলপারী করে যা আয় হতো তাই দিয়ে তার সংসার কোন মতে চলতো। পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তার হারিয়ে তিনি এখন পাগল প্রায়।

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

 

ডেস্ক রিপোর্টঃ

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষ থেকে গাজিপুর খান সরকারি হাইস্কুল এন্ড কলেজ ছাত্রছাত্রীদের মাঝে “অসমাপ্ত আত্মজীবনী”,“প্রতিষ্ঠার ৪৯ বছর বিপ্লব ও মানবিকতা”,“প্রিয় বঙ্গবন্ধু” বইসমূহ বিতরণ করা হয়েছে।

কুমিল্লায় উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে উপহার ৫ লিটার তেল

 

ডেস্ক রিপোর্টঃ

বিয়ের অনুষ্ঠানে বৌভাতে গিয়ে মানুষ কতকিছু উপহার দেন! উপহারের তালিকায় সাধারণত থাকে শোপিস, শাড়ি, অলঙ্কার, নগদ টাকা কিংবা বই উপহার। তাইবলে সয়াবিন তেল! এমনই এক মজার কাণ্ড ঘটেছে সাংবাদিক সোহরাব শান্তের ছোট ভাইয়ের বিয়েতে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. মোস্তফা আলম সোহাগের বিয়ের অনুষ্ঠানের বৌভাতে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল উপহার দিয়েছেন মুরাদ মৃধা নামে এক ব্যক্তি।

মুরাদ মৃধা একটি জাতীয় দৈনিকের নাসিরনগর উপজেলা প্রতিনিধি। তার বাড়ি উপজেলার সদরে।

অভিনব উপহারের বিষয়ে সাংবাদিক মুরাদ মৃধা জানান, দেশে যে হারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া তেলের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ এটি।

এদিকে সয়াবিন তেল উপহারের বিষয়টিকে সচেতন মহল প্রাসঙ্গিক ও ইঙ্গিতবহ হিসেবে দেখছেন।

এ বিষয়ে উপস্থিত বরের বড় ভাই সাংবাদিক সোহরাব শান্ত জানান, আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে উপহার নেওয়া হয় না। তবে মুরাদ ভাইয়ের তেল উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।

প্রসঙ্গত গত শুক্রবার মো. মোস্তফা আলম সোহাগের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘোড়ায় চড়ে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন।

নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বসতঘর পুড়ে ছাই

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্র জানায়, আগুনে ওই গ্রামের সাহাব উদ্দিন, ছালাহউদ্দিন, টুকু ও নেছার উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়েছে। ঘরে থাকা সব মালামাল স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র কাপড় ও নগদ টাকা পুড়ে যায়। এতে চার পরিবারের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল জানান, শনিবার দুপুরে রান্না করছিলেন টুকুর স্ত্রী পান্না বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩০০ সেনা নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি। খবর বিবিসি।

তিনি বলেন, শুক্রবার (১১ মার্চ) ইউক্রেন সেনাদের কাছে ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, রুশ বাহিনী মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক ও শিশু সেখানে আশ্রয় নিয়েছে।

তুরস্কে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানায় আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ জন তার্কিশ নাগরিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি।

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৭১ শিশু নিহত ও শতাধিক আহত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। এরপর ইউক্রেনজুড়ে সামরিক ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে আসছেন রুশ সেনারা। জবাবে প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেন বাহিনী।

উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের কাছে একমাত্র বাংলাদেশ মডেল দেশে রূপান্তর হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে অনেকগুলো মোবাইল অপারেটর হয়েছে। সরকার প্রান্তিক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। কৃষকের সারের দাম কমানো হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ নানা খাতে উন্নতি লাভ করেছে বাংলাদেশ। চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ একমাত্র বিশ্বের কাছে মডেল দেশে রূপান্তর হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের শতবছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, একটা সময় বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততে হতো, সেদিন ফুরিয়ে গেছে, বাংলাদেশ এখন উদ্যোম সাহসে ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সুচকে বাংলাদেশ আজ রোল মডেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার), ব্যবস্থাপনার কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান শেলি, পুলিশ সুপার (পিবিআই), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক উন নবী তালুকদার প্রমুখ।

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় সিরাজ খাঁন নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। পৃথক দুর্ঘটনায় শুক্রবার রাতে ট্রাক্টর চাপায় আলমগীর হোসেন নামের আরও এক যুবক নিহত হয়েছে। নিহত আলমগীর পৌরসভার সেনেখীল গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে, সিরাজ খাঁন নোয়াখালীর বেগমগঞ্জের ছমিরমুন্সী গ্রামের বাসিন্দা।

তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ‘শুক্রবার রাতে মহাসড়কের নানকরা নামক স্থানে ট্রাক্টরের চাকার নীচে পড়ে ট্রাক্টর চালক আলমগীর নিহত হয়। এছাড়া শনিবার সকালে গাংরা এলাকায় বাস চাপায় সিরাজ খাঁন নামে এক বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় একটি বাস জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।