All posts by jitu

মেঘনায় ইউএনও অফিসে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিএনপি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনসহ ইউপি সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবরুদ্ধ করে ছাত্রদলসহ বিএনপির নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস সূত্রে জানা যায় মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান, মানিকার চর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ সকল ইউপি সদস্যদের একটি অভিযোগের বিষয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব নির্ধারিত শুনানির তারিখের অংশ হিসেবে ইউএনওর দপ্তরে শুনানি চলছিল।

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন স্বৈরাচার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা রাজপথে ছিলেন। এ সময় যুবলীগের নেতারা ইউএনও অফিসে আছে সেই খবর পেয়ে ছাত্রদল সহ বিক্ষুব্ধ নেতৃবৃন্দ ইউএনও’র দপ্তরের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতারা জানতে চাইলে বিষয়টি খুলে বললে ইউপি চেয়ারম্যান সহ অন্যরা দ্রুত সটকে যায়।

এ বিষয়ে বিএনপির একাধিক নেতারা বলেন সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নাশকতা চালাচ্ছে। আমরা সরকারকে সহযোগিতা করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথ সহ প্রতিটি গ্রামে অবস্থান নিয়েছি। আর উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা আজই শুনানি করতে হবে? আসলে তিনি কি চেয়েছিলেন?

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার বলেন পূর্ব নির্ধারিত তারিখ ছিল আর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আমি শুনানি করতেছিলাম।

দাউদকান্দি বিএনপির বিক্ষোভ মিছিল

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে দাউদকান্দিতে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, বারপাড়া, গৌরীপুর বাসস্ট্যান্ড, গৌরীপুর বাজার থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে দলটি।

দাউদকান্দির গৌরীপুর-হোমনা সড়কের গৌরীপুরে উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম সরকারের নেতৃত্বে, দাউদকান্দি টোলপ্লাজায় যুবদল নেতা রোমান খন্দকারের নেতৃত্ব, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারপাড়ায় ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম খানের নেতৃত্বে, গৌরীপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল নেতা আব্দুল বাসেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতা ও অপতৎপরতার চেষ্টা করছে। আমরা দাউদকান্দির মাটিতে ফ্যাসিস্টদের কঠোর হস্তে দমন করব।

বুড়িচংয়ে সীমান্তে অনুপ্রবেশকালে বিএসএফের বন্দুকের আঘাতে বাংলাদেশি যুবক আহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বন্দুকের নলের আঘাতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম সফিক (২৯)। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক ঘটনাটি নিশ্চিত করেন। মঙ্গলবার ভোরে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা সীমান্তের ৭০ নম্বর পিলার সংলগ্ন জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ওই এলাকায় ৫-৬ জন নারী-পুরুষ মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও সফিক সীমান্তের ওপার জঙ্গলে লুকিয়ে থাকেন। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে বন্দুকের নল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে আহত অবস্থায় ফেলে যায়।

পরে সকাল ৯টার দিকে স্থানীয় মানবপাচারকারী মারুফ ও তার সহযোগীরা সফিককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সে এখন হাসপাতালে মৃত্যুশয্যায় চিকিৎসাধীন। একটি ভিডিওতে দেখা গেছে বিএসএফের বন্দুকের আঘাতে এমন হয়েছে বলে তিরি স্বীকার করেছেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে এই সীমান্ত দিয়ে মানবপাচারকারীরা সক্রিয়ভাবে মানুষ ও আ’লীগের হেভিওয়েট ব্যক্তিকে পারাপার করছে। অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও এই কাজে সম্পৃক্ত। এ এলাকায় সক্রিয় মানবপাচারকারীদের মধ্যে রয়েছেন সোসলেমের ছেলে জামাল হোসেন,মতিন কাজীর ছেলে তৌফিক, মাহবুবের ছেলে আকরাম, ওহাবের ছেলে তুহিন, হোসেনের ছেলে মারুফ হোসেনসহ আরও অনেকে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অপরাধে থানায় ও বিজিবির দপ্তরে একাধিক মামলা রয়েছে।

এদিকে, এক মাস আগে একই সীমান্তের ৭১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে দুই নারী ভারতে অনুপ্রবেশের সময় মানবপাচারকারীদের নির্যাতনের শিকার হন ও তাদের সাথে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ওই সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় পণ্যেরও আসা-যাওয়া চলমান রয়েছে।

বাকশীমূল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামসেদ চৌধুরীসহ স্থানীয় সচেতনমহলের দাবি মানবপাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন,ঘটনাটি আমরা শুনেছি, এলাকায় সবাই জানে। বিস্তারিত জানার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন,এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি এবং সরেজমিনে যাচাই করে এর সত্যতা পেয়েছি। মানবপাচারকারীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এ বিষয়ে থানার পুলিশ জানিয়েছে, সীমান্তে মানবপাচারকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলমান রয়েছে

অশোকতলায় এস এ পরিবহনে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর অশোকতলায় আদর্শ সদর আর্মি ক্যাম্প অভিযান পরিচালনা করে এস এ পরিবহনের শাখায় কার্গোতে লোডিং অবস্থায় অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে।
বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩ টায় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৭ হাজার ৮৪৮ পিস মোবাইল ডিসপ্লে, ৩৩১ পিস বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি , ৩৩৭ কেজি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট , ৬৯০ পিস ফেসওয়াশ, ১১৮০ পিস জনসন তেল, ৬০০ পিস নিভিয়া ক্রিম (ছোট), ৩৮০ পিস নিভিয়া ক্রিম (বড় ), ২৫৫০ পিস জনসন বেবি লোশন, ৩০০ পিস অলিভ অয়েল (ছোট ), ১০৮ পিস অলিভ অয়েল (বড় ), ৫৬৫ পিস শাইন ক্রিম, ডাব সাবান ২৬৪ পিস, ঝান্ডু বাম -১০০ পিস, মেহেদী -৩১২০ পিস, জনসন বেবি ক্রিম -৩৮৪ পিস, জনসন বেবি অয়েল -৭২ পিস, নবরত্ন তেল -৩০০ পিস, অমল কুল জুস -৯৬ পিস, হিমালিয়া ফেসওয়াশ -৭৬০ পিস, জিলেট রেজার -১৩১ কেজি, বারুদ বাজি -১৮৪৬ কেজি, মারবো সাবান -৮৭৫ পিস, ক্লপ জি ক্রিম -২১৮৪ পিস, বিস্কুট – ১৩ কেজি জব্দ করা হয়। উল্লেখিত জব্দকৃত সামগ্রী কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারাদেশে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যেই এবার এ ঘটনা ঘটল।

দুর্বৃত্তদের দেওয়া ওই আগুনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘন্টা ব্যাবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে তিনি রাত সোয়া তিনটার দিকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

তিনি জানায়, দুর্বৃত্তরা রেলাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীকারিরা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

লকডাউন কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কুমিল্লা জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার:

আজ ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কুমিল্লা জেলার সকল গুরুত্বপূর্ণ এলাকায়, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা বাহিনী।

বিশেষ করে মহাসড়ক, জনবহুল, আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জননিরাপত্তার স্বার্থে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে ও মহাসড়কে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক রিপোর্ট:

ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী-চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি-রানা পরিবহনের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে প্রতিদিন সন্ধ্যায় সড়কের পাশে গাড়িগুলো পার্কিং করে চালকরা বাড়িতে চলে যান। রাত ১০টায় আশপাশের মানুষের চিৎকারে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে আগুন জ্বলতে দেখি। পরে সবার চেষ্টায় পানি এনে আগুন নেভানো হয়। গাড়ির চালক বসার স্থানসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর দক্ষিণে আ.লীগ নেতা আব্দুল মালেক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আব্দুল মালেক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পশ্চিম জোড়কানন ইউনিয়ন বাগালপুর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেককে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল মালেককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়াও যেকোনো প্রকার নাশকতা ঠেকাতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।

কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার, টহল ও চেকপোস্ট কার্যক্রম বৃদ্ধি

স্টাফ রিপোর্টার:

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উদ্যোগে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও জাতীয় স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর এবং আশপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চলছে।

এছাড়া, জনসচেতনতা বৃদ্ধি, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হাজারো মানুষকে কাঁদিয়ে চৌদ্দগ্রামের লিশানও চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার:

সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পথে কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই বোন ও মা হারানো কলেজ ছাত্র শাহেদ মজুমদার লিশান মজুমদারও চলে গেছেন না ফেরার দেশে।

বুধবার (১২ই নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নিউরো সাইন্স হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত লিশান বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা গ্রামের আবদুল মন্নান মজুমদারের একমাত্র ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই সৈকত মজুমদার ও প্রতিবেশী সাংবাদিক আবু বকর সুজন।

মর্মান্তিক ঐ সড়ক দুর্ঘটনায় লিশানের বোন ফারজানা মজুমদার লিজা, ফারহানা মজুমদার টিজা, মা রিজওয়ানা মজুমদার শিল্পী, বোনের শাশুড়ি রুমি বেগম ও ননদ সাদিয়া পাটোয়ারীসহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হন।

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় গত ৫ নভেম্বর বুধবার সকালে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সাথে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। আহত হন লিশান মজুমদার, দুলাভাই উদয় পাটোয়ারী ও ভাগিনা সানাদ পাটোয়ারী।

আহতদের মধ্যে লিশানের পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথম দুইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় লিশান মজুমদারকে বুধবার সকালে ঢাকার নিউরো সাইন্স হসপিটালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। আগে স্ত্রী ও দুই মেয়ের পর একমাত্র ছেলেকে হারিয়ে পিতা আবদুল মন্নান মজুমদার এক হয়ে এখন বাকরুদ্ধ।

বুধবার সন্ধ্যায় নিহতের প্রতিবেশি সাংবাদিক আবু বকর সুজন বলেন, একটি দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সদস্য মারা যাওয়ায় একা হয়ে পড়েছেন আবদুল মন্নান মজুমদার। তাকে শান্তনা দেয়ার ভাষা কারো জানা নেই।