All posts by jitu

চৌদ্দগ্রামে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে নারী সমাবেশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার জেলা তথ্য অফিসের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, দুর্নীতি প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাঈদ আল মনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফারুক আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী।

ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তাগণ আগামী ১২ অক্টোরব শুরু হতে যাওয়া ৯ মাস থেকে ১৫ বছর সকল শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

কুবির বাসকে ট্রাকের ধাক্কা, আহত ৪

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ভাড়ায় চালিত ৪ নম্বর বাস পদুয়ার বাজার যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থী নিয়ে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিল বাসটি। বেলতলি বিশ্বরোডের ইউটার্নে ঢোকার সময় একই অভিমুখী একটি ট্রাক এসে বাসের সামনের অংশে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। জানা যায়, ট্রাকটিকে তাড়া করা হলেও ধরা সম্ভব হয়নি।

আহতদের মধ্যে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুককে কুমিল্লার মাতৃছায়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফজাল হোসাইন দুর্ঘটনার অভিজ্ঞতা ফেসবুকে বর্ণনা করে লিখেছেন, ‘এমনিতেই বাসের ফিটনেস নেই, তার ওপর দরজায় ঝুলে ঝুলে আসতে হয়। আমি দরজায় ছিলাম। বেলতলি বিশ্বরোডে ইউটার্ন নেওয়ার সময় একটা ট্রাক বাসের সামনের অংশে ধাক্কা দেয়। আর কয়েক সেন্টিমিটার এদিক-সেদিক হলে হয়তো আমার গায়ের ওপর দিয়েই যেত। বাসের গ্রিপ না থাকলে হয়তো ট্রাক বা বাসের নিচে চাপা পড়তাম।’

আশিক আলম নামে আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে “মুড়ির টিন” আখ্যা দিয়ে লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার পরও কি প্রশাসনের টনক নড়বে?’

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মূলত সরকারের পক্ষ থেকে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় এই বাসগুলো পরিবর্তন করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের নিরাপদ ও সঠিক সেবা দেওয়ার জন্য আমরা বাস সংস্থার ওপর চাপ দিচ্ছি। এ বিষয়ে আগামী বুধবার তাদের আবারও ডাকা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সংক্ষেপে বলেন, ‘এ বিষয়ে পরিবহন পুলের উত্তরই আমার উত্তর।’

পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন ভণ্ডুলের চক্রান্তে সজাগ থাকার আহ্বান– কুমিল্লায় বুলু

স্টাফ রিপোর্টার:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “পিআর পদ্ধতি মানুষকে বোকা বানানোর একটি ফাঁদ। এটি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। পিআর পদ্ধতির নামে আজ কিছু ধর্ম ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, “পিআর পদ্ধতি এই উপমহাদেশের কোথাও নেই। ভারতকে বলা হয় গণতন্ত্রের আতুরঘর, কিন্তু সে দেশেও কেউ পিআর পদ্ধতি চেনে না। নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের নামে যারা ভোট পেছাতে বা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সরলমনা মা-বোনদের ধর্মের নামে প্রলোভন দেখিয়ে যারা ভোট চায়, তাদের বিরুদ্ধেও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বলা হচ্ছে, জামায়াত করলে বেহেশতে যাওয়া যাবে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিপজ্জনক।”

সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা নগরের টাউনহল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন-চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস‌্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন-বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ‌্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ,জেলা বিএনপির সদস‌্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব,কেন্দ্রীয় বিএনপির সদস‌্য এড সাবেরা আলাউদ্দিন হেনা,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক এর সভাপতিত্বে ও সদস‌্য সচিব সফিউল আলম রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সস্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা বিএনপিনেতা হাজী জসিম উদ্দিন,সাবেক জেলা সদস‌্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন,জেলা বিএনপিনেতা মোস্তফা জামান ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী,নারীনেত্রী সাকিনা বেগম,বিএনপিনেতা মাহাবুব চৌধুরীসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

হোমনায় ২০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারি আটক

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মোঃ সুজন (২০) নামের এক মাদক কারবারি কে আটক করেছে হোমনা থানা পুলিশ। আটককৃত সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

সোমবার (২৫ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানাযায়, সোমবার সকালে এসআই জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক সুজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিছু ধাওয়া করে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে তল্লাশি করে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয় ও গাড়িটিকে জব্দ করা হয়।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বিশ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালকক সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পদুয়ারবাজারের ইউটার্ন সরানো হবে, নুরজাহান হোটেল ও পাম্পে থাকবে না কাউন্টার

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে ইউটার্নের বিকল্প হিসেবে একটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের সমিতির কার্যালয়ের মুখে ইউটার্নটির সামনে থেকে সর্বোচ্চ ৫০০ মিটার সামনে নতুন ও প্রশস্ত করে নির্মাণ করা হবে এই ইউটার্ন। মহাসড়কের দুর্ঘটনাস্থলটি পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, নতুন যে ইউটার্নগুলো করা হবে সেগুলো একটু বেশি প্রশস্ত করে নির্মাণ করা হবে। নতুন নির্মিত ইউটার্নগুলোর এলাকায় একটি করে লেন বৃদ্ধি করা হবে, যেন যানবাহন গুলো ঘুরে আসতে কোন ধরনের বিঘ্ন না ঘটে। খুব দ্রুত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল বিভাগের সমন্বিত মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় জানানো হয়, মহাসড়কের পাশে কোনো হোটেল রেস্টুরেন্ট বা রিফুয়েলিং স্টেশন থেকে বাস কাউন্টার সরাতে হবে। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের পদুয়ারবাজারের দক্ষিণ পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে সকল ধরনের কাউন্টার ও বাস স্টপেজ সরানো হবে। আলেখার চর এলাকায় যেসব বাস কুমিল্লা শহর থেকে ঢাকামুখী লেনে চলাচল করে সেসব যানবাহনের জন্য যুদ্ধজয় ভাস্কর্যের সামনে থেকে আরও দক্ষিণে একটি নিরাপদ ইউটার্ন নির্মাণ করা হবে।

সভায় আরও জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে যে ইউলুপ নির্মাণের কাজ চলছে তার পঁচিশ শতাংশ সম্পন্ন হয়েছে। ৫৭টি আপত্তির মধ্যে একটি আপত্তির শুনানি করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সকল আপত্তির শুনানি শেষ করে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় অংশ নেন জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা সেনাবাহিনীর ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মো. ফারুক আলম, আদর্শ সদর, সদর দক্ষিণ, চান্দিনা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন মালিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে ইউটার্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় একই পরিবারের চারজন। এর পর থেকে পদুয়ারবাজার পল্লী বিদ্যুতের সামনে ইউটার্নটি বন্ধ করে দিয়ে দয়াপুর ইউটার্ন দিয়ে সাময়িকভাবে যান চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়। নতুন ইউটার্ন নির্মাণ না হওয়া পর্যন্ত দয়াপুর ইউটার্ন দিয়ে যানবাহন চলাচল করতে হবে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দেওয়ার বিষয়ে পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, লুট হওয়া পিস্তলের জন্য ৫০ হাজার, শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য এক লাখ ৫০ হাজার, এলএমজির জন্য পাঁচ লাখ, প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার তথ্য গোপন রাখা হবে। নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করবো।

এর আগে ১০ আগস্ট জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরগুলোতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এতে নিয়োগ বাণিজ্য হলে সে খবর জানান। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, চেয়ারে বসার পর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন গজিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজিতে জড়িত হলে জানাবেন। উপদেষ্টার কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন। তবে ভুল খবর না প্রকাশের অনুরোধ করেন তিনি।

গাজীপুরের এসপি ঢাকায় থাকেন। গাজীপুরে প্রবেশ ও বের হওয়ার সময় তিনি এক পাশের রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন, একটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের এসপিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

ভারতে গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বিজিবি-বিএসএফের মধ্যেও যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

মব একেবারে নির্মূল না হলেও, কমে এসেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবো।

বুড়িচংয়ে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহ পরান এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে আটটায় কুমিল্লা থেকে মোটরসাইকেল দিয়ে দেবিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল সাদ্দাম হোসেন। পথমধ্যে কংশনগর মেতিরাফ মসজিদের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক সড়কের উপরে পড়ে গেলে লরির একটি চাকা তার মাথাকে পৃষ্ঠ করে দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ময়নামতি হাইওয়ে থানার সার্জেন্ট শাহপরান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটিকে চাপা দেওয়া অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অসহায় মানুষের পাশে দুর্বার বাংলাদেশ: প্রজেক্ট স্বাবলম্বী উদ্যোগে রিকশা প্রদান

স্টাফ রিপোর্টার:

অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে চলা মানবিক ও সমাজসেবামূলক সংগঠন “দুর্বার বাংলাদেশ” এবার তাদের বিশেষ কর্মসূচি “প্রজেক্ট স্বাবলম্বী”-এর আওতায় এক অসচ্ছল ব্যক্তিকে রিকশা প্রদান করেছে। সমাজে স্বাবলম্বী মানুষ তৈরির লক্ষ্যে এই প্রকল্পের এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এই আয়োজনটি সম্প্রতি কুমিল্লায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার বাংলাদেশের উপদেষ্টা সাদমান সারার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত, পরিচালক আকিব হাসান, ভারপ্রাপ্ত সভাপতি আলম মহিউদ্দিন আজম, সাধারণ সম্পাদক মইন নাসের খান রাফি, এবং সংগঠনের অন্যান্য সদস্য অহনা, মিলি, শতাব্দী, রাত্রি, মেহজাবীন, বিপুল, আবির ও ওমর সহ আরও অনেকে। সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য হলো অসহায় মানুষদের স্বনির্ভর করে তোলা।

দুর্বার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত বলেন, “আমরা চাই মানুষ শুধু সাহায্যের উপর নির্ভরশীল না থেকে নিজে উপার্জনের সুযোগ পাক। প্রজেক্ট স্বাবলম্বী শুরু থেকেই সেই চিন্তা থেকে পরিচালিত হচ্ছে। আজ যে মানুষটিকে রিকশা দেওয়া হলো, তিনি এখন নিজে উপার্জন করে পরিবারকে সহায়তা করতে পারবেন এটা আমাদের জন্য গর্বের।”

উপদেষ্টা সাদমান সারার বলেন, “দুর্বার বাংলাদেশ শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনতেই কাজ করে যাচ্ছে। প্রজেক্ট স্বাবলম্বী আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। আজকের এই রিকশা প্রদানের মাধ্যমে একজন মানুষ তার জীবনে নতুন আশার আলো খুঁজে পেয়েছেন।”

তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে, যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে একমত হন যে, সমাজে পরিবর্তন আনতে হলে শুধু দান নয়, আত্মকর্মসংস্থান ও সুযোগ তৈরির মতো কার্যক্রমই বেশি কার্যকর। দুর্বার বাংলাদেশ ঠিক সেই জায়গাটিতেই কাজ করছে। এ ধরনের কর্মকাণ্ড কেবল ব্যক্তি নয়, একটি পরিবারের ভবিষ্যৎও বদলে দিতে পারে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “প্রজেক্ট স্বাবলম্বী” আগামীতে সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসার পুঁজি এবং অন্যান্য স্বনির্ভর উপকরণ প্রদান কর্মসূচিও চালু করতে যাচ্ছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক মইন নাসের খাঁন রাফি বলেন,“আমাদের লক্ষ্য সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনা। দুর্বার বাংলাদেশ সে লক্ষ্যেই কাজ করছে। আমরা শুধু সমস্যার কথা বলি না, তার সমাধানেও এগিয়ে যাই।”

সচেতন ও মানবিক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়। দুর্বার বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়, সহযোগিতা পেলে ভবিষ্যতে এই উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

ছবিতে যে ইউটার্ন দেখা যাচ্ছে কুমিল্লায় সেরকমই ইউটার্ন নির্মাণ করা হবে

স্টাফ রিপোর্টার:

পদুয়ার বাজার ইউটার্ন শিগগিরই একটু পূর্বদিকে স্থানান্তর করা হবে। নিরাপদ ইউটার্ন গড়ে তোলার বিষয়ে সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত। ছবিতে যে ইউটার্ন দেখা যাচ্ছে সেরকমই ইউটার্ন নির্মাণ করা হবে।

নুরজাহান হোটেলের সামনে কোন বাস কাউন্টার থাকবে না। হোটেল থেকে সকল গাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে আসবে। সেজন্য আইদি পরিবহনসহ অন্যান্য বাসের যে কাউন্টার গুলো রাস্তায় জ্যাম সৃষ্টি করে সেগুলো তুলে দেয়া হবে।

সড়কে এখন থেকে উল্টো পথে গাড়ি চালালেই জরিমানা। ইউলুপ নির্মাণে ৫৭টি আপত্তি শিগগিরই নিষ্পত্তি করে তিন মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।

রোববার (২৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান- রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ছয়ঘড়িয়া এলাকায় একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল নিহত হয়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। সকাল ১১টায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করে। তারপর থেকে ধীর গতিতে
যান চলাচল শুরু করে। দুপুর ১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।