All posts by jitu

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আর নেই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

মরহুমের মৃত্যুতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ মাহবুব সম্রাট গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ মাহবুব সম্রাট(৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার(২২জুলাই) উপজেলার থৈরখোলা গ্রাম থেকে পুলিশ  তাকে গ্রেপ্তার করে।

মাহবুব সম্রাট তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে এবং গত বছরের ২৫ জুলাই রাত ১১টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে সন্ত্রাসীদের হাতে নিহত মামুন সম্রাটের ছোট ভাই মাহবুব সম্রাট।

বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর টু মালিগাঁও রাস্তার পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর দাড়িয়ে থাকা মাহাবুব সম্রাট পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালানোর চেষ্টা করছিল ।

পুলিশ সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে। এসময় তার কোমর থেকে গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার নামে মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

সংবাদ সম্মেলনে দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় সাপের কামড়ে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আসাদুজ্জামান ওরফে আসাদ (৬০)। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার মৃত হাজি আব্দুস সামাদের ছেলে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, নিজ বাড়ির পাশের চকের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাঁকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত রয়েছে। দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. ঝুমুর রোগীর ক্লটিং টেস্ট করিয়েছেন। প্রায় ২০ মিনিট রক্ত পর্যবেক্ষণে রাখা হলেও সাপের বিষক্রিয়ার নিশ্চিত কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি বলে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন। পরে রোগীর স্বজনেরা নিজেদের ইচ্ছায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে তাঁদের রেফার করা হয়। তবে ডা. ঝুমুর তাঁদের হাসপাতালে রেখেও পর্যবেক্ষণে রাখার সুযোগের কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ভয়ের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার বিষয়।

মুরাদনগরে এরশাদ হত্যা মামলার ১ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মণচাপিতলা গ্রামে সংঘটিত অটোরিকশা চালক এরশাদ মিয়া হত্যা মামলার আরো ১ জন আসামি ওয়ারিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়ারিশ ব্রাহ্মণচাপিতলা গ্রামের জহর সরকারের ছেলে। এর আগে গত ১৪ এপ্রিল হত্যাকাণ্ডের পরপরই সন্দেহের ভিত্তিতে সাবিবর (২৫) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বিরের স্বীকারোক্তিতে আরও কয়েকজনের নাম বেরিয়ে আসে। সেই তথ্যের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনি ও এএসআই আল আমিনসহ সঙ্গী ফোর্স ব্রাহ্মণচাপিতলা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ওয়ারিশকে গ্রেপ্তার করে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, এরশাদ মিয়া হত্যা মামলায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা দ্রুতই সবাইকে আইনের আওতায় আনবো।

দাউদকান্দিতে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলামকে (২৫) আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম কদমতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

তারেক রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন- কাজী নাহিদ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি নতুন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। দীর্ঘ ৫ মাস পর যুগপৎ আন্দোলনে আমরা যারা শরীক ছিলাম, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সকলকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে আগে জনগণের সামনে ৩১ দফা সংস্কারের যে ওয়াদা করেছেন, তা ধীরে ধীরে বাস্তবায়ন করবেন। সরকারের সমালোচনা করার এখনো সময় আসেনি। সমালোচনা অবশ্যই করবো, যদি সরকার কোন কাজে ভুল করে থাকে। দীর্ঘ ৫ মাস প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা জোট নেতারা ওনার সাথে কথা বলেছি, ওনাকে অভিনন্দন জানিয়েছি। এটা দিবালোকের মত পরিস্কার, প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্য ও উদ্দেশ্যে যেভাবে কাজ করছেন, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ সংস্কারে অবদান রাখতে পারে। যদি কোন দফায় সংস্কার করা প্রয়োজন হয়, তাহলে সেটিও করা যাবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতা নিয়েছে, একদিকে ইরান যুদ্ধ এবং বাংলাদেশে সরকারের পট-পরিবর্তনের মধ্য দিয়ে যে ঘাটতি দেখা দিয়েছিল, সেটিকে অতিক্রম করার জন্য বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে প্রাণপন চেষ্টা করছে। আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই তারেক রহমানকে। তার সফলতার জন্য। জোট নেতারা বিশ^াস করে, দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত।

কাজী মোঃ নাহিদ বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

উপজেলা জাতীয় পার্টি(জাফর) এর সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা জাপা’র সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, গুণবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, সদস্য সাইফুল ইসলাম, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন আহবায়ক আবদুল মালেক, সদস্য সচিব নুর হোসেন, জাপা নেতা নবী হোসেন, জাকির হোসেন, আবদুল লতিফ, সোলেমান মুন্সি, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক আতাউর রহমান রিপন, জাপা নেতা আবদুল মালেক, আবুল কাশেম, উপজেলা যুব সংহতির নেতা মিজানুর রহমান, আবদুল হক, উপজেলা ছাত্রসমাজের নেতা আতাউর রহমান, সাকিব হোসেন, নুর নবী, মোস্তফা প্রমুখ।

কুমিল্লা নগরীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, ৫ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজগঞ্জ, টমছমব্রিজ সড়ক এবং আশপাশের এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (২১ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন অভিযান পরিচালনা করেন।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ ও আইন প্রয়োগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

নবীনগরে দীর্ঘদিনের যানজট নিরসনে প্রশাসনের উচ্ছেদ অভিযান

 

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাজারগুলোতে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের সড়ক ও ফুটপাত দখল করে বসানো অবৈধ হকার ও দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল হাসান বলেন, বেশ কিছুদিন ধরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে রাস্তার পাশে ও অলিগলিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল। নবীনগর বাজারে যানজটের অন্যতম প্রধান কারণ ফল বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সরেজমিনে এসে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

কুমিল্লা সীমান্তে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়িসহ জব্দ করেছে বিজিবি। এসময় অবৈধ ভারতীয় শাড়ি পরিবহন করা দুইটি যানবাহন উদ্ধার করা হয় বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয় ।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। কুমিল্লা ১০ বিজিবির আওতাধীন ফেনী জেলার ফেনী সদর উপজেলার আওতাধীন গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার আওতাধীন কমুয়া বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা নামক স্থানে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় ২টি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করে। যার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

কুমিল্লা ১০ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

কুমিল্লায় হাতকড়াসহ নদীতে ঝাঁপ দিয়ে আসামির পালানোর চেষ্টা, ফের গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় হাতকড়া পরিহিত এক মাদক মামলার আসামি থানা হেফাজত থেকে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।

রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হোমনা থানা থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পালানোর চেষ্টায় সে নদীতে ঝাপ দিয়ে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উপজেলার পঞ্চবটি সোলেমান শাহ মাজার এলাকা থেকে মো. ইসলাম মিয়া (৩৫) নামে মাদক কারবারিকে ১৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে পৌর এলাকার বাগমারা গ্রামের মো. জীবন মিয়ার ছেলে।

আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলার কার্যক্রম চলাকালে হ্যান্ডকাফ পরা অবস্থায় সন্ধ্যায় দৌড়ে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুনরায় থানা হেফাজতে নেওয়া হয়।

এ দিকে হোমনা থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি টমাস বড়ুয়া জানান, ইয়াবাসহ আটক আসামি ইসলাম মিয়া পালানোর জন্য নদীতে ঝাপ দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পালানোর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকা থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো: হাসান মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। সে মনিপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মামলার রুজু সাপেক্ষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।