All posts by jitu

কুবির নওয়াব ফয়জুন্নেসা হলে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদনী আক্তার, কুবি:

বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার (১৭ ডিসেম্বর) আবাসিক হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

প্রথমে অতিথিদের বরণ করে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। যথারীতি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কারে বিতরন করা হয়৷ এরপর অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন‚ ‘নওয়াব ফওজুন্নেসা চৌধুরানী হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল। এটির নামকরণ করা হয়েছে একজন মহিয়সী নারীর নামানুসারে। এই হলের ছাত্রীরাও এই নামটিকে ধারণ করে। আমরাও এই হলের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। এই হলে এক সপ্তাহব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ এ ধরণের অনুষ্ঠান আমাদের সকলের মেধাকে আরো বিকশিত করবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন‚ ‘এই হলের সাথে আমার স্মৃতি আছে। আমি এখানে হাউজ টিউটর হিসেবে কাজ করেছি প্রথমদিকে। এই হলের কিছু সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন‚ ‘এই হলটি আমার নিকটতম প্রতিবেশি। মাত্র ২৪ পার্সেন্ট শিক্ষার্থীকে আমরা আবাসিক সুবিধা দিতে পারি। যারা আবাসিকতার সুবিধা পেয়েছো, তোমরা প্রিভিলেজড। তোমরা সুযোগটাকে কাজে লাগাও, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করো। ভালো ছাত্র-ছাত্রী মানে ভালো মানুষ, তোমাদের অর্জিত শিক্ষার আলো সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক।’

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোতালেব গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

কুমিল্লা কোটবাড়ি এরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিন্টুর নেতৃত্বে আব্দুল মোতালেব ছাত্র-জনতার ওপর আক্রমণ চালায় দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা পুলিশের জালে আটক হন মোতালেব।

তিনি বরুড়া উপজেলার আড্ডা ছোট পটিয়া গ্রামের বাসিন্দা।

বিগত ১৫ বছর সদরের এমপি বাহারের প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অভিযোগ ছিল মোতালেবের বিরুদ্ধে ।

ইউনিটি ফাউন্ডেশন ২০০১ ব্যাচের উদ্যোগে দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার:

ইউনিটি ফাউন্ডেশন ২০০১ ব্যাচের উদ্যোগে দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ৬ দলের ছয় অধিনায়কের উপস্থিতিতে এ জার্সি উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা টাইটান্সের অধিনায়ক মামুন আব্দুল্লাহ, সহ অধিনায়ক নাভিন, কুমিল্লা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক আনোয়ার আনোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর অধিনায়ক মোহাম্মদ মামুন, কুমিল্লা কিংসের প্রতিনিধি ইরফান, কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক কার্তিক চন্দ, কুমিল্লা ফাইটারস এর অধিনায়ক ছোটন ও প্রতিনিধি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ইমতিয়াজ আহমেদ জিতু, নুরুদ্দিন, শাহ ইমরান, এডভোকেট সাইফুল, আলমগীর কবির উপস্থিত ছিলেন।

দেবিদ্বারে ডাকাতির পর হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১ নং বড়শালঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের গাজী খলিলুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ অর্থ, মোবাইল, সোনা ও রুপার গহনাসহ বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে।

গত ১৪ ডিসেম্বর এ ঘটনা ঘটে। ডাকাতির পর আইনের আশ্রয় নিলে গলা কেটে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে পরিবারের সদস্যরা।

জানা যায়, গত রবিবার রাত আনুমানিক ৩ ঘটিকায় মুখোশ পরিহিত ১০-১২ জন ডাকাত বন্দুক ও দেশীয় অস্ত্রসহ বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর প্রথমে বাড়ির গৃহকর্ত্রী রাশেদা বেগমের হাত পা বেঁধে ফেলে। পরে বাড়ির গৃহকর্তা খলিলুর রহমান ও তার ছোট ছেলে গাজী আশরাফুলকেও একইভাবে বেঁধে ফেলে। এরপর বাড়ির আলমারি, শোকেস ও কাঁচের জিনিসপত্র ভাংচুর করে। এসময় তারা নগদ এক লাখ টাকা, ২টি স্মার্টফোন, ২ ভরি সোনা ও ৬ ভরি রূপার গহনাসহ আরও ২০ হাজার টাকা সমমূল্যের জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির ঘটনা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকি দেয় ডাকাতদল ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার পর নিজগৃহ ছেড়ে বড় ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন খলিলুর রহমান।

রাশেদা বেগম বলেন,” সবকিছু নেওয়ার পরেও আরো টাকার জন্য আমার গলায় ধারালো রামদা ঠেকিয়ে হুমকি দেয় এবং আমার উপর আঘাত করে, অত্যাচার করে। আবার হুমকি দিয়েছে যে আমরা যদি মামলা করি, মানুষকে জানাই তাহলে সবাইকে মেরে ফেলবে। তারা আমাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমাদের এক প্রতিবেশী এখানে জড়িত আছে বলে ডাকাতদল জানিয়ে যায়। আমরা জিডি করেছি এখন আমরা বাকিটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার চাই।

বড় ছেলে গাজী ইমরান বলেন, এই যুগেও ডাকাতি হতে পারে এটা ভাবতে কষ্ট হয়। ডাকাতরা আমার বাবা,মা ভাইকে বেঁধে ডাকাতি করেছে, ভাংচুর করেছে হত্যার হুমকি দিয়েছে। আমরা এর বিচার চাই। আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই। আমি গত দেড় বছর ধরে জাপানে আছি। পরিবারের এই বিপদের মূহুর্তে তাদের পাশে দাঁড়াতে পারছি না। গ্রামের মানুষদের বলছি দয়া করে আমাদের পরিবারের পাশে দাঁড়ান।

এ ঘটনায় দেবিদ্বার থানায় একটা অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

থানার ওসি গোলাম সারওয়ার বলেন, পরিবার একটি লিখিত অভিযোগ জানিয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আলম হাজারী বলেন, আমি বিষয়টি জানার পরেই সেখানে গিয়েছি। তদন্ত করে যারা এই কাজ করেছে তাদের ধরার চেষ্টা করতেছি। যেসব মালামাল চুরি হয়েছে সেগুলো আশেপাশের বাজারে কোথাও বিক্রি হচ্ছে কিনা খবর রাখতেছি।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, এটাতো থানার বিষয় । আপনারা ওসির সাথে কথা বলেন। ওসি যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাকে জানাইয়েন আমি কথা বলবো।

চান্দিনায় যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ৩ ইবির নেতৃত্বে যৌথ বাহিনী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হানিফ (২৬), মোবারক হোসেন (৩৩), কাউসার (২৫), জুয়েল (৩৪) এবং সোহেলকে (২২) আটক করা হয়।

তাদের কাছ হতে ২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি দা, ১ টি চাইনিজ কুড়াল, ৬ টি দেশীয় অস্ত্র, ১ টি বৈদ্যুতিক টেজার, ১ টি সুইচ ব্লেড এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক এবং সরঞ্জামাদি চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

কুমিল্লা সেনাবাহিনীর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগরে পুলিশের সাঁড়াশি অভিযান: স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদকসহ মোট ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামের মৃত মতিউর রহমান মাস্টারের ছেলে ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল (৫৫), নবীপুর গ্রামের মৃত কাজী আবুল বাশারের ছেলে ও মুরাদনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন (৪৩), উত্তর ত্রিশ গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে ও নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সুমন মিয়া (৪৪) এবং পৈয়াপাথর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ তফসির আহমেদ প্রকাশ রাব্বি (২৬)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে ফেজ-২ অভিযানে আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামেও ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত জাকির হোসেন পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচড়া পাটোয়ারীর বাড়ীর মৃত হাফেজ মিয়ার ছেলে। বুধবার (১৭ই ডিসেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ।

পুলিশ জানায়, চৌদ্দগ্রাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী বিগত আ’লীগ সরকারের সময় বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা চালিয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যায়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঁচরা রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জাকির হোসেন পাটোয়ারীকে জেলহাজতে প্রেরন করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের চৌদ্দগ্রাম পৌরসভার সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

কুমিল্লা-১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিন আজ বুধবার তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন বলে জানিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাসরীন আক্তার।

মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন- বিএনপি থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন এবং জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।

বুধবার(১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এর কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার, সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম ও শরীফ চৌধুরী ।

একইদিন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুলের পক্ষে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সুরা সদস্য খন্দকার মাওলানা আবুল বাশার, দাউদকান্দি উপজেলা নায়েবে আমির শরীফ মোহাম্মদ রোকনউদ্দিন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোখলেসুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতের ছয় নেতা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নাছরীন আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিএনপি থেকে আরো একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মারুফ হোসেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য । তিনি বলেন, আমি বিএনপি পরিবারের একজন। যেহেতু আমার বাবা শারিরীকভাবে একটু অসুস্থ তাই আমি বিকল্প হিসেবে সংগ্রহ করে রাখলাম। তবে স্বতন্ত্র প্রার্থী হবো না।

 

নড়িয়া সরকারি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নড়িয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর নড়িয়া সরকারি কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমানের নেতৃত্বে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহীন মিয়া। এছাড়াও কলেজের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস এম ছাইদুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এজন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কলেজ মাঠে শিক্ষক-ছাত্র প্রীতি ভলিবল ম্যাচ আয়োজন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।