All posts by jitu

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. তারিকুল ইসলাম।

তিনি জানায়, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বী (রাব্বী)-এর ডিএনএ সংগ্রহের অনুমতি দেন।

তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং ফয়সাল আহমেদ রাব্বী কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর এলাকার এম এ হান্নানের ছেলে।

এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শাহিন আলম কুয়েতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, জাহিদুজ্জামানের অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন রয়েছে।

ভিত্তিহীন খবর ছড়িয়ে সকলে আমাদের পতনের অপেক্ষায় ছিল: ডি পল

ডেস্ক রিপোর্ট:

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারার একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি রানার্স-আপ হওয়ার হতাশা প্রকাশের পাশাপাশি দলের ব্যর্থতার অপেক্ষায় থাকা সমালোচকদেরও কড়া ভাষায় জবাব দেন।

ডি পল লেখেন, ‘আজ দেখছি কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে, শুধু অন্যদের সেই কষ্টকে লাঘব করার জন্য। আর্জেন্টিনার মানুষ অনুভব করছিল, তারা তা কখনো অনুভব করতে পারেনি। কারণ আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পথচলা তাদের অসহ্য লাগে। কিন্তু এসবই প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুকে জয় করতে পারে।’

তার এই বক্তব্যকে অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ফুটবলারদের উদ্দেশে বার্তা হিসেবে দেখছেন। পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে রেফারিদের পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগ এবং দলটির খেলার ধরন ও উদযাপন নিয়ে নানা সমালোচনা হয়েছিল।

তবে সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি ডি পল বিশ্বকাপ হারানোর গভীর হতাশাও প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট এই যে আমরা বিশ্বকাপটা আবার আমাদের দেশে নিয়ে যেতে পারিনি। যদি কেউ সেই অনুভূতি আবার পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেটা তোমরাই। কিন্তু সময় যত যাচ্ছে, তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু একটি ট্রফির জন্য নয়। এই কঠিন সময় পার করার শক্তি আমি সেখান থেকেই নিচ্ছি।’

শেষে তিনি যোগ করেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।’

ডি পল পোস্টটির সঙ্গে তিনটি ছবিও শেয়ার করেন। একটি ছবিতে তাকে রানার্স-আপ পদক গলায় ঝুলিয়ে গ্যালারির আর্জেন্টাইন সমর্থকদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিগুলোতে ছিল সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের উদযাপন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গোলের পর পুরো দলের উল্লাসের মুহূর্ত।

৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডি পল লিওনেল স্কালোনির সফল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারার তিক্ত অভিজ্ঞতা পেলেন। ৩২ বছর বয়সি ডি পল এখন নতুন প্রজন্মের আর্জেন্টিনা দলের অন্যতম নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত।

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানা মোড়ের ‘কিং রেন্ট-এ কার’ দোকানের সামনের রাস্তা থেকে ১৮ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন ওরফে হবি (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার জাকির মাস্টার বাড়ির মো. শাহ আলম হোসেনের ছেলে।

অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার। একই দিনে অপর দুই অভিযানে এক জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তিনি শশীদল খালেক ডাক্তারের বাড়ির মৃত জরু মিয়ার ছেলে।

অন্যদিকে, থানার এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. তুহিন আহম্মদকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তুহিন দক্ষিণ শশীদল এলাকার মৃত নেছার মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে এ্যাম্বুলেন্স চালকদের দৌরাত্নে অতিষ্ঠ সেবাগ্রহীতারা

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার ৫ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম ভরসার ঠিকানা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে উপজেলার নিয়মিত রোগী ছাড়াও প্রতিদিন সড়কে দুর্ঘটনার শিকার শত শত রোগী সেবা গ্রহণ করে এ হাসপাতালে। এছাড়াও বিগত কয়েক বছরে প্রসূতি মায়েদের রেকর্ড নরমাল ডেলিভারির মাধ্যমে ব্যাপক সূনাম ও আস্থা অর্জন করেছে এ সরকারী হাসপাতালটি।

সরকারী এ হাসপাতালটির ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগের নানান চিকিৎসা সেবা, নানান অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে বহিরাগত এ্যাম্বুলেন্স চালকদের দৌরাতœ। জরুরী বিভাগসহ রোগীদের ব্যাপক চাপ থাকায় উপজেলা সদরের একমাত্র এ্যাম্বুলেন্সটির বাইরেও বে-সরকারী মালিকানাধীন এ্যাম্বুলেন্সের ধারস্থ হয় রোগীরা। এ সুযোগে রোগীদের জিম্মি করে বাড়তি টাকা আদায়, চালক ও হেলফারদের সাথে সখ্যতা করে বখাটে ও মাদকসেবীরা প্রবেশ করে রোগীদের মোবাইল চুরি, মাদকসেবন, হাসপাতালের অভ্যন্তরে, আবাসিকে চুরিসহ নানান অপরাধের ঘটনা ঘটছে নিয়মিত। অনেক ক্ষেত্রে চালক কর্তৃক রোগীদের মারধরেরও ঘটনা ঘটেছে।

জানা যায়, সড়ক দুর্ঘটনার রোগীসহ প্রতিদিন অন্তত শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে হাসপাতালের জরুরী বিভাগে। মূমুর্ষ রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে এবং অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়। এক্ষেত্রে সরকারী একটি মাত্র এ্যাম্বুলেন্স থাকায় রোগীর স্বজনরা বাইরের বহিরাগত এ্যাম্বুলেন্সের ধারস্থ হয়। এসব বহিরাগত এ্যাম্বুলেন্স চালক কর্তৃক রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে নিয়মের বাইরে বাড়তি ভাড়া আদায়ের ঘটনা ঘটছে। হাসপাতালের নিয়মনীতির তোয়াক্কা না করে রোগীর স্বজনদের সাথে ভাড়া নিয়ে তর্কাতর্কি, একাধিক বহিরাগত এ্যাম্বুলেন্স একসাথে হাসপাতাল প্রাঙ্গনে ডুকে পড়া, সরকারী এ্যাম্বুলেন্স নষ্ট বলে রোগীদের বিভ্রান্ত করার ঘটনা প্রায়ই ঘটে।

অভিযোগ রয়েছে বহিরাগত এসব এ্যাম্বুলেন্স চালক এবং হেলপারদের অনেকের সাথে স্থানীয় বখাটে ও মাদকসেবীদের যোগসাজেস রয়েছে। ফলে নিয়মিতই হাসপাতালে আগত রোগীদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এতে করে হাসপাতালের প্রতি সাধারন মানুষের অনাস্থা ও স্বাস্থসেবা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

গত ১৮ই জুলাই চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে সেবা নিতে আসা এক রোগীর স্বজনকে মারধর করে এ্যাম্বুলেন্স চালক (ঢাকা মেট্রো ৭১-৩৩০৮)। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে রোগীর স্বজন জানান, বহিরাগত এ্যাম্বুলেন্সের চালক চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা মেডিকেলে যাতায়াতে ৩ হাজার ৫’শত টাকা ভাড়া দাবী করেন। ভাড়া বেশি হওয়ায় ঐ লোক সরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্স চালকের সাথে পরামর্শ করেন। বিষয়টি দেখে ঐ বহিরাগত এ্যাম্বুলেন্স চালক তেড়ে এসে ভুক্তভোগী রোগীর স্বজনকে মারধর করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হাসপাতালের অভ্যন্তরে বহিরাগত এ্যাম্বুলেন্স অবস্থান না করার জন্য চালক ও মালিকদের একাধিকবার মৌখিকভাবে এবং মিটিং করে অবহিত করা হলেও তাদের আচরণের কোন পরিবর্তন হয়নি। এ নিয়ে হস্তক্ষেপ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগেও একাধিকবার উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সর্বশেষ গত ১৮ই জুলাই বহিরাগত এ্যাম্বুলেন্স চালক কর্তৃক জনৈক রোগীর স্বজনকে মারধরের ঘটনাটি আমাদের নজরে আসলে আমি সাথে সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবগত করি। সরকারী হাসপাতালের অভ্যন্তরে বহিরাগত এ্যাম্বুলেন্স, দালাল এবং বখানে লোকদের অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের নিকট লিখিতভাবেও আবেদন জানিয়েছি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বহিরাগত এ্যাম্বুলেন্স, দালাল এবং বখানে লোকদের অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন পেয়েছি। এছাড়াও গত ১৮ই জুলাই বহিরাগত এ্যাম্বুলেন্স চালক কর্তৃক জনৈক রোগীর স্বজনকে মারধরের ঘটনাটিও মৌখিকভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের রোগীদের, ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে দ্রুতই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় হাম সন্দেহ ও হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

মারা যাওয়া রায়হান বরুড়া উপজেলার ইমাম হোসেনের ছেলে। হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১৫ জন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে পরীক্ষায় ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৮ জন ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই পর্যন্ত কুমিল্লায় মোট তিন হাজার ১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৪৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম সন্দেহে ১৩ জন ও হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া দুই হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং দুই হাজার ৫০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ জানান, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলার টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ জানান, মারা যাওয়া শিশুরা আগে হাম-রুবেলার টিকা পেয়েছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগের তুলনায় জেলায় হামে আক্রান্তের হার কমেছে বলে দাবি করেন তিনি।

দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনাগর ব্রিজের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দেবীদ্বার উপজেলার মৃত ফজলুল হক মুন্সির ছেলে শাহজালাল (৩৫), কুমিল্লা সদর উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) ও আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)। সোমবার (২০ জুলাই) তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, আন্ত জেলা ছিনতাইকারী চক্রের সদস্য গৌরীপুর থেকে একটি অটোরিকশা ছিনতাইকালে মডেল থানা পুলিশ ধাওয়া করে আটক করে। তাদের আটক করে থানায় নিয়ে গেলে পুলিশ জানতে পারে তিন মাস আগে দাউদকান্দি পৌরসভা থেকে এ বছর ২৪ এপ্রিল রিফাত (১৪) হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

তাদের বিরুদ্ধে রিফাত এর মা সুমি আক্তার বাদী হয়ে মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। তাদের ধরার জন্য পুলিশ খুঁজছিল। এ মামলায় তিন ছিনতাইকারী ওয়ারেন্টভুক্ত আসামি।

দাউদকান্দি মডেল ওসি সাজেদুল ইসলাম জানান, তিন ছিনতাইকারী রিফাত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা অটোরিকশা ছিনতাই করতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। বিকেলে তাদেরকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি।

আজ সোমবার (২০ জুলাই) বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল ও খাড়েরা সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

এ সব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাসমতি চাউল, বাঁজি, তালা, স্কীন ক্রিম, গাঁজা ও ইজিবাইক উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, উদ্ধারকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ৯৯ হাজার ১০০ টাকা। বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের নিরাপত্তা, পুশ-ইন, নারী-শিশু পাচার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ার টর্চার সেলে বন্দী কুমিল্লার ৬ যুবক

মনোহরগঞ্জ প্রতিনিধি:

পরিবারের দারিদ্র্য ঘোচাতে আর একটি সুন্দর ভবিষ্যতের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—গন্তব্যে পৌঁছানোর আগেই লিবিয়ায় মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে এখন তারা জিম্মি। মুক্তির জন্য দাবি করা হয়েছে দেড় কোটি টাকা। টাকা আদায়ে প্রতিনিয়ত চালানো হচ্ছে পাশবিক নির্যাতন, আর সেই নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে পরিবারের সদস্যদের কাছে। সন্তানের অসহায় আর্তনাদ দেখে প্রতিদিন ভেঙে পড়ছেন স্বজনরা।

জিম্মি হওয়া যুবকেরা হলেন—খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, স্থানীয় দালালদের মাধ্যমে জনপ্রতি ১৮ থেকে ২০ লাখ টাকা দিয়ে ইতালিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাদের মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়। প্রায় আট মাস আটকে রাখার পর সম্প্রতি আরও একটি সংঘবদ্ধ চক্রের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে একটি গোপন আস্তানায় আটকে রেখে প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা করে, মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

ছেলের নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান। বললেন, ‘দিশাবন্দ গ্রামের বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে প্রায় নয় মাস আগে তার ভাই সামছুল আলম ২০ লাখ টাকা নেন। পরে মানিকুলকে লিবিয়ায় নেওয়া হলেও সেখানে তাকে একটি দালালচক্রের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে মুক্তিপণের দাবিতে তার ছেলের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে।

একই সুরে অভিযোগ করলেন সোহেলের বাবা হারুনুর রশিদ। তার ভাষ্য, প্রায় আট মাস আগে সামছুল আলমের মাধ্যমে ১৮ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর সেও দালালচক্রের হাতে জিম্মি হয়। এখন মুক্তিপণের দাবিতে তার ওপরও নির্যাতন চালানো হচ্ছে।

পরিবারগুলোর দাবি, দালালরা ইমো ও হোয়াটসঅ্যাপে নির্যাতনের ভিডিও পাঠিয়ে দ্রুত টাকা পরিশোধের চাপ দিচ্ছে। ভিডিওতে যুবকদের আর্তচিৎকার ও নির্মম নির্যাতনের দৃশ্য দেখে পরিবারগুলোর সদস্যরা চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযুক্ত দালাল সামছুল আলম ও তার পরিবারের সদস্যরা গত ১০ থেকে ১২ দিন ধরে আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকের সঙ্গেও এখন আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

ছয় যুবককে জীবিত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভুক্তভোগী পরিবারগুলো ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তারা।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি লিবিয়ায় জিম্মি থাকা ছয় যুবককে দ্রুত উদ্ধার করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

দাউদকান্দিতে গৃহবধূঁর রহস্যজনক মৃত্যু, স্বজনদের  দাবি হত্যা 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে রুমি আক্তার (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ৬ টার দিকে  রুমির শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও রুমির স্বজনরা বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

রুমি আক্তার উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের মৃত আলমাছ মিয়ার মেয়ে। প্রায় আট বছর আগে বারোপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের মো. লিটন মিয়ার সঙ্গে প্রেম করে বিয়ে হয়। লিটন মিয়া ওই গ্রামের মো. মোতালেব দেওয়ানের ছেলে। তাঁদের সংসারে জায়ান নামের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, লিটন মিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন।

নিহতের মা নাছিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রুমি আমার একমাত্র আদরের মেয়ে। এভাবে মেয়ের মরদেহ দেখতে হবে, কখনো কল্পনাও করিনি। আমার মেয়েকে  হত্যা করা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই। এখন আমার এতিম নাতিকে কে দেখবে।

এ ব্যাপারে শশুরবাড়ীর লোকজনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন,  দাউদকান্দি-চান্দিনা সার্কেলের পুলিশ সুপার খলিলুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

কুমিল্লা টমছম ব্রীজ এলাকায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট:

নগরীর পথচারীদের নির্বিঘনে চলাচল নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

রোববার (১৯ জুলাই) বিকেলে নগরের টমছম ব্রীজ এলাকায় সড়কে এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, টমছমব্রীজ এলাকায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। অভিযানে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়, ফলে ওই এলাকায় চলাচল আরও সহজ ও স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।